মৌসুমের মাঝামাঝি সময়েই চেলসি জানিয়ে দিয়েছিল, এ মৌসুম শেষেই ইতি ঘটছে ল্যাম্পার্ডের ১২ বছরের চেলসি ক্যারিয়ারের। আর ল্যাম্পার্ড নিজেও দিয়েছিলেন ক্লাব ছাড়ার ইঙ্গিত। তবে দোদুল্যমান অবস্থায় বেশ কিছুদিন কাটানোর পর গত বৃহস্পতিবার চেলসি ঘোষণা করে কমপক্ষে আরো একবছর ব্লুজদের জার্সি গায়েই খেলছেন এই ইংলিশ মিডফিল্ডার। আর নতুন চুক্তির একদিন পর ল্যাম্পার্ড বললেন, ক্লাবের হয়ে আরেকটা শিরোপা জিতে তবেই বিদায় নিতে চান তিনি।
আর পশ্চিম লন্ডনের ক্লাবটির সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ হওয়ার পর আগামী মাসেই ৩৫ এ পা দিতে যাওয়া এই তারকা জানিয়েছেন তার স্বপ্নের কথা। ব্লুজদের হয়ে জিততে চান আরো একটি প্রিমিয়ার লিগ শিরোপা। ল্যাম্পার্ড বলেন,‘আমি আবারো প্রিমিয়ার লিগ জিততে চাই। পরের মৌসুমের জন্য এটি কঠিন একটা চ্যালেঞ্জই হতে যাচ্ছে। তবে কঠিন হলেও এটাই আমাদের প্রধান লক্ষ্য।’ লিগে এ মৌসুমে নিজেদের হতাশাজনক অবস্থানের দিকে ইঙ্গিত করে তিনি আরো বলেন,‘প্রিমিয়ার লিগে আমরা ধারাবাহিকভাবে ভালো ফল করতে পারছি না। আমাদের এই সমস্যাটা বুঝতে হবে। আমাদের দারুণ একটা দল আছে, তাই এবছর আমরা যা করেছি তার চেয়ে ভালো কিছু করা অবশ্যই সম্ভব।’
আর উন্নতি করতে কি প্রয়োজন, ল্যাম্পার্ড কথা বলেছেন সে বিষয়েও। আর সেটা হচ্ছে হোসে মরিনহোর মতো একজন কোচ। এই মরিনহোর অধীনেই ২০০৫ সালে লিগ শিরোপা জিতেছিল চেলসি। আর বোল্টনের বিরুদ্ধে ল্যাম্পার্ডের করা দুই গোলেই নিশ্চিত হয় চেলসির শিরোপা, যেটিকে এখনো ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত বলে মনে করেন তিনি। ল্যাম্পার্ডের আশাবাদ আবারো চেলসিতে আসবেন স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’। তিনি বলেন,‘যদি হোসে (মরিনহো) আসে তাহলে সেটা হবে ক্লাবের জন্য দারুণ একটা ব্যাপার। সে আমাদের ইতিহাসের সেরা কোচ এবং ক্লাবের পুরো দর্শনটাই পাল্টে দিয়েছে। আমার বিশ্বাস তিনি ক্লাবকে ধারাবাহিকতা এনে দিতে পারবেন।’
