তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জাতীয় জাদুঘরের শততম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের ইতিহাস ও ঐতিহ্যের শত্রু সামপ্রদায়িকতাকে সর্বতোভাবে প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। “যারা সামপ্রদায়িকতায় বিশ্বাস করে তারা দেশ ও ইতিহাসের শত্রু। বাঙালি জাতীয়তাবাদের শত্রু। তাই আসুন, ইতিহাসকে যারা বিকৃত করে, ঐতিহ্যকে যারা ধামাচাপা দেয়, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে সেই সামপ্রদায়িক শক্তিকে কবর দেই,” আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে জাদুঘর আয়োজিত শোভাযাত্রা উদ্বোধনকালে মন্ত্রী গতকাল এ আহ্বান জানান।
শোভাযাত্রার প্রাক্কালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর প্রাঙ্গণে এ শোভাযাত্রায় বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক সচিব ড. রণজিত্ কুমার বিশ্বাস এনডিসি, জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজ এর সভাপতি এম আজিজুর রহমান।
আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০১৩ এর প্রতিপাদ্য জাদুঘর :স্মৃতি ও সৃজনশীলতার মাধ্যমে সমাজ পরিবর্তন। তথ্যমন্ত্রী পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে বাদ্যের তালে তালে শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি জাদুঘর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে দোয়েল চত্বর ও শিক্ষা ভবন প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবে শেষ হয়।
ড. রণজিত্ কুমার বিশ্বাস আন্তর্জাতিক জাদুঘর দিবসে দেশের ইতিহাস ও ঐতিহ্যকে সংরক্ষণের জন্য একাত্ম হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রকাশ চন্দ্র দাস বলেন, জাতীয় জাদুঘর দেশের ১৬ কোটি মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরির কাজ করছে। যা তাদেরকে দেশের ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেবে। তিনি এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।
