হেফাজতে ইসলামের কাছে কি ইসলাম হেফাজত?
বাংলাদেশের মত গণতান্ত্রিক দেশে সভা-সমাবেশ করার অধিকার সকলের রয়েছে। তার ফলশ্রুতিতে ৫ মে হেফাজত কর্মীদের ঢাকা অবরোধ কর্মসূচির অনুমিত দেয় সরকার। কিন্তু তাদেরকে বসতে দিলে যে ঘুমাতে চাইবে সেটা জানা ছিল না সরকারের। পূর্ব ঘোষিত কর্মসূচি সফল করতে সকাল থেকে শাপলা চত্বরে জড়ো হয় হেফাজত কর্মীরা। বেলা গড়ানোর সাথে সাথে প্রকাশ পায় হেফাজত কর্মীদের আসল চেহারা। তারা শান্তিপূর্ণ কর্মসূচির বিপরীতে আইন-শৃঙ্খলাবাহিনীর উপর চড়াও হতে শুরু করে। শুরু হয় তুমুল সংঘর্ষ। এতে আইন-শৃঙ্খলাবাহিনীর অনেক কর্মী গুরুতর আহত হন। হেফাজত কর্মীদের শিকার মিডিয়া কর্মীরাও। অনেক মিডিয়া কর্মী গুরুতর আহত হন, কেড়ে নেয়া হয় মিডিয়াকর্মীদের ক্যামেরা। আগুন দেয়া হয় বায়তুল মোকাররম মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে। পুড়িয়ে দেয়া হয় খেটে-খাওয়া মানুষের শেষ সম্বল। হেফাজতের হাত থেকে রক্ষা পেল না সর্বোচ্চ ধর্মীয় গ্রন্থ আল-কোরআন। গাছ কেটে রাস্তা অবরোধ করা হল। মুহূর্তেই বদলে গেল ঢাকার চিরায়ত চেহারা। একপর্যায়ে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন পুলিশ, র্যাব, বিজিবি যৌথ অভিযানে অবশেষে গভীর রাতে আইন-শৃঙ্খলা আবার প্রশাসনের নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। যৌথবাহিনীর এই অভিযান অবশ্যই সকল মহলে প্রশংসার দাবিদার। কিন্তু আজ সকলের মনে একটাই প্রশ্ন— হেফাজতে ইসলামের কাছে আসলেই কি ইসলাম হেফাজত?
দিলোয়ার হোসেন
কৃষি অনুষদ (১ম বর্ষ)
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
৫ মে যা হয়েছিল
তা খুবই দুঃখজনক
সেই রাতে প্রতিদিনকার মতই ঘুমিয়ে পড়ি কিন্তু খুব একটা ঘুম হয়নি। হঠাত্ রাত আড়াইটায় বেজে ওঠে দূর সম্পর্কের এক আত্মীয়ের কল। কল ধরতেই শুনি ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠ। ভয়ে দুরু দুরু বুক নিয়ে সেই বলল- তারা সবাই পুলিশ, বিজিবি, র্যাব দ্বারা আক্রান্ত, ঘুট-ঘুটে অন্ধকার, ভয়ংকর গুলির শব্দ, চোখ জ্বালানো গ্যাস, মানুষের আতঙ্কিত আওয়াজ বলতে বলতে সেই কেঁদেই দিল। ভাই আমি এই শহর খুব বেশি চিনি না। কোন দিকে যাব, কি করব? এইভাবে বলতে বলতে লাইনটা কেটে গেল। সারা রাত আর ঘুম হল না। সকালে শুনি বহু মানুষের হতাহতের ঘটনা। প্রথমে বিশ্বাস করিনি- আজো পুরোপুরি সিওর না এই ব্যাপারে। শুধু একটা জিনিস আমাকে খুব ভাবায়— সরকার শাহবাগীদের তিন তিনটা মাস তিন স্তরের পাহারা দিয়ে জামাই আদর করেছে যেন মুক্তিযুদ্ধের চেতনা ফিরে পায়। রাসুল (সা.) আর ইসলামকে কটুক্তি করে খাট করার সাথে মুক্তিযুদ্ধের চেতনার কি সম্পর্ক? আমি বুঝি না। দেশের ধর্মপ্রাণ সাধারণ মানুষ আর যাই হোক প্রতিবাদের একটা মাধ্যম পেয়েছে তাই তারা ছুটে গিয়েছে রাসুল (সা.)-এর অপমানের বিচারের দাবি জানাতে। কারো মন্ত্রী হওয়ার আশা পূরণের জন্য নয় আর ব্যাংক লুট করার জন্যও নয়। এতো নিরস্ত্র মানুষের উপর গভীর রাতের অন্ধকারে বাতি নিভিয়ে, গ্যাস ছিটিয়ে এ্যাকশন চালানো সেটা আবার কি নীতি? ধরে নিলাম একজন মানুষও মরেনি। তাও কি এহেন কর্ম সাধন করা উচিত?
