প্রাণঘাতি হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’তে দক্ষিণ এশিয়ার জনগণের একটি বড় অংশ আক্রান্ত। বাংলাদেশেও এ প্রাণঘাতি হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’তে আক্রান্তের সংখ্যা ব্যাপক। এ রোগের সর্বশেষ প্রযুক্তি চিকিত্সা সেবাকে সামনে রেখে আজ রবিবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। গতকাল শনিবার এসোসিয়েশন ফর দি স্ট্যাডি অব দি লিভারের বিশেষজ্ঞরা এ তথ্য জানান।
বিশেষজ্ঞরা বলেন, ফ্যাটি লিভার ও লিভার ক্যান্সারে আক্রান্ত লোকের সংখ্যাও কম নয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক ও আর্থ-সামাজিক অবস্থার অভিন্নতার কারণে এ এলাকার জনগণের রোগেরও অভিন্নতা রয়েছে। সে কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্য বিষয়কসহ সকল বিষয়ই প্রভূত উন্নতি করা সম্ভব। সম্মেলনে হেপাটাইটিস ‘বি’ , হেপাটাইটিস ‘সি’, ফ্যাটি লিভার ও লিভার ক্যান্সারসহ বিভিন্ন বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ পাঠ করবেন বিশিষ্ট লিভার বিশেষজ্ঞগণ। সম্মেলন উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি। বিশেষ অতিথি থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) ডা. মুজিবুর রহমান ফকির, বিএমএর সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত এবং বিএমএর মহাসচিব অধ্যাপক ইকবাল আর্সলান। প্রেস ব্রিফিং-এ বক্তব্য রাখেন এসিএলডিবির সভাপতি অধ্যাপক ডা. সেলিমুর রহমান এবং উপস্থিত আছেন এসোসিয়েশন এর সহ-সভাপতি ডা. ফারুক আহম্মেদ, কোষাধ্যক্ষ ডা. ফজল করিম ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. কে এম জে জাকি।
