[ আ ন্ত র্জা তি ক ]

পিপিপি’র ব্যাপক পরাজয়ের কারণ অনুসন্ধান

আপডেট : ১৭ মে ২০১৩, ২১:৪৪
প্রথমবারের মতো নির্বাচিত সরকারের মেয়াদ পূর্তির ধারাবাহিকতাতে যাবতীয় উগ্রবাদী হুমকি-ধমকি উপেক্ষা করে অনুষ্ঠিত পাকিস্তানের মজলিশ-এ সূরা (পার্লামেন্ট) নির্বাচনে ঘোরতরভাবে পরাজিত হয়েছে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। নির্বাচনে ক্ষমতাসীনদের পরাজিত হওয়াটা নিয়মিত ঘটনা। কিন্তু পিপিপি’র ক্ষেত্রে ব্যাপারটা বেশ করুণ। পাঁচ বছরের ক্ষমতাসীন দল অনেক অনেক পেছনে থেকে তৃতীয় স্থান অধিকার করেছে। এবারের নির্বাচন ধর্মীয় উগ্রবাদীদের যাবতীয় হুমকি-ধমকি-রক্তপাতকে উপেক্ষা করে ব্যাপকমাত্রায় অংশগ্রহণ ধন্য হয়েছে। ধর্মীয় উগ্রবাদীরা নির্বাচনে অংশ নেয়া প্রত্যেকটি লোককে দেখে নেয়ার হুমকি দিয়েছিল। নির্বাচনী মৌসুমে তারা কয়েকশ সাধারণ মানুষকে হত্যাও করেছে; কিন্তু তাদের উদ্দেশ্য সাধন হয়নি। ৮৬ মিলিয়নের মধ্যে ৫০ মিলিয়ন ভোটার ভোট দিয়েছে। নারীদের অংশগ্রহণের বিরুদ্ধে চূড়ান্ত হুমকি ছিল। কিন্তু প্রত্যেকটি হিসাবে বলা হচ্ছে যে, নারীরা এবার এযাবত্কালের মধ্যে সর্বোচ্চমাত্রায় ভোট দিয়েছে। ধর্মীয় উগ্রবাদী, কট্টর রক্ষণশীল গোত্রপতিদের নিষেধাজ্ঞা, এমনকি নানান স্থানে রাজনৈতিক দলগুলোর মধ্যে নারীদের ভোট দেয়ার বিরুদ্ধে অনানুষ্ঠানিক বোঝাপড়ার মতো পরিস্থিতিতেই এটা ঘটেছে। শুধু ভোট দেয়া নয়, ভোটে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রেও পাকিস্তানে নারী জাগরণ হয়ে গেছে। ২০০৮-এর নির্বাচনের তুলনায় এবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী নারীর সংখ্যা ১৩০ ভাগ বেশি! প্রতিক্রিয়াশীল চক্রের যাবতীয় বাধার মুখে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ আর নির্বাচনে নারীদের অবিশ্বাস্য মাত্রায় অংশগ্রহণ উদারনীতিক গণতন্ত্রের পক্ষে পাকিস্তানিদের আগ্রহের প্রমাণ দেয়। কিন্তু একইসাথে এটাও উল্লেখ করার মতো ব্যাপার যে, এবারের নির্বাচনে পাকিস্তানিরা পাকিস্তানের মতো করে উদারনীতিক দলগুলোকে, উদাহরণস্বরূপ পিপিপি ও আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) কথা বলা যায়, প্রত্যাখ্যান করেছে। পাক ভোটাররা বেছে নিয়েছে নওয়াজ শরীফের মধ্যডান মুসলিম লীগকে; ইমরান খানের দলকে বেছে নেয়ার ব্যাপারেও একই যুক্তি খাটে। দেখা যাচ্ছে যে, ভোটাররা ধর্মীয় উগ্রবাদ ও উদারনীতিবাদকে যুগপত্ প্রত্যাখ্যান করেছে। ধর্মীয় উগ্রবাদীরা নির্বাচন মৌসুমে হামলার জন্যও পিপিপি ও এএনপি’র মতো দলকেই বেছে নিয়েছে। তবে পিপিপি’র পরাজয় ব্যাখ্যার ক্ষেত্রে পাক ভোটারদের পছন্দ-অপছন্দকে পুরোটাই মতাদর্শিক হিসাবে দেখা, ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা কিংবা অন্যের ঘাড়ে দায়-দায়িত্ব চাপিয়ে দেয়া ঠিক হবে না। পিপিপি’র উধাও হয়ে যাবার পেছনে কয়েকটি বাস্তব কারণও কাজ করেছে। প্রথম কথা হচ্ছে, পিপিপি এবার পাকিস্তানের প্রধান রাজ্য পাঞ্জাবে কিছুই করতে পারেনি। শুরু থেকে যেমন, পাকিস্তান বলতে