চলমান রাজনৈতিক সংকট নিরসনে আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমপ্রতি বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে যে আমন্ত্রণ জানিয়েছেন তাতে বিরোধী দলের সাড়া দেয়া উচিত বলে মত প্রকাশ করেছেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব ও জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের ক্ষেত্র ও সমঝোতার পরিবেশ তৈরির লক্ষ্যে জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত হিসেবে চারদিন ঢাকা সফরশেষে গত ১৩ মে বিকেলে এক সাংবাদিক সম্মেলনে তারানকো এ মত ব্যক্ত করেন। সাংবাদিক সম্মেলনে দেয়া তার বক্তব্য ১৪ মে’র পত্র-পত্রিকায় লিড নিউজ ছিল। তিনি বলেছেন, সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এখনই সমঝোতায় পৌঁছাতে হবে। সেজন্য দ্রুত সংলাপে বসা দরকার। আগামী নির্বাচন সহিংসামুক্ত, স্বচ্ছ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য উপায়ে অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ থাকতে হবে। এখনই সংলাপে বসে সমঝোতায় উপনীত না হলে এর পরিণতি কি হবে তা সবারই জানা। বাংলাদেশের ইতিহাসই সবচেয়ে বড় ইঙ্গিত দেয় ভালো ও স্বচ্ছ নির্বাচন না হলে এর ফল কি হতে পারে। দলগুলো যত দ্রুত সংলাপে বসবে তত দ্রুত সমাধান বেরিয়ে আসবে। তারানকো আরো জানিয়েছেন, তিনি জাতিসংঘ মহাসচিবের গুরুত্বপূর্ণ ও তাত্পর্যপূর্ণ বাণী নিয়ে এসেছেন। এখানকার সামপ্রতিককালের সহিংসতার ব্যাপ্তি ও নির্বাচন নিয়ে পরস্পরমুখী অবস্থানে মহাসচিব বান কি মুন খুবই উদ্বিগ্ন ও শঙ্কিত। তার প্রত্যাশা একটি অর্থবহ ও গঠনমূলক রাজনৈতিক সংলাপ হবেই। সংলাপের মধ্য দিয়ে একটি সফল ও ভালো নির্বাচনের জন্য উপযোগী ও সহায়ক পরিবেশ সৃষ্টি হবে। এদিকে আগামী সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণ থাকবে এবং প্রধানমন্ত্রী প্রস্তাবিত সংলাপ প্রক্রিয়া সফল হবে বলে আবার আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। গত ১৩ মে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জাতিসংঘ সদর দফতরে মহাসচিবের সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেয়ার আগে জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত তারানকো ১১ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে আলাদা আলাদাভাবে আলোচনায় মিলিত হন। এছাড়া ঢাকায় অবস্থানকালে তিনি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ, সুশীল সমাজের প্রতিনিধি প্রমুখের সঙ্গে সাক্ষাত্ ও আলোচনা করেন।
পত্র-পত্রিকার খবর অনুযায়ী জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত তারানকোর সঙ্গে আলোচনার ফলশ্রুতিতে বাংলাদেশের রাজনীতিতে বরফ গলতে শুরু করেছে। সংলাপে বসতে রাজি হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি। সংলাপের আমন্ত্রণ জানিয়ে শিগগিরই বিরোধী দলকে চিঠি দেবে সরকারি দল। তবে চিঠিতে সংলাপের ‘এজেন্ডা’র উল্লেখ থাকবে কি-না তা নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়েছে। বিএনপি সংলাপের এজেন্ডা চায়। সরকারি দল শর্তহীন, খোলামেলা আলোচনায় আগ্রহী। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে একটি দৈনিক (যুগান্তর, ১৪ মে) বলেছে, চিঠিতে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সংলাপের সফলতা নিয়ে আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘একটি অর্থবহ সংলাপে বিরাজমান রাজনৈতিক সমস্যার সমাধান হবে ( দৈনিক ইত্তেফাক, মে ১৫)।
