সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এমপি বলেছেন, রোগীদের স্বার্থে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ৯ থেকে ১৬ লাখ টাকা মূল্যের ইমপ্যান্ট ডিভাইস বিনামূল্যে প্রদান অব্যাহত রাখা হবে। ইতিমধ্যে সরকারের সহায়তায় সমাজকল্যাণ মন্ত্রণালয় জুলাই ২০১০ থেকে জুন ২০১৩ সালের জন্য ডেভেলপমেন্ট অব কক্লিয়ার ইমপ্যান্ট প্রোগ্রাম ইন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রকল্পে প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। মন্ত্রী বলেন, ভবিষ্যতেও রোগীদের কল্যাণে মহত্ এ চিকিত্সাসেবা কার্যক্রমে সরকারের সহায়তা অব্যাহত থাকবে। কারণ বেশিরভাগ রোগী বা তাদের অভিভাবকদের পক্ষে এ চিকিত্সার ব্যয়ভার বহন করা সম্ভব হয় না।
গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে ২য় কক্লিয়ার ইমপ্যান্ট সার্জারি বিষয়ক দুইদিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম এনডিসি, ডেভেলপমেন্ট অব কক্লিয়ার ইমপ্যান্ট প্রোগ্রাম ইন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল হাসনাত জোয়ারদার, কুইন এলিজাবেথ হাসপাতালের কনসালটেন্ট ইএনটি সার্জন রিচার্ড আরভিং, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাক,কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এএইচ জহুরুল হক সাচ্চু, ভারতের মুম্বাইয়ের অডিওলজিস্ট রাখি বুটালা প্রমুখ।
কর্মশালায় উপকারভোগী শিশুরা ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। দুইদিনব্যাপী এ কর্মশালায় প্রায় দেড়শ বিশেষজ্ঞ চিকিত্সক, অডিওলজিস্ট ও স্পিচ থেরাপিস্ট অংশ নিচ্ছেন।
