সলিমুল্লাহ এতিমখানায় দ্রুত খাদ্য সরবরাহে হাইকোর্টের নির্দেশ

আপডেট : ১৬ মে ২০১৩, ২২:০৭
আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় এতিমদের জন্য দ্রুত খাদ্য সরবরাহের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এজন্য শিগগিরই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে এতিমখানার ব্যবস্থাপনা কমিটির প্রেসিডেন্ট ও সেক্রেটারিকে নির্দেশ দেয়া হয়েছে। এ আদেশ বাস্তবায়ন করে ২০ মে আদালতে এ বিষয়ে তাদেরকে প্রতিবেদন দাখিল করারও নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেন। মুরসালিন খানের পক্ষে আদালতে রিট আবেদন দায়ের করেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট এডভোকেট মনজিল মোরসেদ। আদেশের পর মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, এতিমখানার ব্যবস্থাপনা কমিটির প্রেসিডেন্ট খাজা জাকী আহসানুল্লাহ ও সেক্রেটারি আনিসুর রহমান দুর্নীতি করছেন এমন অভিযোগের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন করে। এতে ক্ষুব্ধ হয়ে ওই দুইজন প্রতিষ্ঠানটির খরচ নির্বাহের জন্য ব্যাংক থেকে টাকা উত্তোলন বন্ধ করে দেন। এতে বিপাকে পড়েন এতিমরা। এতিমদের এই দুর্দশা নিয়ে সমপ্রতি একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ যুক্ত করে এ রিট করা হয়। এদিকে এইচআরপিবির পক্ষ থেকে বুধবার এতিমখানার ২৫০ জন শিক্ষার্থীর জন্য ২ বেলা খাবারের ব্যবস্থা করা হয় বলে জানান তিনি।