মো. মিজানুর রহমান
বি.এ অনার্স, ৪র্থ বর্ষ, আরবী সাহিত্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
শাপলা চত্বরে খর্ব হলো আমাদের গণতান্ত্রিক অধিকার
৫ মে গভীর রাতে সেই একই আন্দোলনরত হেফাজতে ইসলামী কর্মীদের উপর কেনো নির্যাতন চালানো হলো? এটা শুধু আমার প্রশ্ন না; আমি মনে করি এটা গোটা দেশের বিবেকবান নাগরিকের প্রশ্ন। কারণ হেফাজতে ইসলামের আন্দোলন কোন দলীয় আন্দোলন না। এটা পুরোটাই ইসলামের ভাব-দর্শনের উপর প্রতিষ্ঠিত। কোনো মুসলমান অস্বীকার করতে পারবে না যে, হেফাজতে ইসলামের ১৩-দফা দাবি ইসলাম ধর্মের বাইরে করা হয়েছে। গণতান্ত্রিক দেশে সুষ্ঠু আন্দোলন করার অধিকার আছে সবার, কিন্তু আন্দোলনকারীদের উপর অন্যায়ভাবে অত্যাচার করার কারোই অধিকার নেই। তাই বলতে চাই- মাদ্রাসায় ছোট ছোট ছাত্ররা যাদের এখনও বোঝার ক্ষমতা হয়নি তারা না বুঝে আন্দোলন, না বুঝে তাদের অধিকার সম্পর্কে। তাদের উপর কেন মানসিক চাপ দিয়ে বিভিন্ন জেলা থেকে শাপলা চত্বরে আনা হলো? যারা কিনা ইসলামের জ্ঞানের দিশারী ও বিজ্ঞ আলেম তাদের কাছ থেকে এরকম কর্ম আমরা আশা করিনি। কারণ আপনারা ভাল করেই জানেন আন্দোলনে কর্মীর সংখ্যা বাড়ানো এই অর্থ নয় যে, আপনাদের শক্তি আরও জোরে-সোরে প্রদর্শন করা। এটা আপনাদের চরম ভুল তা স্বীকার করতে হবে। আইন-শৃঙ্খলাবাহিনীর হামলার পর ছোট ছোট শিক্ষার্থীরা যে চরম এক খারাপ মুহূর্তে উপনীত হয়েছিল যার ফলশ্রুতিতে তারা ইসলামের উপর অন্যরকম মনোভাব সৃষ্টি হতে পারে যা হয়েছে। এদিকে আলেমদের খেয়াল বা সর্তক থাকা উচিত। ছোট অবস্থা থেকেই ইসলামের উপর ভাব-দর্শন খারাপ হয়ে উঠুক, মুসলমান হিসেবে এটা আমরা কেউই চাই না।
মো. ইমরুল কায়েস
কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদ
লেভেল-১, সেমিস্টার-১
শাপলা চত্বরে মধ্যরাতের হামলা গণতন্ত্রের
পরিপন্থি
৫ মে রাজধানীর শাপলা চত্বরে অবস্থানকালে হেফাজত কর্মীদের উপর যৌথবাহিনীর মধ্যরাতের অমানবিক হামলা এ দেশের গণতন্ত্রকে আরেকবার কলংকিত করল। যে সকল ধর্মপ্রাণ মুসলমান আল্লাহ ও তাঁর রাসুলের (স.) উপর আস্থা রেখে জীবন অতিবাহিত করে তারা রাসুলকে (স.) অপমানিত করাকে সহ্য না করাটাই স্বাভাবিক। ধর্মীয় চেতনায় বিশ্বাসী ধর্মপ্রাণ এই মুসলমানদের ১৩ দফা দাবি কি সরকারের কাছে এতটাই অযৌক্তিক মনে হয়েছে, যে কারণে গভীর রাতে বর্বর হামলা চালিয়ে তাদেরকে নির্যাতিত করা হল ? গণতান্ত্রিক দেশে দাবি চাওয়ার জন্য যদি হামলার স্বীকার হতে হয় তবে তা চরম মানবাধিকার লঙ্ঘন । সেই রাতে আড়াই হাজার লোক নিহত হওয়া নিয়ে ধূম্রজাল তৈরি হলেও কিছু লোক নিহত হয়েছে যা আড়াই হাজার নিচে চাপা পড়ে গেছে। তবে এই মৃত্যুর দায় কে নেবে ? হেফাজত কর্মী হলে হয় জঙ্গি, রানা প্লাজা ধসলে হয় দুর্ঘটনা ও বিশ্বজিত্ মরলে হয় বিচ্ছিন্ন ঘটনা। এই হচ্ছে আমাদের গণতান্ত্রিক রাষ্টের বৈশিষ্ট্য। জানি না কেমন নাগরিক হলে দাবি আদায় হবে, জীবনের নিরাপত্তা পাওয়া যাবে সেটা শুধু ভাবার বিষয় এই দেশে ।
মনিরুল ইসলাম (মনির)
অনার্স ৪র্থ বর্ষ (ইংরেজি বিভাগ)
ঢাকা কলেজ, ঢাকা।
