মাঠ থেকে এ মৌসুম শেষেই বিদায় নেয়ার ঘোষণা দিলেও মাঠের বাইরে ডেভিড বেকহ্যামকে অচিরেই দেখা যেতে পারে নতুন কোন ভূমিকায়। কারণ বেকহ্যাম নিজেই নাকি থাকতে চাচ্ছেন তার বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেই’র সঙ্গে। ক্লাব প্রেসিডেন্ট নাসের আল-খেলাফি গত শুক্রবার এমনটাই জানালেন সাংবাদিকদের।
খেলাফি বলেন, ‘আমি গতকাল (বৃহস্পতিবার) তার সঙ্গে দেখা করেছি। প্যারিস সেন্ট জার্মেই’র বিশাল ভবিষ্যত্ পরিকল্পনার অংশ হতে সে দারুণ আগ্রহী। কারণ সে এই পরিকল্পনাটাকে বিশ্বাস করে। সে ক্লাবটাকে ভালবাসে এবং এখানে গত ছয় মাস সে উপভোগ করেছে। তাই আমরা এব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা আগামী দু’সপ্তাহ এনিয়ে আলোচনা করবো। যদি কোন সমঝোতায় পৌঁছানো যায়, তাহলে সেটা আমরা জানাবো।’ আর এই আলোচনা ফলপ্রসূ হবে বলেই আশাবাদী খেলাফি। তিনি বলেন, ‘আমরা তাকে বলেছি, তোমার জন্য সবসময়ই দরজা খোলা। সে যুক্ত থাকতে চেয়েছে এবং আমরা ভেবে দেখছি কোন্ ভূমিকায় তাকে যুক্ত রাখা যায়।’
