জবিতে কর্মচারীর ছুরিকাঘাতে সহকর্মী খুন, গ্রেফতার ১

আপডেট : ১৭ মে ২০১৩, ২১:২১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক কর্মচারীর ছুরিকাঘাতে কামাল (২২) নামের আরেক কর্মচারী খুন হয়েছেন। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণি কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে। ঐ বিশ্ববিদ্যালয়ের আরেক কর্মচারীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি আবু বক্কর সিদ্দিক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কামাল হোসেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের চতুর্থ শ্রেণির কর্মচারী। কামালের বাড়ি চাঁদপুরে। ইকবাল হোসেন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীর পাশাপাশি চতুর্থ শ্রেনি কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক। পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চতুর্থ শ্রেণির এক কর্মচারীর স্ত্রীর সঙ্গে ইকবালের অনৈতিক সম্পর্ক রয়েছে। এ বিষয়টি ইকবাল জানার পর ক্যাম্পাসে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে তিনি প্রচার করেন। এ নিয়ে ইকবাল ও কামালের মধ্যে ক্যাম্পাসে কয়েকবার কথা কাটাকাটি হয়। গতকাল সকাল নয়টার দিকে কামালকে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের (ক্যানটিন) দ্বিতীয় তলায় ডেকে নেন ইকবাল। অন্যের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের বিষয়টি প্রচার না করার জন্য বলতেই দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইকবাল কামালের পেটে উপর্যুপরি ছুরি চালিয়ে পালিয়ে যান। কামালের চিত্কারে অন্য কর্মচারীরা ছুটে আসেন। তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান তারা। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। কোতোয়ালি থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, প্রাথমিকভাবে ইকবালের পাশাপাশি রসায়ন বিভাগের ঐ কর্মচারী ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর ইকবাল হোসেনকে গ্রেফতার দেখানো হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক অশোক কুমার সাহা জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।