এখনো বহুলাংশে পাঞ্জাবকেই বোঝায়। মোট জনগোষ্ঠীর ৬০ ভাগ পাঞ্জাবেই বাস করে। প্রধান ঘাঁটি সিন্ধু প্রদেশ হলেও এতদিন দক্ষিণ পাঞ্জাবে পিপিপি’র শক্ত ঘাঁটি ছিল। ২০০৮ সালের নির্বাচনে দক্ষিণ পাঞ্জাবে পিপিপি ৫০টি আসন পেয়েছিল; এবার মাত্র ১টি। অন্যান্য জাতীয় ইস্যু ছাড়াও ভয়াবহ বিদ্যুত্ ঘাটতির কোনরকম সুরাহা করতে না পারাটা, সাদা চোখে, নওয়াজ শরীফের রাজ্য পাঞ্জাব থেকে পিপিপি’র উধাও হয়ে যাবার পেছনে বড় কারণ বলে মনে হয়। বিদ্যুত্ ঘাটতির প্রসঙ্গটি এবারের নির্বাচনের অনেক বড় ইস্যু ছিল। জয়লাভ পরবর্তী প্রথম সাংবাদিক সম্মেলনে শরীফ যে দুইটি সমস্যা মোকাবিলার অঙ্গীকার করেছেন তার একটি বিদ্যুত্ ঘাটতি, অন্যটি দুর্নীতি। প্রচার-প্রচারণা সেভাবে করতে না পারাটা এবার পিপিপি’র জন্য বড় ক্ষতির কারণ হয়েছে। দলটি এবার প্রধান রাজ্য পাঞ্জাবে তেমন একটা প্রচার-প্রচারণা চালাতে পারেনি। ধর্মীয় উগ্রবাদীদের প্রাধান্যপুষ্ট খাইবার-পাখতুনিস্তানেও পিপিপি’র নিশ্চিহ্ন হয়ে যাবার পেছনে এ কারণটি কাজ করেছে। সেখানে জিতেছে ইমরান খানের দল। ধর্মীয় উগ্রবাদীদের সহিংসার মুখে পিপিপি এবার শেষের দিকে মাঠেই নামেনি। এমনকি দলের চেয়ারম্যান বিলওয়াল ভুট্টোকে দেশ ছেড়ে দুবাই যেয়ে বসে থাকতে হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানীর ছেলে আলী হায়দারকে ভোটের দুইদিন আগে অপহরণ করা হয়েছে; ভোটের পরেও তাকে পাওয়া যায়নি। একেবারে শেষদিকে দলটি মুলতানে একটি বড়সড় সমাবেশ করতে চেয়েছিল; কিন্তু নিরাপত্তাজনিত কারণে পারেনি। স্পষ্ট যে, ধর্মীয় উগ্রবাদী সহিংসায় পিপিপি মাঠে না থাকায় সুস্পষ্ট লাভবান ডান বা মধ্যডানরা। পিপিপি যে গত পাঁচ বছরে একেবারে কিছু করেনি তা নয়। দারিদ্র্য বিমোচন, তরুণদের কর্মসংস্থানের জন্য ভালো ভালো কিছু উদ্যোগ নেয়া হয়েছে এসময়কালে। বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রাম, ওয়াসেল-ই-হক, ওয়াসেল-ই-রোজগারের মতো কর্মসূচিগুলোর নাম এ প্রসঙ্গে উল্লেখ করা যায়। কিন্তু জনগণের কাছে এসব কল্যাণমুখী কার্যক্রমের চেয়ে বড় হয়ে এসেছে পিপিপি’র লোকজনের দুর্নীতি। সত্য হোক, মিথ্যা হোক, জনমনে এই ধারণা আসন গেড়েছে যে, পিপিপি’র লোকজন সর্বগ্রাসী দুর্নীতি করছে। আসলে ‘মিস্টার টেন পার্সেন্ট’ নামে পরিচিত আসিফ আলি জারদারীকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে রেখে ক্লিন ইমেজের দাবি প্রতিষ্ঠা করা পিপিপি’র পক্ষে অসম্ভব এক ব্যাপার ছিল। আপাতদৃষ্টিতে ছোট ছোট কিছু ব্যাপারও পিপিপি’র বিরুদ্ধে গেছে। উদাহরণস্বরূপ গত ডিসেম্বরে জাতীয় ও প্রাদেশিক পরিষদে সংখ্যালঘুদের জন্য আসন বাড়ানোর একটি বিল এনেছিল পিপিপি; এবার জিতলে বিলটি আইনে পরিণত হতে পারতো। উল্লেখ্য, পাকিস্তানে খ্রিস্টান, হিন্দু, আহমদিয়া ও অন্যদের মিলিয়ে ৩ মিলিয়নের কাছাকাছি সংখ্যালঘু ভোট আছে। পাকিস্তানের রাজনৈতিক সংস্কৃতির মানের বিবেচনাতে এদের জন্য আসন বাড়ানোর চেষ্টা করাটা পিপিপি’র জন্য ভোটের বিচারে ক্ষতিকর হয়েছে। কারণ প্রধান বিরোধীরা এই