গিলক্রিস্টের পাঞ্জাবের কাছে মুম্বাইয়ের আত্মসমর্পণ

আপডেট : ১৮ মে ২০১৩, ২১:৫৪
অ্যাডাম গিলক্রিস্টকে এত উচ্ছ্বল-আনন্দে ভেঙে পড়তে দেখা গেছে খুব কমই। যেমনটা গতকাল শনিবার দেখলেন ধর্মশালার দর্শকরা। আর এর কারণও আছে বৈকি। গত এক দশকেরও বেশি সময় ধরে বোলারদের উপর তাণ্ডব চালিয়ে আসা এই উইকেটকিপার-ব্যাটসম্যান গতকাল যে সাফল্য পেয়েছেন বল হাতে! আর গিলক্রিস্টের এই আনন্দের দিনে হেসেছে তার দলও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গতকালের প্রথম ম্যাচে শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫০ রানের বড় ব্যবধানে হারিয়ে কিংস ইলেভেন পাঞ্জাব টিকে রইলো প্লে-অফের লড়াইয়েও। এই জয়ে অবশ্য পয়েন্ট টেবিলে পাঞ্জাবের অবস্থার খুব বেশি পরিবর্তন হয়নি। বর্তমানে তাদের অবস্থান ষষ্ঠ, তবে রদবদল হয়েছে মুম্বাইয়ের। শীর্ষস্থানে থাকা শচীন টেন্ডুলকারের দলটি এই হারের ফলে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। ১৫ ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস রয়েছে শীর্ষে। মুম্বাই এক ম্যাচ বেশি খেলে ২২ পয়েন্ট অর্জন করেছে। আর পাঞ্জাবের সংগ্রহ ১৬ ম্যাচে ১৬ পয়েন্ট। পাঞ্জাবের জয়ের ভিত্তি গড়ে দেন মূলত ম্যাচ সেরা আজহার মেহমুদ। গিলক্রিস্ট ও মন্ডিপ সিং ৬ রানের মধ্যে বিদায় নিলে মেহমুদ ও শর্ন মার্শ মিলে ১৪৮ রানের জুটি গড়েন। মালিঙ্গার বলে এলবিডব্লিউ হওয়ার আগে মেহমুদ ৮০ রান করেছেন মাত্র ৪৪ বলে। এর মধ্যে ছিল চারটি ছয় ও আটটি চারের মার। অন্যদিকে মার্শ করেন ৪৭ বলে ৬৩ রান। শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেটের পতন হলেও ১৮৩ রানের বড় স্কোরই গড়ে পাঞ্জাব। শচীনবিহীন মুম্বাইকে ভালো সূচনা এনে দিতে ব্যর্থ হন মুম্বাই’র টপ অর্ডাররা। রাইডুর ২২ বলে ২৬ ও শর্মার ২৫ বলে করা ২৫ রানের ইনিংসগুলো জয়ের জন্য যথেষ্ট ছিল না। ১৩৩ রানে থেমে যায় মুম্বাইয়ের ইনিংস। ম্যাচ শেষে গিলক্রিস্ট নিজেই উন্মোচন করেছেন তার বাঁধভাঙ্গা উদযাপনের রহস্য। তিনি বলেন, ‘হরভজন অনেকবার আমাকে আউট করেছে। আজ তার উইকেট আমি নিয়েছি। তাই আমার এই উল্লাস।’ আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে পুনে ওয়ারিয়র্স ও দিল্লি ডেয়ারডেভিলস মুখোমুখি হবে পুনে স্টেডিয়ামে। অন্যদিকে এবং হায়দ্রাবাদে লড়বে সানরাইজার্স হায়াদ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স।