চেলসির ইউরোপা কাপ জয়ের পেছনে রাফায়েল বেনিতেজের অবদান অনেক। আমস্টারডাম অ্যারেনায় গত বুধবার রাতের ফাইনালে বেনিফিকাকে ২-১ গোলে হারানোর পর দলের কোচের প্রশংসায় এমনটাই বললেন ‘ব্লুজ’ ডিফেন্ডার গ্যারি কাহিল। কাহিল বলেন, ‘লিগ টেবিলে আমাদের অবস্থান এবং মাত্রই একটা শিরোপা জয়। এর পেছনে বেনিতেজের যে অবদান তাতে সে কৃতিত্ব পেতেই পারে।’ কাহিলের সঙ্গে সুর মেলালেন চেলসি গোলরক্ষক পিওতর চেকও। চেক বলেন, ‘সে যখন আসে তখন থেকেই আমরা বলছি আমাদের উন্নতি করতে হবে। আমরা একটা ট্রফি জিততে চেয়েছিলাম আর সেটা আমরা পেরেছি।’ ইউরোপের শীর্ষ পর্যায়ে দারুণ সফল এই কোচ এই শিরোপার মাধ্যমে ইতিহাসের মাত্র চতুর্থ কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা কাপের পর জিতলেন ইউরোপা কাপও। তবে এরপরও হয়তো চেলসিতে থাকা হচ্ছে না তার। সমর্থকদের আচরণে ক্ষুব্ধ বেনিতেজ এরই মধ্যে জানিয়ে দিয়েছেন পরের মৌসুমে আরেকটি ইংলিশ ক্লাবের দায়িত্ব নিতে চান তিনি।
