ট্রাইব্যুনাল গেট থেকে অপহূত সুখরঞ্জন কলকাতার জেলে

আপডেট : ১৬ মে ২০১৩, ২২:০৬
জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের গেট থেকে অপহূত হয়ে বর্তমানে দমদম জেলে বন্দি আছেন সুখরঞ্জন বালী। এ ঘটনা প্রকাশের পর তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ ও ভারতীয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গতকাল বৃহস্পতিবার এইচআরডব্লিউ’র এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রবেশমুখ থেকে বাংলাদেশের পুলিশ আটক করে। বাংলাদেশে কিছুদিন বন্দিও ছিলেন তিনি। এর পরে তাকে জোর করে সীমান্ত পার করে ভারতে পাঠানো হয়। সেখানে তাকে বিএসএফ আটক ও নির্যাতন করে। পরে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। এইচআরডব্লিউ’র এশিয়া বিষয়ক পরিচালক ব্রাড এডামস বলেন, যুদ্ধাপরাধের বিচার চলাকালে এভাবে সাক্ষী অপহরণের ঘটনা রাষ্ট্রপক্ষ, বিচারক ও সরকারের আচরণের বিষয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। কারা এ অপহরণের নির্দেশ দিয়েছে এবং কিভাবে শীর্ষ কর্মকর্তারা জড়িত হয়েছেন এ ধরনের অনেক প্রশ্নেরও জন্ম দিয়েছে এ ঘটনা। এডামস বলেন, অপহরণকারীরা মনে করেছিল ভারতে পাঠিয়ে দেয়ার ফলে বিএসএফই তাকে মেরে ফেলবে। অথবা সে স্থায়ীভাবে গুম হয়ে যাবে। গত ৫ নভেম্বর সাঈদীর পক্ষে সাক্ষ্য দেয়ার জন্য ট্রাইব্যুনালে আনা হচ্ছিল বালীকে। যদিও তিনি ছিলেন রাষ্ট্রপক্ষের তালিকার সাক্ষী। গেট থেকে সাদা পোশাকের পুলিশরা তাকে পুলিশ ভ্যানে তোলে। সেখান থেকে তাকে পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে কয়েক সপ্তাহ আটকে রাখা হয়। আদালতের প্রবেশমুখে সেদিন উপস্থিত অনেকে এ অপহরণ দেখেছিলেন বলে দাবি করেছিলেন। আসামিপক্ষ এ অভিযোগ তদন্তের জন্য ট্রাইব্যুনালে আবেদন করেছিলো। কিন্তু ট্রাইব্যুনালের বিচারকরা কোনো তদন্ত কমিটি গঠন না করে রাষ্ট্রপক্ষকে খোঁজ-খবর নিতে বলে। রাষ্ট্রপক্ষ কয়েক ঘণ্টা পর ফিরে এসে জানায় আসামিপক্ষের এ অভিযোগ সত্যি নয়।