নোভাক জোকোভিচ এবং টমাস বার্ডিচ গতকাল বৃহস্পতিবার সহজ জয়ে রোম মাস্টার্স টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তবে পিঠের ইনজুরির কারণে গত বুধবার টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তৃতীয় বাছাই অ্যান্ডি মারে। অন্যদিকে মহিলা এককের দ্বিতীয় রাউন্ডে প্রত্যাশিত জয় পেয়েছেন ফেভারিটদের সবাই।
তৃতীয় রাউন্ডের লড়াইয়ে গতকাল জোকোভিচের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইউক্রেনের আলেক্সান্দার দলগোপোলভ। মাদ্রিদ ওপেনের হতাশা কাটিয়ে উঠতে বদ্ধপরিকর জোকোভিচ ৬-১, ৬-৪ গেমে উড়িয়ে দিয়েছেন তাকে। এদিকে দিনের অন্য ম্যাচে বার্ডিচের প্রতিপক্ষ ছিলেন দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম সেটে তাকে ৭-৫ গেমে হারানোর পর ৬-২ গেমে দ্বিতীয় সেটটিও জিতে নেন বার্ডিচ।
৬-৪, ৭-৬ (৭-৩) গেমে বেনোয়েট পাইরিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন হুয়ান মার্টিন দেল পোত্রোও।
তবে মাদ্রিদের পরে রোমেও হতাশা নিয়েই বিদায় নিতে হলো মারেকে। তবে হারের হতাশা নয়, ইনজুরির কাছে হার মেনে কোর্ট ছাড়েন তিনি। এই ইনজুরির কারণে অনিশ্চিত হয়ে পড়েছে মারের ফ্রেঞ্চ ওপেন যাত্রাও। রোলা গারোতে যাওয়ার ব্যাপারে সন্দিহান মারে নিজেও। তিনি বলেন,‘যদি প্যারিসে যেতে পারি তাহলে আমি নিজেও অবাক হয়ে যাবো। কাছের মানুষদের সঙ্গে আলোচনা করেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে।’
তবে মারের হতাশার দিনে প্রত্যাশিত জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করেছেন দুই স্প্যানিশ রাফায়েল নাদাল এবং ডেভিড ফেরার। দুর্দান্ত ফর্মে থাকা নাদাল তার দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ আর্নেস্ত গুবলিসকে উড়িয়ে দিতে মাত্র ঘণ্টাখানেক সময় নেন। অন্যদিকে প্রথম সেটে হেরে গেলেও ফার্নান্দো ভারদেস্কোকে শেষ পর্যন্ত হারাতে সক্ষম হন ফেরার।
মেয়েদের এককে প্রত্যাশিতভাবেই তৃতীয় রাউন্ডে উঠেছেন মারিয়া শারাপোভা, ভিক্টোরিয়া আজারেঙ্কা ও লি না। মাদ্রিদ ওপেনের ফাইনালিষ্ট শারাপোভা নিজের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পেয়ে যান স্পেনের গার্বিন মুগুরুজাকে। প্রতিপক্ষ সহজ হওয়ায় জয় পেতে মোটেও সমস্যা হয়নি হার্টথ্রব শারাপোভার। ৬-২ ও ৬-২ গেমে ম্যাচ জিতে নেন তিনি। এজন্য শারাপোভার সময় লেগেছে ১ ঘণ্টা ৪ মিনিট।
