[ আ লো ক পা ত ]

টিকফা :গলায় আরেকটি গোলামির ফাঁস

আপডেট : ১৯ মে ২০১৩, ২১:০১
যুক্তরাষ্ট্র নাছোড়বান্দা। বাংলাদেশকে সে এবার ‘বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার কাঠামোগত চুক্তি’ বা Trade and Investment Coopera-tion Framework Agreement (TICFA) স্বাক্ষর না করিয়ে ছাড়বে না বলেই মনে হচ্ছে। বিষয়টি গুরুতর! কারণ, এই চুক্তি স্বাক্ষর হলে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ, বিশ্ব পরিসরে অনুন্নত দেশগুলোর আপেক্ষিক দরকষাকষির ক্ষমতায় এবং সর্বোপরি বাংলাদেশের ও এই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থায় মার্কিন নিয়ন্ত্রণ বেড়ে যাবে। ফলে আমাদের দেশের অর্থনৈতিক স্বার্থ এবং জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা বহুলাংশে হাতছাড়া হয়ে যাবে। মেলার মানুষকে ভালুক নাচের খেলায় ব্যস্ত রেখে তাদের পকেট কেটে নেয়ার সাজানো জোচ্চুরির মতো রাজনৈতিক সহিংসতা, নৈরাজ্য, অনিশ্চয়তার প্রতি মানুষের মনোযোগ আটকে রেখে আমেরিকা এই ‘টিকফা’ চুক্তি আদায় করার কায়দা করে নিয়েছে। বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা-বিতর্ক পাশ কাটিয়ে, চুক্তির বিষয়সমূহ বহুলাংশে গোপনীয়তার চাদরে ঢেকে চুক্তিটি সম্পাদন করার ব্যবস্থা করা হয়েছে। এক যুগ আগে আমেরিকার উদ্যোগে ২০০১ সালে ‘টিকফা’ ধরনের একটি চুক্তি সম্পর্কে আলোচনা ও চুক্তির খসড়া প্রণয়নের কাজ শুরু হয়েছিল। ১৩টি ধারা ও ৯টি প্রস্তাবনা সম্বলিত এই চুক্তির প্রথম খসড়াটি তৈরি হয়ে যায় ২০০২ সালেই। ২০০৪ সালে ও তারও পরে ২০০৫ সালে খসড়াটিকে সংশোধিত রূপ দেয়া হয়। সে সময় ধারার সংখ্যা কমিয়ে ও প্রস্তাবনার সংখ্যা বাড়িয়ে (মূলত যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি আধিপত্যবাদী উদ্দেশ্যগুলোকে প্রস্তাবনার অংশে ঢুকিয়ে সেগুলোকে আড়াল করার জন্য) চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়। চুক্তিটি স্বাক্ষর হয় হয় অবস্থায় দেশের বামপন্থি শক্তি ও ব্যবসায়ী-শিল্পপতিদের একটি অংশের প্রবল প্রতিবাদের মুখে চুক্তিটি তখন সই করা অসম্ভব হয়ে পড়ে। এরপর থেকে এই চুক্তি স্বাক্ষরের জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর ক্রমাগত চাপ দিয়ে এসেছে। প্রথমে চুক্তিটির নাম ছিল ‘টিফা’। সেখানে ‘Cooperation’ শব্দটি ছিল না। সমালোচনা এড়িয়ে চুক্তিটি সম্পর্কে ধূম্রজাল সৃষ্টির জন্য তারা ‘সহযোগিতা’ (Cooperation) শব্দটি যোগ করে ‘টিফা’কে ‘টিকফা’ নামকরণ করেছে। শোনা যাচ্ছে, Investment শব্দটি বাদ দিয়ে সেখানে ‘Economic’ শব্দটি ব্যবহার করে চুক্তিটির নাম করা হবে ‘TECA’। এদিকে চাপ প্রয়োগের জন্য তারা বাংলাদেশকে ক্রমাগত হুমকিও দিচ্ছে। ব্ল্যাকমেইলিং-এর ভাষায় এমনও বলেছে যে, এই চুক্তি না করলে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সহযোগিতার ওপর তার নেতিবাচক প্রভাব পড়বে। এই ‘টিকফা’ চুক্তির বিষয়বস্তু আসলে কি? তার আসল উদ্দেশ্যইবা কি? ‘টিকফা’ চুক্তির সর্বশেষ খসড়া বয়ানটি যেহেতু গোপন রাখা হয়েছে (স্বচ্ছতার প্রয়োজনীয়তা সম্পর্কে যুক্তরাষ্ট্র সবাইকে সবক দেয়া সত্ত্বেও) তাই এক্ষেত্রে ২০০৫ সালে ‘টিফা’র জন্য প্রণীত খসড়ার বিষয়বস্তু যতোটা জানা গিয়েছিল সেই ভিত্তিতে কথিত ‘টিকফা’ সম্পর্কে পর্যালোচনা করা ছাড়া গত্যন্তর নেই। চুক্তিটির ১৫, ১৬ ও ১৭ নং প্রস্তাবনায় মেধাস্বত্ব অধিকার (Intellectual Property Rights)-TRIPS, আন্তর্জাতিক শ্রমমান সংরক্ষণ, পরিবেশ ও বাণিজ্য স্বার্থকে সমান গুরুত্ব দেয়া ইত্যাদি প্রসঙ্গ অন্তর্ভুক্ত করা হয়েছে। এই চুক্তির ফলে মেধাস্বত্ব অধিকার প্রতিষ্ঠা পেলে তা আমাদের দেশকে মারাত্মক ক্ষতির সম্মুখীন করবে। তথ্য-প্রযুক্তি খাতেই দেশকে সফটওয়্যার লাইসেন্স ফি বাবদ ৫ হাজার কোটি টাকার বেশি (৬০ কোটি ডলার) ক্ষতির সম্মুখীন হতে হবে। ওষুধ শিল্পকে পেটেন্ট আইনের অধীনে মাশুল দিতে হবে এবং তার ফলে তার অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তৈরি পোশাক শিল্পকেও ব্র্যান্ড নামে ব্যবহূত এ দেশের তৈরি এক্সেসরিজের জন্য সংশ্লিষ্ট মার্কিন কোম্পানিকে নজরানা দিতে হবে। বাসমতি চাল, চিরতার রস, নিমের দাঁতন ইত্যাদি হেন বস্তু নেই যা আগেভাগেই মার্কিনীসহ বিদেশি কোম্পানিরা পেটেন্ট করে রাখেনি। মেধাস্বত্ব অধিকারের ধারা প্রয়োগ করে তারা এসবকিছুর জন্য রয়েলটি প্রদানে বাংলাদেশকে বাধ্য করার জন্য ‘টিকফা’ চুক্তি স্বাক্ষর করতে এভাবে চাপাচাপি করছে। মানবাধিকার (আমেরিকার মুখে মানবাধিকারের কথা ‘ভূতের মুখে রাম নামের’ মতো ব্যাপার হওয়া সত্ত্বেও), শ্রম পরিবেশের মান ইত্যাদি বিষয়কে অশুল্ক বাধা (non tarif barrier) হিসাবে চিহ্নিত করে মার্কিনীরা এই চুক্তি দ্বারা বাংলাদেশকে ‘উত্তোরণ অসাধ্য প্রতিকূলতায়’ আটকে ফেলার ফন্দি করেছে। কয়েক শতাব্দী ধরে তারা আমাদের মতো দেশে ঔপনিবেশিক শাসন চালিয়ে, নিজ নিজ দেশে নির্মম ও অমানবিক শ্রম-শোষণ চালিয়ে, শ্রম পরিবেশের ক্ষেত্রে দাসসুলভ মান বজায় রেখে এখন উন্নত ধনী দেশে পরিণত হয়েছে। এখন আমরা উন্নয়নের পথ গ্রহণ করা মাত্রই সমানে সমানে প্রতিযোগিতায় নামার কথা বলে আমাদের ওপরে তাদের মতো সমান মাত্রার শর্তাবলী চাপিয়ে দিতে চাচ্ছে। এ যেন হাত-পা খোলা মোটা-তাজা মানুষ কর্তৃক পেছনে হাত বাঁধা অনাহারী মানুষকে সমানে সমানে কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো! এই চুক্তির খসড়ায় পণ্য ও পুঁজির চলাচলকে অবাধ করার কথা বলা হলেও (সেই সূত্রে মুনাফার শর্তহীন স্থানাস্তরের গ্যারান্টির কথা বলা হলেও) শ্রমশক্তির অবাধ যাতায়াতের সুযোগের কথা কিছুই বলা হয়নি। অথচ শ্রমশক্তিই হলো আমাদের সবচেয়ে আকর্ষণীয় ও মূল্যবান সম্পদ, যার রফতানির ক্ষেত্রে আমাদের রয়েছে বিপুল আপেক্ষিক সুবিধা। কিন্তু সেক্ষেত্রে ‘খোলা বাজার’ নীতিটি যুক্তরাষ্ট্র প্রয়োগ করতে রাজি নয়। তারা তা প্রয়োগ করতে প্রস্তুত কেবল পুঁজি এবং পণ্য ও সেবার ক্ষেত্রে, যেক্ষেত্রে তার রয়েছে বাংলাদেশের তুলনায় অনেক বেশি আপেক্ষিক সুবিধা। অন্যদিকে, এই চুক্তিতে ‘শুল্ক বহির্ভূত বাধা’ দূর করার শর্ত চাপানো হলেও ‘শুল্ক বাধা’ দূর করার কথা বেমালুম এড়িয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের রফতানিকৃত তৈরি পোশাক শিল্পের পণ্যের ক্ষেত্রে গড় আন্তর্জাতিক শুল্ক যেখানে ১২%, যুক্তরাষ্ট্রের তা ১৫%। যুক্তরাষ্ট্রে তার গড় আমদানি শুল্কহার ১ শতাংশের মতো। অথচ বাংলাদেশের পোশাক আমদানির ক্ষেত্রে তা ১৫%। ৯৭% পণ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জিএসপি সুবিধা দিলেও মাত্র ২২ মিলিয়ন ডলারের বিশেষ কোটা বাদে পোশাক শিল্পের পণ্যকে এই সুবিধার আওতার বাইরে রাখা হয়েছে। ফলে ‘টিকফা’ চুক্তি থেকে বাংলাদেশের হারাবার ছাড়া পাবার তেমন কিছুই নেই। বাংলাদেশকে ‘টিকফা’ চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র এতো তত্পর হয়েছে কেন? সরাসরি আর্থিকভাবে লাভবান হওয়া ছাড়াও এর পেছনে যুক্তরাষ্ট্রের আরো একটি গূঢ় উদ্দেশ্য রয়েছে। একটি স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তৃতীয় বিশ্বের পক্ষে প্রতিনিধিত্ব করার সুযোগ মাঝে-মধ্যেই পেয়ে থাকে। সেসব স্থানে মার্কিন স্বার্থের বিরোধিতা করার সুযোগ থেকে বাংলাদেশকে বিরত রাখাটা এই চুক্তির অন্যতম লুক্কায়িত এজেন্ডা। চুক্তির ১৮ নং প্রস্তাবনায় বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একত্রে ‘দোহা ডেভেলপমেন্ট এজেন্ডার’ সফল বাস্তবায়নে সহযোগিতামূলক প্রয়াস শক্তিশালী করবে। দোহায় অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলনে গৃহীত ‘দোহা ডেভেলপমেন্ট এজেন্ডার’ মূল বিষয়গুলো হলো—অকৃষিপণ্যের বাজার উন্মুক্তকরণ, কৃষি থেকে ভর্তুকি প্রত্যাহার, মেধাজাত সম্পত্তি অধিকার (ট্রিপস) এবং সার্ভিস বা পরিবেশ খাতে বিনিয়োগ উদারীকরণ ইত্যাদি। কিন্তু এসব বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের স্বার্থ অভিন্ন নয়। বরং এসব ক্ষেত্রে মার্কিন স্বার্থের সাথে বাংলাদেশের স্বার্থের গুরুতর বিরোধ আছে। অথচ এই