আন্তর্জাতিক জাদুঘর দিবসের সেমিনারে বক্তারা বলেছেন, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতি বহনকারী জাতীয় জাদুঘরকে সমৃদ্ধ করার মাধ্যমে দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। শনিবার জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
সেমিনারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান বলেন, একটি দেশের জাতীয় জাদুঘর সেই দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে। এর মাধ্যমে দেশ ও বিশ্বের মানুষ সে দেশের ইতিহাস সম্পর্কে জানতে পারে। তাই এসব নিদর্শনসমূহ যথাযথ সংরক্ষণ ও প্রদর্শনের মাধ্যমে দেশের ঐতিহ্য সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের শততম বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এ সেমিনারে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সভাপতি অধ্যাপক ড. আহম্মদ ইসমাইল মোস্তাফা, বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক সংরক্ষণ রসায়নবিদ ড. মো. ছাবের আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান এবং জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস।
বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজ-এর সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে এ সেমিনারে “জৈব বস্তুর জৈবনিক ও পরিবেশগত ভাবে ক্ষয়ের কারণ এবং তার নিয়ন্ত্রণ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিএসআইআর-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জহুরুল হক।
এন আই খান জাতীয় জাদুঘরের এসব ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেমিনার করে দেশের তরুণ প্রজন্মকে এ বিষয়ে সচেতন করে তোলার আহ্বান জানান। তিনি বলেন, সঠিক সংরক্ষণ ও প্রচারের অভাবে আমাদের দেশের সাধারণ মানুষ মনে করেন, আমাদের নিজেদের কোন ঐতিহ্য নেই। পশ্চিমা সংস্কৃতি ও ঐতিহ্যকেই তারা সেরা ঐতিহ্য বলে ভাবেন। কিন্তু আমাদের উচিত তাদেরকে সঠিক ইতিহাসটা জানানো। একশ’ বছর আগে বাংলাদেশের মানুষ কি কাপড় পরত, কি গয়না পরত, কি খাবার খেত, তার সংস্কৃতির ধারাবাহিকতা কি ছিলো তা জাদুঘরের মাধ্যমেই জনগণকে জানাতে হবে। অধ্যাপক ড. আহম্মদ ইসমাইল মোস্তাফা বলেন, আমাদের ইতিহাস ও ঐতিহ্যই প্রমাণ করে যে আমরা কোন হঠাত্ গজিয়ে ওঠা জাতি নই। আমাদের হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। তিনি দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের যথাযথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
