রিয়ালকে হারিয়ে অ্যাতলেটিকোর ১০ম শিরোপা

আপডেট : ১৮ মে ২০১৩, ২১:৫৩
অ্যাতলেটিকো মাদ্রিদ ১৪ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রতিবেশী রিয়াল মাদ্রিদকে পরাস্ত করে দশমবারের মতো স্পেনের কোপা ডেল রে জিতলো। গত শুক্রবার সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত এ ফাইনালে দলটি রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারায়। ঘটনাবহুল এ শিরোপা লড়াইয়ে লাল কার্ড দেখে মাঠছাড়া হতে হয় স্বাগতিক কোচ জোসে মরিনহো ও তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদোকে। মাদ্রিদের দুটি দলের এ উত্তেজনাপূর্ণ লড়াইয়ে অ্যাতলেটিকোকেও দশ জনের দলে পরিণত হতে হয়। কেননা তাদের গাবি দ্বিতীয় দফায় হলুদ কার্ড পেয়ে মাঠছাড়া হন। খেলা শেষে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবরও দেয়া বার্তাসংস্থাগুলো। স্ট্রাইকার রোনালদো সরাসরি লাল কার্ড দেখেন। তখন খেলার বাকি ছয় মিনিট। ওই সময়ে গাবির সাথে বলের লড়াইয়ে গিয়ে ক্রুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মাঠ থেকে বহিষ্কৃত হন চলতি মৌসুমে ৫৫তম গোল করা খেলোয়াড়টি। মরিনহো লাল কার্ড দেখেন ৭৬ মিনিটের সময় রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে। অ্যাতলেটিকো ১৯৯৯ সালের পর এই প্রথম রিয়ালকে হারালো। এল ডার্বি হিসেবে পরিচিত লড়াইটিতে রিয়ালের বিপক্ষে অ্যাতলেটিকো ১৪ বছর পর ২৬তম চেষ্টায় সাফল্যের মুখ দেখে। রোনালদোর হেড থেকে পাওয়া গোলে অ্যাতলেটিকো পিছিয়ে পড়লেও দিয়েগো কোস্টা ও জোয়াও মিরান্ডা বিরল এ জয়টি নিশ্চিত করেন। মিরান্ডার হেড থেকে জয়সূচক গোলটি আসে নির্ধারিত সময়ে ১-১ থাকা খেলাটি অতিরিক্ত সময়ে গড়ালে। রোনালদো ১৪ মিনিটে লুকা মোড্রিচের কর্নারে হেডটি করে দলকে ভাল সূচনাই এনে দিয়েছিলেন। কিন্তু কোস্টা বিরতির দশ মিনিট আগে খেলায় সমতা ফেরান। অপরদিকে মিরান্ডার গোলটি আসে খেলা যখন অতিরিক্ত সময়ের নবম মিনিটে। রিয়াল মাদ্রিদের দুর্ভাগ্য তাদের তিন ফরোয়ার্ড মেসুট ওজিল, করিম বেনজেমা ও রোনালদোর শট পোস্টে লেগে বিফলে যায়। তারপরও শিরোপা জয়ের পর আবেগ প্রবণ হয়ে পড়েন অ্যাতলেটিকো কোচ দিয়েগো পাবলো সিমিওনে। দলটিকে ইউরোপা লিগে তোলা এবং ইউরোপীয়ান সুপারকাপ জেতানো এই কোচ তাই বলেন, ‘এরকম সময়ে পরিবারের কথা মনে পড়ে যায়। তারা অনেক দূরে, অ্যাতলেটিকোর রংয়ে রাঙ্গানো একটা ঘরে বসে বন্ধুদের সাথে খেলাটি দেখছে এবং যা ঘটেছে সেজন্য খুবই আবেগাক্রান্ত।’ আর্জেন্টাইন সিমিওনে আরো বলেন, ‘আমাদের ছিল বিজয়ীর ভাগ্য। কিন্তু আমি আসার পর গত দেড় বছরে এই ছেলেগুলো যা করেছে তা বর্ণনার ভাষা নেই।’ দলের জয়ের অন্যতম নায়ক ছিলেন গোলরক্ষক থিবট কোর্টইস যিনি ইনজুরি টাইমেও দুটি দুর্দান্ত আক্রমণ ঠেকিয়ে দিয়ে দলের অগ্রগামিতা টিকিয়ে রাখেন এদিন। সঙ্গত কারণেই তিনি বলতে পারেন, ‘আমি খুবই খুশি। আমাদের কিছুটা ভাগ্য ছিল বলেই তাদের শটগুলো পোস্টে আটকে যায়। তবে আমরা ভালোও খেলেছি। আমি নিজে দুটো বিপদ রুখেছি। আমি খুবই আনন্দিত। রিয়াল মাদ্রিদের খেলাগুলোয় আমার পারফর্মেন্স নিয়ে সমালোচনা ছিল। কিন্তু আজ অসাধারণ একটা দিন।’ রিয়াল অধিনায়ক সের্জিও র্যামোস ১২০ মিনিটের খেলায় তাদের বিফলে যাওয়া সুযোগগুলোর জন্য অনুতাপে বিদ্ধ হন। তিনি বলেন, ‘প্রথম গোলের পর আমরা হয়তো কিছুটা গা ছেড়ে দিয়েছিলাম। তারপরও আমরা চার কিংবা পাঁচটি সহজ সুযোগ পেয়েছিলাম। কিন্তু এসব সুযোগ কাজে লাগাতে না পারলে আপনাকে পস্তাতেই হবে। এটাই বাস্তবতা এবং আমাদের এটা মেনে নিতে হবে।’ মরিনহো এদিনও তার সমালোচনা করা ডিফেন্ডার পেপেকে খেলাননি। চলতি মৌসুম শেষে আবার চেলসিতে যাওয়ার ব্যাপারে ব্যাপক গুঞ্জনের মধ্যে থাকা কোচটির অনুপ্রেরণা ছিল তার অধীনে অনুষ্ঠিত আগের আটটি মাদ্রিদ ডার্বিতে কখনোই জেতেনি অ্যাতলেটিকো। কিন্তু এদিন সেই জয়ের ধারায় ছেদ টেনে দিল নগর প্রতিদ্বন্দ্বীরা।