পঞ্চাশত্তমী পর্ব

পবিত্র আত্মার শক্তি ও আমাদের জীবন

আপডেট : ১৮ মে ২০১৩, ২১:২৪
আজ পবিত্র পঞ্চাশত্তমী পর্বদিন। যীশু খ্রিস্টের পুনরুত্থানের পরের পঞ্চাশতম দিনে তার শিষ্যদের উপরে পবিত্র আত্মার অবতরণ হয়েছিল। ঈশ্বরের সেই আত্মা আগুনের শিখার মত হয়ে অলৌকিকভাবে ঈশ্বরের প্রশংসারত শিষ্যদের উপরে অবতরণের ফলে তারা সেদিন লাভ করেছিলেন অলৌকিক শক্তি ও প্রেরণা। তারই প্রভাবে তারা অনেক আশ্চর্য কাজ সাধন করতে পেরেছিলেন এবং তার সাথে সাথে তারা দিকে দিকে প্রচার করতে সক্ষম হয়েছিলেন খ্রিস্টের সুসমাচার। এসব কাজ ছিল তাদের পরিত্রাতা ও প্রভুর শিক্ষা ও জীবনকে প্রচারের অনুষঙ্গ। তাদের নিজেদের জীবন হয়েছিল পূত-পবিত্র ও অলৌকিক ক্ষমতাপন্ন। ঈশ্বরের রহস্যময় পবিত্র আত্মার শক্তিই মূলতঃ আদর্শ খ্রিস্ট বিশ্বাসীদের জীবনের চালিকাশক্তি। চার্চ (বা মণ্ডলী) সে যুগে এভাবেই এগিয়ে চলছিল। কিন্তু খ্রিস্টীয় চতুর্থ শতাব্দী থেকেই চার্চ রাজনীতি ও নানা প্রকার কায়েমী স্বার্থের প্রভাবে তার প্রকৃত বৈশিষ্ট্য অনেকাংশে হারিয়ে ফেলে। মধ্যযুগীয় ইউরোপের তথা চার্চের সামগ্রীক ইতিহাস আমাদের সে বিষয়ে ধারণা দেয়। প্রাণহীন ও আচার-সর্বস্ব ধর্মকর্ম সে যুগের চার্চের জীবনে এনে দেয় স্থবিরতা। কিন্তু তার পরে রেনেসাঁ ও রিফর্মেশনের ফলে অনেক অনেক ভাল কাজ হয়েছে বটে, কিন্তু চার্চে এসেছে অনেক বিভক্তি ও বিচ্ছিন্নতা। ঈশ্বরের আত্মিক ও নৈতিক শক্তি ছাড়া আদর্শ বিশ্বাসীর জীবনযাপন সম্ভব নয়। গোটা বাইবেল লিখিত হয়েছে পবিত্র আত্মার প্রভাবে। স্বয়ং খ্রিস্টের অলৌকিক জন্ম, তার সকল আশ্চর্য কাজের সবকিছুই হয়েছে আত্মার শক্তিতে। ঈশ্বর আত্মিক-ব্যক্তিসত্তা। তিনি একইসঙ্গে পবিত্র আত্মা ও ব্যক্তি। সমস্ত জড়জগত্ ও সৃষ্টির উপরে তার অবস্থান ও সার্বভৌমত্ব। তাই তার সঙ্গে থাকার জন্য যে কোন জীবনকে পবিত্র আত্মার দ্বারা প্রভাবিত ও চালিত হতে হবে। সে জীবন থাকবে মন্দতা, সংকীর্ণতা ও জড়া-জীর্ণতার ঊর্ধ্বে। এ কোন ধর্ম বিশেষের কোন ডকট্রিন্ বা মতবাদ নয়; এ সর্বজনীন শিক্ষা। যীশু খ্রিস্ট পবিত্র আত্মাকে এতই প্রাধান্য দিয়েছেন যে, তিনি বলেছেন, “মানুষের সমস্ত পাপের ক্ষমা হবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে পাপের ক্ষমা হবে না।” আরো অবাক করার বিষয় এই যে, সেই ঘটনার পরেই পবিত্র আত্মা তাকে মরুময় প্রান্তরে দিয়াবলের দ্বারা পরীক্ষিত হবার জন্য নিয়ে যান। সেখানে তিনি চল্লিশ দিন ও রাত সম্পূর্ণ উপবাস করার পরে দিয়াবলের তিনটি কঠিন পরীক্ষার উপরে জয়লাভ করেন। লূক ৩-৪ অধ্যায়ে দেখানো হয়েছে পরিপূর্ণ মানুষরূপে দ্বিতীয় আদম খ্রিস্ট পবিত্র আত্মাতেই সমস্ত জাগতিক স্বার্থ, লোভ ও মানসিকতার বিরুদ্ধে জয়লাভ করেছিলেন। কিন্তু ঈশ্বরের নৈতিক গুণাবলীর অধিকারী প্রথম নর-নারী দিয়াবলের প্ররোচনায় পাপে পতিত হয়েছিলেন। জীবনের প্রতিটি বিষয়ে তাই খ্রিস্ট পাপী মানুষের পরিত্রাণের জন্য তার নিষ্পাপ জীবন সঁপে দেবার জন্য আত্মার শক্তিতেই তার যোগ্যরূপে এগিয়ে গেছেন। মৃত্যু থেকে পুনরুত্থানের পরে তিনি তার শিষ্যদের কাছে অঙ্গীকার করেছিলেন যে, স্বর্গ থেকে তাদের জন্য তিনি পবিত্র আত্মাকে পাঠিয়ে দেবেন যেন তারা সেই আত্মার বলেই তার নামে কাজ করেন। মানুষের যে আত্মিক দীনতা ও তার সমস্ত কুফল জীবনের সবকিছুতেই লক্ষণীয় তার সর্বোত্তম সমাধান আধ্যাত্মিক ও নৈতিকতার পথে। আত্মিক শক্তির উপরে নির্ভর করে মানুষ তার সমস্ত যুক্তি, জ্ঞান-বিজ্ঞান ও সৃজনশীলতাকে ব্যবহার করে তার সমস্যার সমাধান করতে পারে। তবে আত্মিকতার বিষয়টি কখনই কোন সংকীর্ণ অর্থে দেখার নয়। বাস্তব জীবনে নৈতিকতা, ন্যায্যতা ও মানুষসহ সমস্ত সৃষ্টিকে সম্মান করাই আত্মিকতা। তার ফল হবে মনুষ্যত্বের বিকাশে সহায়ক মানব কল্যাণমুখী জীবন ও ধর্ম-কর্ম। সমস্ত ধর্ম-কর্মের সারমর্মরূপে খ্রিস্ট দেখেছেন মানুষের সমস্ত শক্তি, মন-প্রাণ ও অন্তর দিয়ে ঈশ্বরকে সম্মান করাকে এবং অন্য মানুষকে আত্মতুল্য প্রেম করাকে। এ কঠিন চ্যালেঞ্জ জীবনে কাউকে গ্রহণ করতে হলে তাকে আত্মার বশেই চলতে হবে। অনেকেই যদি এরূপ একই ভাবনায় চলতে পারে তাহলে যে কোন প্রকার সংকীর্ণতা পরিহার করে এ পৃথিবীতে বড় একটা ইতিবাচক পরিবর্তন আনা যেত। যীশু বলেছেন, “অতএব সর্ববিষয়ে তোমরা যাহা যাহা ইচ্ছা কর যে, লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও; কেননা ইহাই ব্যবস্থার ও ভাববাদিগ্রন্থের সার।” (মথি ৭ঃ ১২)। তিনি যে সর্বশক্তিমান ও সকলের ইহলৌকিক ও পারলৌকিক মঙ্গলদাতা তার সামাজিক প্রকাশকে হতে হবে সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে তার কাজে। কিন্তু যে কাজ ঈশ্বর নিজে করবেন না, সে কাজ করতে হবে যারা তাকে বিশ্বাস করে তাদেরই। আর তা করার জন্যই ঈশ্বর তার পবিত্র আত্মা আমাদের দান করেন। আমাদের সঙ্গে এখন ঈশ্বর আছেন, খ্রিস্টও আছেন, কিন্তু তা কেবল পবিত্র আত্মাতেই। ঈশ্বর আমাদের এগিয়ে যাবার আহ্বান দেন। পঞ্চাশত্তমী পর্বের এ আহ্বান হোক আমাদের জীবনপথে চলার চেতনা ও শক্তি। লেখক :বাংলাদেশ খ্রিস্টিয় ঈশতত্ত্ব মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং সমাজকর্মী