এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের খেলা মঙ্গলবার শুরু হবে। নির্ধারিত সময়েরও দুদিন আগেই ইরান মহিলা ফুটবল দল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় এসেছে। গতকাল বিকালে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে অনুশীলন করে। একটা বিদেশি দল মাঠে গেল অথচ তাদের জন্য সেখানে বাফুফের লোকবল ছিল না। শেখ জামালকে বৃহস্পতিবার রাতে জানানো হয়েছে ইরান তাদের মাঠে অনুশীলন করবে। এটা জানিয়েই দায়িত্ব শেষ বাফুফের । এর জন্য মাঠ প্রস্তুত আছে কিনা। মহিলা খেলোয়াড়দের জন্য টয়লেটের ব্যবস্থা রয়েছে কিনা। দলের কর্মকর্তাদের বসার ব্যবস্থা কি, পানিও পাঠানো হয়নি ইরানী মেয়েদের জন্য। দেখভাল করার কেউ ছিল না। লিয়াজোঁ হিসাবে একজন মেয়েকে দায়িত্ব দেয়া হলেও তিনি যেন দলের সফর সঙ্গি। কিছু করতে পারার দক্ষতা নেই তার। বাফুফে থেকে কোনো মনিটরিং ছিল না। ইরান ফুটবল দল কোনো সমস্যার মুখোমুখি হওয়ার পূর্বেই শেখ জামাল ক্লাবের ফুটবল প্রতিনিধি সাবেক ফুটবলার আব্দুল গাফফার মাঠে গিয়ে ইরানীদের প্রয়োজনীয় চাওয়া পূরণ করেন। তারাও সন্তুষ্ট হয়েছেন তাকে পেয়ে। সেই সাথে অনুশীলন শেষে ইরানীরা গাফফারকে জানিয়ে এসেছেন আজ বিকালে অনুশীলনের জন্য কি ধরনের প্রয়োজনীয় সুবিধা চাই।
