দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতি নামের দুটি সংগঠন পৃথক কর্মসূচি ঘোষণা করেছে। ১২ দফা দাবিতে ৬ জুন ১০টা-১১টা এবং ১২ জুন ১০টা-১২টা পর্যন্ত এক ঘন্টা করে কর্মবিরতি পালন করবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। শনিবার মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির কেন্দ্রীয় সভাপতি আবুল বাসার। সভায় সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম তোতা, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সভা থেকে জানানো হয়, ১৪ জুন সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। অপরদিকে শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রদান, প্রধান শিক্ষকের মর্যাদা দ্বিতীয় শ্রেণীতে উন্নীতকরণসহ ১১ দফা দাবিতে একইদিনে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নামের অপর একটি সংগঠন। সম্মেলনে শিক্ষকদের দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি নুরুজ্জামান আনসারী। দাবি আদায়ে আগামী ১৩ জুন সারা দেশের উপজেলা সদরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়া ২০ জুন জেলা শহরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে। ৩০ জুনের মধ্যে শিক্ষকদের দাবি পূরণ না হলে পরবর্তীতে আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
