রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিটের শুনানিতে দলটির কৌঁসুলি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেছেন, জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনের (ইসি) শর্ত পালন করে গঠনতন্ত্রে অনেক সংশোধন এনেছে। গঠনতন্ত্রের সংশোধনের বিষয়টি নির্বাচন কমিশন অবহিত আছে এবং কমিশন তখন সন্তুষ্ট হয়েছিল বিধায় সাময়িক নিবন্ধন সনদ দিয়েছিল। তিনি বলেন, নির্বাচন কমিশন এ পর্যন্ত ৩৮টি রাজনৈতিক দলকে সাময়িক নিবন্ধন দিয়েছে। বড় বড় রাজনৈতিক দলগুলোও সাময়িক নিবন্ধন সনদের ভিত্তিতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল-হককে নিয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে বৃহস্পতিবার এ শুনানি অনুষ্ঠিত হয়।
