সংলাপ চাইলে সংসদে আসুন :- নানক

আপডেট : ১৭ মে ২০১৩, ২১:২০
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বঙ্গবন্ধু এভিনিউ বা পল্টন নয়, সংলাপ জাতীয় সংসদেই হবে। সংসদের বাইরে কোনো আলোচনা হবে না। সংলাপের জন্য আমরা সংবিধান লঙ্ঘন করতে পারি না। সংলাপ চাইলে বিএনপিকে সংসদে আসার আহ্বান জানান তিনি। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে প্রধানমন্ত্রীর ৩২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী বাজেট অধিবেশনে বিরোধী দলকে আলোচনায় যোগদানের আহ্বান জানিয়ে নানক বলেন, যদি কোন প্রস্তাব থাকে সংসদে আসুন। আমরা আলোচনা করতে পারি। সেখানেই আগামী নির্বাচন কিভাবে হবে সে বিষয়ে কথা হতে পারে। ছাত্রলীগ সভাপতি এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, বেবী মওদুদ এমপি, বিটিভির মহাপরিচালক ম. হামিদ প্রমুখ।