চুক্তির সুবাদে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে মার্কিনের পক্ষে এবং স্বল্পোন্নত দেশের বিপক্ষে বাংলাদেশকে দাঁড় করানোর সুযোগ পাবে মার্কিন যুক্তরাষ্ট্র। এই দ্বিপাক্ষিক চুক্তিকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে অবস্থান নিতে বাধ্য করতে পারবে। এ কথা সকলেই জানেন যে, বিভিন্ন দেশ বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলো তাদের অভিন্ন ও সাধারণ স্বার্থসংরক্ষণে সম্মিলিতভাবে আন্তর্জাতিক ও বহুপাক্ষিক নানা ফোরামে অবস্থান নিতে পারে। কিন্তু ‘টিকফা’র মতো দ্বিপাক্ষিক চুক্তির কারণে বাংলাদেশ স্বাধীনভাবে তা করতে পারবে না। শুধু তাই নয়, ‘টিকফা’ চুক্তির কারণে বাংলাদেশ তার জাতীয় স্বার্থরক্ষায় আন্তর্জাতিক পরিসরে বহুপাক্ষিকভাবে প্রচেষ্টা চালাবার সুযোগও বহুলাংশে হারাবে। উপরন্তু বাণিজ্য সমস্যা বহুপক্ষীয়ভাবে সমাধানের বদলে তা মার্কিনের সঙ্গে দ্বিপক্ষীয়ভাবে সমাধানের ফাঁদে পড়বে বাংলাদেশ। দুই পক্ষের মধ্যে এক পক্ষ প্রবল শক্তিশালী হলে দ্বিপাক্ষিক সমস্যার সমাধান স্বাভাবিক কারণেই দুর্বলের নয়, বরং সবলের পক্ষেই যায়। সে কারণে বাংলাদেশকে সব সময়ই ক্ষতিগ্রস্ত হতে হবে। চুক্তিতে এ কথা আছে যে, দুই পক্ষের মধ্যে কারো বাণিজ্য ও বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করতে যদি কোনো এক পক্ষ ব্যর্থ হয় তাহলে অপরপক্ষ তাকে ‘সহযোগিতা’ দিবে। স্পষ্টতই চুক্তির এই ধারাতে বাণিজ্যের পাশাপাশি ‘বিনিয়োগের সুরক্ষার’ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। বিনিয়োগ ও তার সুরক্ষার বিষয়টি প্রায় সর্বাংশে যুক্তরাষ্ট্রের বিষয়। যুক্তরাষ্ট্রে বা অন্য কোনো দেশে বিনিয়োগ করার শক্তি বা ক্ষমতা বাংলাদেশের তেমন নেই। কিন্তু বাংলাদেশে ও সারাবিশ্বে যুক্তরাষ্ট্র একটি প্রধান বিনিয়োগকারী দেশ। চুক্তির বিধান অনুসারে যুক্তরাষ্ট্রের সেই বিনিয়োগ সুরক্ষার দায়িত্ব বাংলাদেশের। বাংলাদেশ যদি সে কাজে অপারগতা প্রদর্শন করে তাহলে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ সুরক্ষার কাজে ‘সহযোগিতা’ দিবে। এই ‘সহযোগিতার’ স্বরূপ কি হতে পারে? ধরা যাক, বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির পিএসসি’র মাধ্যমে বিনিয়োগ করলে সেই বিনিয়োগের সুরক্ষা করা বাংলাদেশের কর্তব্য হয়ে উঠবে। এক্ষেত্রে বিষয়টি বাংলাদেশের সমুদ্রসীমার সামরিক নিরাপত্তার প্রশ্নের সাথে সম্পৃক্ত তা যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তার সক্ষমতা বাড়ানোর কাজে ‘সহযোগিতা’ দেয়ার ‘সুযোগ’ খুলে দিবে। চুক্তির এই বিষয়ের সাথে আমরা যদি বঙ্গোপসাগরে মার্কিন নৌ উপস্থিতি, নৌঘাঁটি