মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানাবেন বেকহ্যাম

আপডেট : ১৬ মে ২০১৩, ২১:৫৬
ডেভিড বেকহ্যাম জানান, চলতি মৌসুম শেষে তিনি পেশাদার ফুটবল থেকে অবসর নিবেন। বর্তমানে ৩৮ বছর বয়সী এই ফুটবলার সম্প্রতি প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে লিগ শিরোপা জয় করেন। তিনিই প্রথম ইংলিশ খেলোয়াড় যিনি চার দেশের হয়ে ভিন্ন ভিন্ন লিগ জয়ের স্বাদ পেয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডে ক্যারিয়ার শুরুর পর তিনি বিশ্বতারকা খ্যাতি অর্জন করেছিলেন। গতকাল বৃহস্পতিবার বেকহ্যাম বলেন, ‘আমি পিএসজিকে ধন্যবাদ জানাই খেলাটি ধরে রাখার সুযোগ করে দেয়ায়। কিন্তু আমি অনুভব করছি সর্বোচ্চ পর্যায়ে খেলে ক্যারিয়ার শেষ করার সঠিক সময় এটাই।’ বেকহ্যাম ইউনাইটেড ছাড়া রিয়াল মাদ্রিদ, লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি এবং পিএসজির হয়ে লিগ শিরোপা জয়ের কৃতিত্ব দেখান।