চার বছরে কল্যাণ সুবিধা পেয়েছেন ৪৩ হাজার শিক্ষক-কর্মচারী

আপডেট : ১৭ মে ২০১৩, ২১:১৯
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, গত চার বছরে ৪৩ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ সুবিধা পেয়েছেন। অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধা প্রদানে বর্তমান সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। ১৯৯৭ থেকে ২০০৮ পর্যন্ত ১১ বছরে কল্যাণ ট্রাস্ট ২৭৯ কোটি টাকা প্রদান করেছে। অথচ বর্তমান সরকারের আমলে গত চার বছরে প্রায় ৪৩ হাজার জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে কল্যাণ সুবিধা বাবদ ৫৭২ কোটি টাকা প্রদান করা হয়। শুক্রবার আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত হজ্ব গমনেচ্ছু অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে কল্যাণ সুবিধার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন। পবিত্র হজ্বযাত্রী ৬২৬ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর মধ্যে ১৫ কোটি ১৭ লাখ টাকার চেক প্রদান করা হয়। শিক্ষা সচিব ও কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এমপি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু, অধ্যাপক মিজানুর রহমান সিকদার প্রমুখ বক্তব্য রাখেন।