চেষ্টাকে স্বভাবতই বাঁকাভাবে রক্ষণশীলদের সামনে হাজির করে পিপিপি’র বিরুদ্ধে বিষ ঢালতে পেরেছে। পিপিপি অনেক বড় ক্ষতিতে পড়েছে মার্কিন ড্রোন বিমান হামলার বিরোধিতাতে পিছিয়ে থেকে। উগ্রবাদী দমনের অজুহাতে দেশের মাটিতে মার্কিন ড্রোন হামলাকে পাকিস্তানিরা সঙ্গত কারণেই মেনে নেয় না। অথচ সরকারে থাকা পিপিপি এব্যাপারে কখনোই তেমন কোন অর্থবহ বিরোধিতা করেনি। পার্টি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো গত বছর ড্রোন হামলার জন্য মার্কিন প্রশাসনের দিক থেকে দুঃখ প্রকাশ করার দাবি তুলেছিলেন। এরকম বিচ্ছিন্ন কথাবার্তা পিপিপি একাধিক লোকের মুখে শোনা গেছে। কিন্তু জনগণের এসব কথাবার্তার মধ্যে সাম্রাজ্যবাদী হামলার বিরুদ্ধে সত্যিকার অর্থে রুখে দাঁড়ানোর ইচ্ছা দেখতে পায়নি। অথচ প্রধান বিরোধীদলীয় নেতা নওয়াজ শরীফ ড্রোন হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসাবে ধরে নিয়ে এর বিরুদ্ধে গলা ফাটিয়েছেন। আর ইমরান খান তো সরকারে গেলে গুলি করে ড্রোন নামিয়ে ফেলার ঘোষণা দিয়ে মাঠ গরম করে ফেলেছিলেন। ইমরানের দল এবার দ্বিতীয় হয়েছে, আর খাইবার পাখতুনিস্তানের প্রাদেশিক পরিষদের দখল তার দলের হাতেই গেছে। শরীফ বা ইমরান সরকারে থাকলে কি করতেন বা কি করবেন তা ভিন্ন কথা। কিন্তু এতদিন পর্যন্ত কড়া মাত্রাতে ড্রোন বিরোধিতা করে এরা উভয়ে রাজনৈতিকভাবে ব্যাপকভাবে লাভবান হয়েছেন, আর সরকারে থেকে নরম অবস্থান নেয়াতে সমূহ সর্বনাশ হয়েছে পিপিপি’র। দৃশ্যত সব কিছু পিপিপি’র হাতছাড়া হয়ে শেষ হয়ে গেছে মনে হলেও বাস্তবতা ঠিক তা নয়। এবারের নির্বাচনটি ছিল পার্লামেন্টের নিম্নকক্ষ অর্থাত্ জাতীয় পরিষদের (এবং প্রাদেশিক পরিষদের)। জাতীয় পরিষদ মূল কক্ষ হলেও দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষ অর্থাত্ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পিপিপি’র। গত বছরের মার্চে এক দফা নির্বাচন হয়ে যাওয়া সিনেটে ২০১৫ সালে অর্ধেক সদস্যের মেয়াদ শেষ হবার পরে নির্বাচন না হওয়া পর্যন্ত পিপিপি’র এই সংখ্যাগরিষ্ঠতা থাকছে। এছাড়া মিত্র এএনপি ও পাকিস্তান মুসলিম লীগ (কিউ)-এর সমর্থন নিয়ে সিনেট চেয়ারম্যান ও লিডার অফ হাউস পদ দুইটি ধরে রাখতে পারবে পিপিপি। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, পাকিস্তানে প্রেসিডেন্ট নিয়োগ এবং যে কোন বিল পাস হতে সিনেটের সম্মতি লাগে। তার মানে হচ্ছে অন্তত ২০১৫ সালের মার্চ মাস পর্যন্ত গুরুত্বপূর্ণ কোন বিল পাস করাতে হলে সরকারকে পিপিপি’র দ্বারস্থ হতেই হবে। চাইলে নতুন প্রেসিডেন্ট নিয়োগ নিয়ে নতুন সরকারকে হার্ড টাইম দিতে পারবে পিপিপি। সিনেট-অস্ত্র প্রয়োগ করে প্রায় তলিয়ে যাওয়া পিপিপি সামনের দিনগুলোতে কতটা ভেসে থাকতে পারে তা গুরুত্বপূর্ণ। কেননা পিপিপি’র নিঃশেষ হয়ে যাবার অর্থ হবে পাকিস্তানের রাজনীতি থেকে উদারনীতিবাদের অবশেষটুকুও বিলুপ্ত হয়ে যাওয়া, যা হবে পুরো দক্ষিণ এশিয়ার জন্য বিপজ্জনক। লেখক :ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক