ফুটবল কিংবদন্তী পর্তুগালের ইউসেবিওর পায়ের কারুকাজ এখন ইরানী ফুটবলে। কিংবা ইরানীদের পায়ে পর্তুগীজ ফুটবল। কথাটা যেভাবেই বলা হোক না কেন ইরানী মহিলা ফুটবলে চলছে পর্তুগীজ বিপ্লব। কারণ মধ্যপ্রাচের ফুটবল আর ইউরোপীয়ান ফুটবলের মধ্যে একটা ব্যবধান রয়েছে। ইরানী মেয়েদের পায়ে ইউরোপীয় স্টাইল ধরিয়ে দিতে চান পর্তুগীজ কোচ হেলেনা কস্তা।
ইরান এই পর্তুগীজ কোচকে গত অক্টোবরে দায়িত্ব দিয়েছে। এরই মধ্যে পরিবর্তন আনতে শুরু করলেও হেলেনা কস্তা বলছেন, ‘এতো স্বল্প সময়ে আমূল পরিবর্তন সম্ভব না। আরো সময় লাগবে।’ গত বছর অক্টোবরে ইরান মহিলা ফুটবলের দায়িত্ব নিয়েছেন ৩৫ বছর বয়সী হেলেনা। তার কাছে তালিম নিয়ে ইরানী মহিলা ফুটবলাররা এখন আগের চেয়ে বেশি পরিপক্ব। সেটা চোখে পড়েছে ইরান ফুটবল নীতি নির্ধারকদের। ইরান এক বছরের চুক্তির মেয়াদ বাড়িয়ে তিন বছরের জন্য তাকে দায়িত্ব দিতে চায় বলে গতকাল দুপুরে গুলশানস্থ হোটেলে বসে আলোচনায় জানিয়েছেন হেলেনা।
পর্তুগাল জাতীয় মহিলা ফুটবল দলে খেলেননি হেলেনা। ক্লাব ফুটবলে খেলেছেন এই স্ট্রাইকার। হাঁটুর চোটের কারণে ছিটকে গিয়েছিলেন। এরপর থেকেই কোচিং পেশায় ঢুকলেন। পর্তুগীজ মহিলা ফুটবল এগিয়ে নেয়ার পথে তার হাতের স্পর্শ রয়েছে। লিজবন ভিত্তিক খ্যাতনামা ক্লাব বেনফিকার কোচ ছিলেন তিনি। বললেন, ‘১৩টা মৌসুম যুব ফুটবল দলের কোচিং করিয়েছি।’
কাতারে মহিলা ফুটবল তার হাত ধরেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। হেলেনা বললেন, ‘ইরানের দায়িত্ব নেয়ার আগে কাতারে ছিলাম আড়াই বছর। কাতার মহিলা ফুটবল মূলত আমার হাত দিয়েই শুরু হয়েছে। তাদের ছিল কয়েকটি ফুটবল আর তিনজন মহিলা খেলোয়াড়। সেখানে থেকে আমি মেয়েদের খেলাটা শুরু করেছি। এখন এর অনেক ব্যাপ্তি। মহিলা ফুটবল ক্লাব রয়েছে। জুনিয়র মহিলা দলও আছে। কাতারে এখন দুটি জাতীয় ফুটবল দল।’
ইরানের এই দলটিও এর মধ্যে বিশ্ব ফুটবলে বেশ অবস্থান তৈরি করে নিয়েছে। অল্প কিছুদিন আগেই রাশিয়াতে এক টুর্নামেন্ট খেলে এসেছে তারা। সেখানে ম্যাচ খেলে যুক্তরাষ্ট্র দলের বিপক্ষে সেমিফাইনালে হেরে ফিরতে হয়েছে।
ইরানে মহিলা ফুটবলের দায়িত্ব গ্রহণ করার আগে পর্তুগীজ কোচ হেলেনা একটু সংশয়ে ছিলেন—ভেবেছিলেন মুসলিম দেশ, কতটা স্বাধীনভাবে কাজ করা যাবে? কিন্তু দায়িত্ব নিয়ে তার ধারণাই পাল্টে গিয়েছে, ‘আমি নিজেই ওদের মতো করেই চলছি। ইরানে মহিলা ফুটবলের ব্যাপক প্রচলন। মেয়েদের জন্য আলাদা স্টেডিয়াম। যেখানে পুরুষ দর্শক ঢুকতে পারবেন না। দর্শক বলতে শুধু মেয়েরা। সরকারিভাবে মহিলা ফুটবলে পৃষ্ঠপোষকতা করা হয়। সামাজিকভাবে কোনো বাধা নেই। পরিবার থেকে মেয়েদেরকে উত্সাহ দেয়া হয়। শুধু তাই না, ধর্মীয় নেতারাও মেয়েদের ফুটবলের প্রতি উত্সাহ দিয়ে থাকেন। ১৫ দিন আগেও কোনো এক অনুষ্ঠানে ধর্মীয় নেতারা মহিলা ফুটবলকে সমর্থন দিয়েছেন। আলোচনায় উত্সাহব্যঞ্জক কথা বলেছেন।’
বঙ্গবন্ধু স্টেডিয়ামে পুরুষ দর্শকই বেশি। কথাটি জানা আছে ইরানী কোচ হেলেনার, ‘আমার খেলোয়াড়রা সেটা জেনেই এখানে খেলতে এসেছেন। কারণ ইরানে মহিলা ফুটবলে সরকারি নিয়ম আর এখানকার নিয়ম এক না।’ সেভাবেই পোশাক পরে মাঠে নামবেন ইরানের মেয়ে ফুটবলাররা।
ইরানী মহিলা ফুটবলারদের মধ্যে এখনও বেতন কাঠামো প্রবর্তন হয়নি। ঢাকায় যারা খেলতে এসেছেন তাদের দুই-একজন ছাড়া বাকি সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। কেউ শিক্ষকতা করেন এবং কেউ ভিন্ন পেশায় জড়িত।