এ যাবত্ যেসব ইস্যু ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির মধ্যে সংলাপ অনুষ্ঠানে বাধা হয়ে দাঁড়িয়েছে সেসব হলো—-এক. আগামী জাতীয় সংসদ নির্বাচনকালে সরকার ব্যবস্থা নিয়ে দুই দলের বিপরীতমুখী অবস্থান। বিএনপি বলে আসছে, সংসদ নির্বাচনকালে সরকার ব্যবস্থা হিসেবে বর্তমান সরকারের সময়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী দ্বারা বাতিলকৃত নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে। সে সরকার তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী যে কোনো নামে অভিহিত হতে পারে। এ দাবিতে বিএনপি গত প্রায় দুই বছরে রাজধানী ঢাকা ও সারাদেশে লংমার্চ, হরতাল, অবরোধ, গণসমাবেশ করেছে। দুই. সংসদ বহাল রেখে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানে বিএনপির আপত্তি। দলটি বলে আসছে, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দরকার। কাউকে সংসদ সদস্যপদে বহাল রেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেয়া এ বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। উল্লেখ্য, সংবিধানে পঞ্চদশ সংশোধনীতে বলা হয়েছে, মেয়াদ অবসানের কারণে সংসদ ভেঙে যাওয়ার ক্ষেত্রে ভেঙে যাওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে [অনুচ্ছেদ ১২৩(৩)]। এতে ক্ষমতাসীন সরকারের মেয়াদের শেষ ৯০ দিনের মধ্যে দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চদশ সংশোধনীর অব্যবহিত আগে বিধান ছিল যে, মেয়াদ অবসানের কারণে অথবা মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিন. বিএনপির প্রধান কার্যালয়ে পুলিশের হামলা, বিরোধী জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের ও কারাগারে আটক, বিরোধী দলের হরতাল ও অবরোধ কর্মসূচি পালনকালে পুলিশের গুলিতে প্রাণহানি।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচনকালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে বিএনপির দাবি একাধিকবার নাকচ করে দেন। তার যুক্তি, দেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছেন এবং শুধু জনগণের দ্বারা নির্বাচিত জাতীয় সংসদের সদস্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পক্ষে রায় দিয়েছেন। সুতরাং অনির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন সর্বোচ্চ আদালতের রায়ের সঙ্গে সাংঘর্ষিক হবে। যেহেতু সরকারি ও বিরোধী দল সংলাপে বসতে রাজি হয়েছে এবং সংসদ নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে মূলত আলোচনা হবে বলে আশা করা যায়, সেহেতু সংলাপকে সফল করতে উভয় দলকে তাদের নিজ নিজ অবস্থান থেকে কিছুটা সরে আসতে হবে। জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত তারানকোসহ সকল বিদেশি সুহূদ ইতিমধ্যে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, নির্বাচনকালীন সরকারের কোনো ফর্মুলা তারা দেবেন না। তা এ দেশের জনগণই নির্ধারণ করবে। সংলাপকে সফল করার দায়িত্ব উভয় দলের ওপর বর্তালেও সরকারকে এক্ষেত্রে মূল ভূমিকা পালন করতে হবে। সংলাপকালে সরকারকে কয়েকটি বিষয় বিশেষভাবে স্মরণে রাখতে হবে। এগুলো হলো—-এক. সর্বোচ্চ আদালত অনির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেও আগামী দুইটি নির্বাচন অর্থাত্ দশম ও একাদশ সংসদ নির্বাচন ওই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্পন্ন করার কথা বলেছিল। সুতরাং ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত তত্ত্বাবধায়ক সরকারের মূল স্পিরিট বজায় রেখে আলোচনার মাধ্যমে কিছুটা সংশোধন ও পরিবর্ধন সাপেক্ষে