নদীমাতৃক দেশ বাংলাদেশ। শিরা-উপশিরার মতো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে দেশের গা জুড়ে নদীগুলো। উত্তাল নদী। ভয়ঙ্কর নদী। দু’কূল প্লাবিত নদী। সর্বনাশা নদী। প্রলয়ংকরী নদী। কতোভাবেই না নদীর কথা উল্লেখ করা হয়েছে বিভিন্ন লেখনিতে। তবে আগের মতো আর নদীগুলোতে স্রোত নেই। নেই প্রাণের স্পন্দন। এখন আর নদী আগের মতো ভয়ঙ্কর নয়, সর্বনাশা নয়। বর্ষা মৌসুমে নদী ভরাট হয়ে যাওয়ার কারণে দু’কূল ছাপিয়ে জনপদে পানি ঢুকলেও বছরের বেশিরভাগ সময় থাকে শুকনো খটখটে। আর গ্রীষ্ম মৌসুমে নদীকে নদী না বলে খাল বলাই ভালো। নদীর কোনো কোনো জায়গায় এমনভাবে শুকিয়ে যায় যে সেখান দিয়ে যানবাহন চলাচল করে, কোথাওবা থাকে হাঁটুপানি। আবার কোথাও কৃষক চাষ করে বোরো ধানের।
বাংলাদেশের বুক চিরে এক সময় সহস্রাধিক নদীর প্রবাহ থাকলেও এখন মাত্র বেঁচে আছে ২৩০টি। একে বেঁচে থাকা বলা চলে না, বলা চলে জীবন্মৃত। এখন নদী আছে। নদীতে নেই আগের মতো স্রোত। এখন পানি আছে। পানিতে নেই আগের মতো মাছ। যা আছে তাও ধরার জন্য নদীর গায়ে পরানো হয়েছে বাঁশের শিকল। এপার থেকে ওপার পর্যন্ত বাঁশ পুঁতে নদীতে বাঁধ দেয়া হয়েছে। গ্রীষ্ম মৌসুমে নদীতে পানি কম থাকায় এক শ্রেণীর অর্থলিপ্সু অসচেতন মানুষ এ ধরনের কাজ করে। পদ্মার কথাই ধরা যাক— রাজবাড়ীর গোয়ালন্দের কোনঠাদিয়া ও মানিকগঞ্জের কাঞ্চনপুরের মধ্য দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর প্রায় দুই কিলোমিটারে বাঁশের বাঁধ দিয়ে মাছ শিকার চলছে। বাঁধ জুড়ে মাছ ধরার জাল পাতা। নৌযান চলাচলের জন্য বাঁধের এক পাশে ২০ থেকে ২৫ ফুট জায়গা ফাঁকা রাখা হয়েছে। হাজার পাঁচেক বাঁশের এই বাঁধ তৈরিতে প্রায় অর্ধকোটি টাকা লেগেছে। বাঁধে পাইরজাল, ঘরজাল, গুটিজাল পাতা রয়েছে। তিন-চার মাস ধরে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন জেলেসহ প্রায় পঞ্চাশ জন সেখানে কাজ করছে। তাদের মধ্যে কয়েকজন মাসিক ৮ থেকে দশ হাজার টাকা বেতন পায়। অন্যরা মাছের এক-তৃতীয়াংশ ভাগ পায়। শুধু বেতনের পেছনেই মাসে প্রায় তিন লাখ টাকা খরচ হয়। তাহলে কত টাকা আয় করলে এত টাকা ব্যয় করা সম্ভব!
