বার্সার লক্ষ্য ১০০

আপডেট : ১৭ মে ২০১৩, ২১:২৫
লিগ শিরোপা জয়ের পর এবার লা লিগাতে ১০০ পয়েন্ট অজর্নে চোখ বার্সেলোনার। এমনটাই জানালেন কাতালান দলের সদস্য পেদ্রো রড্রিগেজ। রিয়াল মাদ্রিদ গত মৌসুমে রেকর্ড ১০০ পয়েন্ট তুলেছিল। গত সপ্তাহে বার্সেলোনা ২২তম লা লিগা শিরোপা নিশ্চিত করে। এখন তাদের সামনে রিয়ালের রেকর্ডটি ছুঁয়ে দেয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গত শনিবার রিয়াল মাদ্রিদ ১-১ গোলে এস্পানীয়লের সাথে ড্র করলে বার্সেলোনার লিগ শিরোপা নিশ্চিত হয়ে যায়। পরের দিন রবিবার বার্সেলোনার ম্যাচ ছিল অ্যাতলেটিকো মাদ্রিদের সাথে। সে ম্যাচটি ২-১ গোলে জিতে লিগ জয়ের উত্সবে মেতে উঠে তারা। অ্যাতলেটিকোর সাথে জয়ের ফলে রিয়ালের রেকর্ড ছুঁয়ে দেয়ার বড় সম্ভাবনা তৈরি হয়। লিগে বার্সেলোনার এখন তিন ম্যাচ রয়েছে। আগামীকাল রবিবার নু ক্যাম্পে লিওনেল মেসিবিহীন বার্সেলোনা রিয়াল ভ্যালাডোলিডের মোকাবিলা করবে। উরুর চোটে মৌসুম শেষ হয়ে গেছে লা লিগায় ৪৬ গোল করা মেসির। পরপর তিনটি ম্যাচ জিতলেই বার্সেলোনার পয়েন্ট গিয়ে দাঁড়াবে ১০০ তে। শিরোপা জয় হয়ে গেছে বার্সেলোনার। অবশিষ্ট তিন ম্যাচে এখন ভালো করার লক্ষ্য থাকতে পারে তাদের। তাই এখন মাদ্রিদের রেকর্ডটি অনুপ্রেরণা হতে পারে কাতালানদের। পেদ্রো বলেন, ‘১০০ পয়েন্ট আমাদের জন্য অনুপ্রেরণার। এই ব্যাপারটিতে দলের সবার লক্ষ্য রয়েছে এবং মাথায়ও আছে। আমরা জানি এটা কঠিন হবে। কিন্তু আমরা এটা করার চেষ্টা করবো।’ স্পেনের ২৫ বছর বয়সী আন্তর্জাতিক খেলোয়াড় পেদ্রো আরো জানান, সফল এক মৌসুমই অতিবাহিত হয়েছে। যদিও বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা ডেল রে’র ফাইনালে যেতে পারেনি। রিয়াল মাদ্রিদের কাছে হেরে কোপা ডেল রে’র মিশন এবং বায়ার্ন মিউনিখের কাছে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স লিগের আশা শেষ হয় বার্সার। পেদ্রো বলেন, ‘মৌসুমে লিগ শিরোপা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ধারাবাহিকতার ফসল। দলের কাজ এবং লিগ নিয়ে আমি খুব খুশি।’ লিওনেল মেসি নেই। তাই পেদ্রো, অ্যালেক্সিস সানচেজ এবং ডেভিড ভিয়ার প্রমাণ করার সুযোগ এসেছে। পুরো মৌসুমে মেসির ছায়ায় ঢাকা পড়েছিলেন তারা। বার্সেলোনা লা লিগায় ৩৫ খেলায় ৯১ পয়েন্ট সংগ্রহ করেছে। এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ৮১ পয়েন্ট তুলতে পেরেছে। এদিকে চলতি সপ্তাহে লা লিগায় রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদের কোন ম্যাচ নেই।