তা পুনর্বহাল করার বিরোধী দলের দাবির যৌক্তিকতা স্বীকার করে নেয়া। তবে প্রাসঙ্গিক বিষয়ে সর্বোচ্চ আদালত ভবিষ্যতে অন্য কোনো রায় না দিলে এ ব্যবস্থা ওই দুই সংসদ নির্বাচনের জন্য কার্যকর থাকবে। এতে বিরোধী দলের কোনো আপত্তি থাকার কথা নয়। দুই. প্রধানমন্ত্রী সংসদ নির্বাচনকালে বিরোধী দলের প্রতিনিধি সমন্বয়ে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব করেছেন। এটি একটি ভালো প্রস্তাব। তবে এটির মূল সমস্যা হলো সরকার প্রধান নির্বাচন নিয়ে। সরকারি দল চায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবিত অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন। এখানে পঞ্চম সংসদের মেয়াদে অনুরূপ পরিস্থিতির কথা স্মরণে আনতে হবে। ১৯৯৪ ও ১৯৯৫ সালে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে জাতীয় পার্টি ও জামায়াতকে সঙ্গে নিয়ে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ দুর্বার আন্দোলন গড়ে তুললে তত্কালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিরোধী দলের প্রতিনিধি সমন্বয়ে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব করেন। খালেদা জিয়াকে সরকার প্রধান হিসেবে আওয়ামী লীগের আপত্তির কারণে উদ্যোগটি ব্যর্থ হয়। সুতরাং ক্ষমতাসীন আওয়ামী লীগের আশা করা উচিত নয় বিএনপি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রস্তাবিত অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মেনে নেবে। সমস্যাটি সমাধানে আওয়ামী লীগ ও বিএনপিকে সমঝোতায় উপনীত হতেই হবে। এটির সমাধানে বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগের অন্য যে কোনো সংসদ সদস্যকে প্রস্তাবিত অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রস্তাব করবে এবং আওয়ামী লীগ তা মেনে নেবে। তবে উক্ত সংসদ সদস্য আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তিন. প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর সেপ্টেম্বরে সংসদকে জানিয়েছিলেন যে, সংসদ ভেঙে দিয়ে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুতরাং সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করার বিরোধী দলের দাবি সরকার ইতিমধ্যে মেনে নিয়েছে। এখন প্রয়োজন শুধু বাস্তবায়ন। চার. নির্বাচনকালীন সরকার প্রশ্নে বিরোধী দলের সঙ্গে সমঝোতায় উপনীত হয়ে চলমান রাজনৈতিক সংকটের সমাধান করতে পারলে তা আওয়ামী লীগের ভাবমূর্তি বহুগুণ বদ্ধি করবে তা অনেকটা জোর দিয়ে বলা যায়। সংসদ নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সমঝোতায় পৌঁছাতে বিরোধী দল বিএনপিকে নিজেদের অবস্থান থেকে শুধু কিছুটা সরে আসতে হবে না, বরং প্রদান করতে হবে সর্বাত্মক সহযোগিতা। বিএনপিকে মনে রাখতে হবে যে, সংলাপ ব্যর্থ হলে এবং অগণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের চেয়ে তারা কম ক্ষতিগ্রস্ত হবে না। সংলাপে সমঝোতায় উপনীত না হলে এর পরিণতি কি হবে জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত তারানকো তা স্মরণ করিয়ে দিতে ভুলেননি।
সবশেষে যা বলা দরকার তা হলো, বড় দুই রাজনৈতিক দলের বোধোদয় আশাব্যঞ্জক। জনগণ আশা করে, সংলাপের মধ্য দিয়ে তারা চলমান রাজনৈতিক সংকট সমাধানে সফলকাম হবে। বাংলাদেশের চলমান সংঘাতের ফলে দেশটির ভবিষ্যত্ নিয়ে দেশবাসী ও বিদেশি সুহূদদের মধ্যে যে উদ্বেগ বিরাজ করছে তার অবসান ঘটবে। বাংলাদেশ তার আপন সত্তা নিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।
লেখক: সাবেক সচিব
E-mail:latifm43¦gmail.com
