বার্সার খেলার ধরনে কোন আপস নয় : মেসি

আপডেট : ১৭ মে ২০১৩, ২১:২৮
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের সাথে বিশাল ব্যবধানে হারের পরেও বার্সেলোনা তাদের খেলার ধরন পাল্টাবে না। আর এমনটা ভাবছেন বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি স্বয়ং। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন দুই লেগ মিলিয়ে সাতবার বল প্রবেশ করায় বার্সার জালে। যার জবাবে একটি গোলও দিতে পারেনি বার্সেলোনা। আর এরপর থেকেই কাতালানদের খেলার কৌশল নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সমালোচকরা। তবে চারবারের ফিফা বর্ষসেরা তারকা মেসি তারপরও মনে করছেন, এই হারের কারণে ক্লাবের আক্রমণভাগের দর্শন বদলানো ঠিক হবে না। তিনি বলেন,‘এটা সব সময় কঠিন এবং আপনি কখনোই প্রতি বছর সবকিছু জিততে পারবেন না। আমরা একইভাবে দীর্ঘদিন ধরে খেলছি। প্রত্যেক দল আপনাকে খতিয়ে দেখছে এবং চিন্তা-ভাবনা করছে কিভাবে আমাদের জয়বঞ্চিত করা যায়; অন্ততপক্ষে এই ইউরোপে। চলতি মৌসুমে যা ঘটেছে তা নিয়ে মাথা খারাপ করার কিছু নেই। আমরা বার্সেলোনার ধরনে বদল আনবো না। এই দলের বৈশিষ্ট্য সবসময় এমন।’