পদ্মাকে শিকল পরিয়ে এভাবে মাছ শিকারের তথ্য বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। বাঁশের শিকলে যে শুধু পদ্মা বন্দি তা নয়, উপকূলীয় অঞ্চলের নদীগুলোও আজ জালের শিকলে বন্দি। বাংলাদেশের অনেক নদীই বর্তমানে বাঁধা রয়েছে। যেমন মধুমতি। ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নে মধুমতী নদীর এপারে পানাইল ওপারে টিঠাগ্রাম। গ্রাম দু’টির দু’পাড়ে নদীতে আড়াআড়িভাবে বাঁশ ও জাল দিয়ে মাছ শিকার চলছে। আর এ সব কিছুই ঘটছে প্রশাসনের নাকের ডগায়। পেছনে রয়েছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। কোনো কোনো জায়গায় প্রভাবশালী ব্যক্তিরা নিজেদেরকে আড়াল করতে অন্যদের দিয়ে অবৈধভাবে নদীতে মাছ ধরার কার্যক্রম পরিচালনা করছে।
মত্স্য রক্ষা ও সংরক্ষণ আইনের ৩-এ ধারা অনুযায়ী মাছ ধরার জন্য নদী বা জলাশয়ে, নদীর মধ্যস্থ স্থায়ী বা অস্থায়ীভাবে বেড়া/বাঁধ/ঢিবি এবং অন্য কোনো কাঠামো নির্মাণ করা যাবে না। করলে সর্ব্বোচ শাস্তি ২ বছর সশ্রম কারাদণ্ড অথবা ১ বছরের নিচে নয়। কারাদণ্ডে অথবা ৫ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আইন বাস্তবায়নে দুর্বলতা, শাস্তির সময়সীমা কম, অল্প জরিমানা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অসাধুতাই এসব প্রভাবশালী ব্যক্তির অবৈধ কার্মকাণ্ড ধরা-ছোঁয়ার বাইরে থেকে যায়। আইনানুগ কঠোর ব্যবস্থা ছাড়া দেশের নদী ও মাছ রক্ষা করা যাবে না। এছাড়া অবৈধভাবে নদীতে বাঁধ দিয়ে মাছ শিকারের ফলে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে। ব্যাঘাত ঘটছে নৌ চলাচলে। এছাড়া ছোট-বড় মাছসহ রেণুপোনা ধরা পড়ায় আগামী দিনগুলোতে মাছ প্রাপ্তি দুর্লভ হয়ে যাবে। জলজ জীববৈচিত্র্য ধ্বংসের উত্সবে মেতে উঠেছে এক শ্রেণীর লোভী মানুষ।
আইইউসিএন-এর তথ্য অনুযায়ী মিঠা পানিতে ২৬০ প্রজাতির মাছ রয়েছে। তার মধ্যে ৫৪ প্রজাতির মাছ বিলুপ্তির পথে। ১২ প্রজাতি রয়েছে চরম হুমকিতে। গত এক দশকে ২০ প্রজাতির মাছ বিলুপ্ত হয়েছে। ২৮ প্রজাতির মাছ বিপন্নের তালিকায়। ১৪ প্রজাতির মাছের অবস্থা সংকটাপন্ন। অথচ বাংলাদেশে এক সময় মিঠা ও লোনা পানিতে ৭৩৫ প্রজাতির মাছ ছিল।
নদী একটি দেশের শিরা-উপশিরা হলে পানি বলা যায় তার রক্তপ্রবাহ। রক্তপ্রবাহ না থাকলে যেমন মানুষ বাঁচে না তেমনি নদীতে প্রবাহ না থাকলে দেশ বাঁচে না। দেশের কৃষি উত্পাদনও ব্যাহত হয়। প্রকৃতি হুমকির মুখে পড়ে। জীবনের অস্তিত্ব বিলুপ্তির দিকে ধাবিত হয়। বিপর্যয় নেমে আসে। তাই নদীকে বাঁচিয়ে রাখতে হবে যেকোন মূল্যে। নদী দখলের উত্সব বন্ধ করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। নদী প্রবাহে যাতে কোনোও বাধা না থাকে, জলজ জীববৈচিত্র্য যাতে অক্ষুণ্ন থাকে এবং নদী শাসনের ফলে পরিবেশ বিপর্যয় না ঘটে সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে। পাশাপাশি সচেতন করে তুলতে হবে সর্বস্তরের জনগণকে।
লেখক : চেয়ারম্যান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন
