পোশাক শ্রমিকদের আঙ্গুলের ছাপসহ যাবতীয় তথ্য সংরক্ষণের জন্য ডাটাবেজ তৈরি করছে মালিকদের সংগঠন বিজিএমইএ। ৩০ জুনের মধ্যে এ ডাটাবেজের কাজ শেষ করা হবে। এছাড়া ১৫ জুলাই থেকে পোশাক শ্রমিকদের সার্ভিস বুক চালু করা হবে। এ দুটি বিষয় নিয়ে ২০ মে আশুলিয়াস্থ সকল পোশাক কারখানার মানবসম্পদ (প্রশাসন) এবং আইটি কর্মকর্তাদের নিয়ে বিজিএমইএ তার কার্যালয়ে এক সভার আয়োজন করতে যাচ্ছে। আশুলিয়া শিল্পাঞ্চলের শান্তি-শৃঙ্খলার বজায় রাখতে গঠিত আঞ্চলিক ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সভায় বুধবার এ সিদ্ধান্ত হয়েছে।
আশুলিয়ার একটি কারখানা প্রাঙ্গণে আয়োজিত সভায় স্থানীয় সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ সভাপতিত্ব করেন। সভায় বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম, বিজিএমইএ’র সাবেক সভাপতি এবং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বর্তমান সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ কে আজাদ, আশুলিয়া শিল্প এলাকার প্রায় ৭০ থেকে ৮০ জন পোশাক শিল্প উদ্যোক্তা, শিল্প পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, এখন থেকে প্রতিটি কারখানার শ্রমিকরা কারখানায় কার্ড পাঞ্চ করে প্রবেশ ও বের হচ্ছে কি না, তা কারখানা কর্তৃপক্ষ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।
