টাকার জন্য বাবার সঙ্গে অপহরণ নাটক

আপডেট : ১৭ মে ২০১৩, ২১:২২
বাবার কাছ থেকে ছেলের মুক্তিপণ হিসেবে চাওয়া হয়েছে ২৫ লাখ টাকা। অসহায় বাবা ছেলেকে উদ্ধারে যান র্যাবের কাছে। কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে আসে সাপ। জানা গেল, ওই স্কুল ছাত্র নিজেই তার তিন বন্ধুর সহযোগিতায় সাজিয়েছে অপহরণ নাটক। বনানী বিদ্যা নিকেতনের ওই ছাত্রের নাম মাহাদি হাসান। পড়ে নবম শ্রেণীতে। গত বুধবার সে তার বন্ধুদের সঙ্গে পরামর্শ করে আত্মগোপন করে বাড্ডার শাহাজাদপুরের একটি বাসায়। র্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান বলেন, গত বুধবার দুপুরে মাহাদি তার বন্ধু হাবিব, ইসমাইল ও শফিউদ্দিনকে নিয়ে শাহাজাদপুরের ওই বাসায় আত্মগোপন করে। পরে তার বাবা সলিমুল্লাহ’র কাছে ফোন করে জানানো হয় মাহাদিকে অপহরণ করা হয়েছে। তাকে জীবিত ফিরে পেতে ২৫ লাখ টাকা দিতে হবে। এই ঘটনার পর সলিমুল্লাহ গুলশান থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ঘটনার পর র্যাবের একটি টিম ওই মোবাইল ফোনে যোগাযোগ করে মুক্তিপণের ২৫ লাখ টাকা দেয়া হবে বলে জানায়। বৃহস্পতিবার দুপুরে র্যাবের টিমটি শাহাজাদপুরে মাহাদিরের বন্ধু সানির বাসায় অভিযান চালায়। মাহাদি ও তার তিন বন্ধু বাসা থেকে পালানোর সময় র্যাব তাদের আটক করে।