জনজীবনে দুর্ভোগের অন্যতম একটি কারণ হইতেছে চাঁদাবাজি। বিশেষ করিয়া ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ীদের একটি বড় অংশ এই চাঁদাবাজির শিকার হইয়া যারপরনাই দুর্ভোগ পোহায়। চাঁদাবাজদের দৌরাত্ম্যের প্রতিকার চাহিয়া তাহাদের অনেকেই পুলিশের দ্বারা নাকাল হন এমন অভিযোগও রহিয়াছে বিস্তর। চাঁদাবাজদের সহিত পুলিশের অসত্ অসাধু কর্মকর্তা বা কর্মচারীদের যোগসাজশ থাকে বিধায় চাঁদাবাজদের পক্ষে বেপরোয়া হইয়া উঠিতে কোন অসুবিধাই হয় না। সন্ত্রাস আর চাঁদাবাজি তাই লাফাইয়া লাফাইয়া বৃদ্ধি পাইবার পথ বা সুযোগ পায়। পুলিশের দায়িত্ব জনসাধারণের জান-মালের হেফাজত করা, কিন্তু সেই হেফাজতকারীরাই যদি তস্করের ভূমিকায় অবতীর্ণ হয় তাহা হইলে নাগরিক সাধারণ যাইবে কোথায়! আমাদের সমাজে দীর্ঘদিন ধরিয়াই ‘চাঁদাবাজ’ নামক এই পরজীবী শ্রেণির অস্তিত্ব রহিয়াছে। তাহারা ভয়-ভীতি দেখাইয়া এবং কখনও কখনও নির্মম-নৃশংসতার মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণির এবং অবস্থাপন্ন ব্যক্তিবর্গের উপর চড়াও হয়। এই সমাজে রাষ্ট্রীয় পরিচর্যায় নানা ধরনের বৈষম্য, অন্যায় এবং অবিচার বজায় থাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের হইয়াছে পোয়াবারো। চাঁদাবাজির যে কত রকমফের এখন এই সমাজের শান্তিপ্রিয় ও নিরীহ মানুষদেরকে দেখিতে হয় উহার ইয়ত্তা নাই। ব্যবসায়ীদেরকে ফোনে হুমকি-ধামকি প্রদান করিয়া কিংবা তাহাদের ব্যবসা প্রতিষ্ঠানে সদলবলে যাইয়া ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে মোটা অংকের চাঁদা আদায় এখন নিত্য-নৈমিত্তিক ঘটনা। কাহারো সন্তানকে অপহরণ করিয়া মুক্তিপণ আদায় হইতে শুরু করিয়া নানা প্রকার ভয়-ভীতি দেখাইয়া যে চাঁদাবাজি চলে উহার অধিকাংশই লোকচক্ষুর অন্তরালে থাকিয়া যায়। কেননা, চাঁদাবাজির কথা প্রকাশ করিলে চাঁদাবাজেরা দ্বিতীয় দফা ঐ ভুক্তভোগীর উপর চড়াও হয় নির্মম পাশবিকতায়। আর সে কারণেই চাঁদাবাজির কথা ফাঁস করিতে ভয় পায় বেশিরভাগ মানুষ। আধুনিক প্রযুক্তির অপব্যবহার করিয়া মেয়েদেরকে পাড়ায়-মহল্লায় হেয় প্রতিপন্ন বা হেনস্থা করার মাধ্যমে চাঁদা আদায়ের এক নূতন কৌশলও ইদানীং বেশ রপ্ত করিয়াছে দুর্বৃত্তরা। এই সকল দুষ্কর্মের প্রতিকার চাহিয়াও কোন ফল হয় না, কেননা, যাহারা প্রতিকার করিবেন তাহাদের মধ্যেই চাঁদাবাজদের সহায়তাকারীরা লুক্কায়িত থাকে বলিয়া অভিযোগ রহিয়াছে।
এমতাবস্থায়, যখন দুর্ভোগ পোহাইতে পোহাইতে নিরীহ জনসাধারণের পিঠ দেওয়ালে ঠেকিয়া যায় তখন তাহারা ঘুরিয়া দাঁড়ায় বৈকি! আইন-শৃঙ্খলা রক্ষাকল্পে নিয়োজিতরা যখন আইনের অপপ্রয়োগ করিয়া জনসাধারণকে বিপন্ন করিয়া তোলে, তখন মানুষ এক পর্যায়ে আইন হাতে তুলিয়া লইতে বাধ্য হয়। এমন ঘটনা ঘটিলে যদিও সমাজ শৃঙ্খলা হুমকির মুখে পড়ে তথাপি শান্তিপ্রিয় জনসাধারণ অন্যায়ের বিরুদ্ধে রুদ্ররূপ ধারণ করিতে পরাঙ্মুখ থাকে না। আমরা অতীতে বার বার বলিয়াছি, এখনও বলিতেছি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের আশ্রয়-প্রশয় প্রদান করিয়া পুলিশের যে সকল অসাধু সদস্য কিংবা যেসব গডফাদার ধরাকে সরা জ্ঞান করিতেছে তাহাদের উপর কিন্তু প্রাকৃতিক নিয়মেই এক সময় জনরোষ নামিয়া আসিবে।
সেই নাটকেরই একটি দৃশ্য বা ইহারই নিদর্শন আমরা গত বুধবার পুরাতন ঢাকায় দেখিতে পাইয়াছি। জনৈক নজরুল ও তাহার গোটা পঞ্চাশেক চাঁদাবাজ স্যাঙ্গাতের বিরুদ্ধে সেখানকার অতিষ্ঠ ব্যবসায়ীরা ফুঁসিয়া উঠিয়াছে। তাহারা সেদিন দিনভর ধোলাইখাল সংলগ্ন নারিন্দা নূতন রাস্তা ও অন্য কয়েকটি সড়কে দোকানপাট ও যান চলাচল বন্ধ করিয়া দেয় ঐ চাঁদাবাজের গ্রেপ্তারের দাবিতে। পুলিশ ঐ চাঁদাবাজকে আশ্রয়-প্রশ্রয় দেয় এবং ব্যবসায়ীদের উল্টা হয়রানি করে এমন অভিযোগে তাহারা ব্যাপক বিক্ষোভও প্রদর্শন করে পুলিশ ও চাঁদাবাজদের বিরুদ্ধে। কথিত চাঁদাবাজ নজরুলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রহিয়াছে এবং সে প্রকাশ্যে অস্ত্র হাতে ঘুরিয়া বেড়ায় ও ব্যবসায়ীদের নিকট হইতে নিয়মিত জোরপূর্বক চাঁদা আদায় করে। ইহার প্রতিকার চাহিয়াও যখন পাওয়া যায় না তখন জনসাধারণ নিজেরাই উহার প্রতিকারে আগাইয়া আসিয়াছে। এই ঘটনা হইতে সংশ্লিষ্ট সকলেরই অনেককিছু শিখিবার আছে। যত দ্রুত তাহারা সে শিক্ষা গ্রহণ করিবেন ততই মঙ্গল। অন্যথায় জনরোষ কাহাকেও কিন্তু ছাড়িবে না। আর তখন শত হায়— আফসোস করিয়াও লাভ হইবে না নিশ্চয়ই।
