লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগের পর এবার হাতছাড়া হলো কোপা ডেল রে। গত শুক্রবার রাতে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে সর্বশেষ শিরোপাটিও খোয়ানোর পর রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো তাই ২০১২-১৩ মৌসুমকে আখ্যায়িত করলেন ‘ক্যারিয়ারের সবচেয়ে বাজে মৌসুম’ হিসেবে।
মরিনহোর দল বিপক্ষ ডিফেন্ডার হোয়াও মিরান্ডার অতিরিক্ত সময়ের গোলে সান্তিয়াগো বার্নাব্যুতে কোপা ডেল রে’র ফাইনালে হেরে যায় অ্যাতলেটিকোর কাছে। আর ২-১ গোলের এই পরাজয়ে নিশ্চিত হয়ে যায় বড় কোন শিরোপা ছাড়াই এবার মৌসুম শেষ করতে হচ্ছে স্প্যানিশ জায়ান্টদের। খেলাটিতে মরিনহো নিজেও দ্বিতীয়ার্ধের মাঝামাঝি মাঠের ধার থেকে বহিষ্কৃত হন।
ক্লাবের মতোই দারুণ হতাশাজনক এক মৌসুম কাটালেন পর্তুগীজ এই কোচ নিজেও। তাই এই মৌসুমকে মরিনহোর বর্ণাঢ্য ক্যারিয়ারে কালো দাগ বললেও অত্যুক্তি হবে না। কারণ স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ ক্যারিয়ারে প্রথমবারের মতো মৌসুম শেষ করলেন বড় কোন শিরোপা ছাড়া। ইউরোপের অন্যতম সেরা এই কোচ নিজেও স্বীকার করলেন সে কথা। বললেন মৌসুমটা তার মতো একজন কোচের জীবন বৃত্তান্তে কালিমাই লেপন করেছে। ৫০ বছর বয়সী মরিনহো এ ব্যাপারে বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে হতাশাজনক মৌসুম। অনেক কোচের জন্যই এটা হয়তো ভালো একটা বছর হিসেবেই গণ্য হবে, কিন্তু আমার জন্য সবচেয়ে জঘন্য।’
চলতি মৌসুমে মরিনহোর সাফল্য বলতে কেবল গত আগস্টের সুপার কাপ ট্রফি। তবে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের শিরোপা পারছে না তার ক্ষতে প্রলেপ লাগাতে। মরিনহো বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলেছি। কোপা ডেল রে’র ফাইনালও খেলেছি। তাছাড়া লিগ শেষ করেছি দ্বিতীয় স্থানে থেকে। তারপরও আমি বলবো কোচ হিসেবে এটাই আমার সবচেয়ে বাজে মৌসুম। বড় কোন শিরোপা ছাড়া আমি কখনোই মৌসুম শেষ করিনি, কারণ সুপার কাপ মোটেই গুরুত্বপূর্ণ কিছু না। তাই আপনি বলতেই পারেন এই মৌসুমে আমি ব্যর্থ এবং এটা আসলেই হতাশাজনক।’
রিয়ালকে তাদের বহু আরাধ্য ‘লা দেসিমা’ বা দশম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দিতে না পারলেও ক্লাবটিতে তিন বছরের সময়কালে নিজেকে পুরোপুরি ব্যর্থ ভাবতে রাজি নন এই পর্তুগীজ। তিনি বলেন,‘ এবছর আমি হয়তো ব্যর্থ তবে, প্রথম দুই মৌসুমে আমি সফল ছিলাম।’