স্থাপন, বাংলাদেশের অরক্ষিত সমুদ্রসীমা রক্ষার কাজে সহযোগিতা ইত্যাদি বিষয়ে আগ্রহ সম্পর্কে একদিকে জোরালো মার্কিনী বক্তৃতা-বিবৃতি এবং অন্যদিকে সমুদ্রে তেল-গ্যাস উত্তোলনের জন্য মার্কিন তেল কোম্পানিগুলো কর্তৃক পিএসসি চুক্তির মাধ্যমে বিভিন্ন ব্লক ইজারা নিয়ে নেয়ার কথা একসাথে হিসেবে নেই তাহলে কারো পক্ষেই মার্কিন উদ্দেশ্য সম্পর্কে দুয়ে দুয়ে চারের অঙ্ক মিলিয়ে নিতে অসুবিধা হওয়ার কথা নয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের বিশ্ব রাজনৈতিক-সামরিক স্ট্র্যাটেজির প্রধান দিক নির্দেশ হলো- ‘গণচীনকে ঘেরাওয়ে রেখে তাকে নিবৃত করা’। এজন্য এশীয়-প্রশান্ত মহাসাগরীয় এলাকাকে সে তার আন্তর্জাতিক তত্পরতার প্রধান কেন্দ্রে পরিণত করেছে এবং এখানেই তার বিদেশে অবস্থানরত নৌসেনার বেশিরভাগ মোতায়েন করেছে। বাংলাদেশকে এই স্ট্র্যাটেজিতে আরো শক্ত করে আটকে ফেলাটা যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কথিত ‘সন্ত্রাসের বিরুদ্ধে গ্লোবাল যুদ্ধের’ আঞ্চলিক সহযোগী করাটাও তার আরেকটি উদ্দেশ্য। এসব ভূ-রাজনৈতিক ইস্যুতে বাংলাদেশকে নিজেদের পরিকল্পনায় আরো নিবিড় ও কাঠামোগতভাবে অন্তর্ভুক্ত করার জন্যই ‘টিকফা’ স্বাক্ষরে যুক্তরাষ্ট্রের এরূপ মরিয়া প্রয়াস। এমনিতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক গোপন সামরিক চুক্তি রয়েছে। এসবের সাথে ‘টিকফা’ স্বাক্ষরিত হলে বাংলাদেশের সার্বভৌমত্ব ও সাথে সাথে তার নিরাপত্তা গুরুতরভাবে ক্ষুণ্ন হবে। উদারীকরণ, মুক্তবাজার, ব্যক্তি খাতের অবাধ আন্তর্জাতিক প্রবাহ, পুঁজি বিনিয়োগ, মুনাফা স্থানান্তরের নির্বিঘ্ন গ্যারান্টি, বাজার সংরক্ষণ নীতি পরিহার ইত্যাদি বিষয়ে বাংলাদেশকে অঙ্গীকারবদ্ধ করে ‘টিকফা’র মাধ্যমে এদেশের অর্থনীতিকে ‘পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী বিশ্বায়নের’ কাঠামোর মধ্যে আটকে ফেলার ব্যবস্থাপত্র হাজির করা হয়েছে। অথচ পুঁজিবাদী মুক্তবাজার ব্যবস্থা, নয়া উদারবাদী পথ, অর্থনৈতিক নির্ভরশীলতা, দেশকে নয়া উপনিবেশবাদের শিকারে পরিণত হতে দেয়া ইত্যাদি ব্যবস্থা সংবিধানের দ্বিতীয় অধ্যায়ের ৮, ১৩, ১৪, ১৫, ১৯, ২০ ইত্যাদি ধারায় উল্লেখিত নির্দেশনাগুলোর সুস্পষ্ট বরখেলাপ। এগুলো চার রাষ্ট্রীয় মূলনীতির অন্যতম ‘সমাজতন্ত্রের’ সরাসরি বিপরীতমুখী। সংবিধানে বর্ণিত রাষ্ট্রীয় নীতিমালা ও তার বিধি-বিধান-দিকনির্দেশনা লংঘন করে ‘টিকফা’ স্বাক্ষর করলে তা হবে অবৈধ ও সংবিধান পরিপন্থি কাজ। বাংলাদেশের সংবিধানে ১৪৫(ক) ধারায় আন্তর্জাতিক চুক্তি সম্পর্কে বলা হয়েছে যে, ‘বিদেশের সাথে সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে, এবং রাষ্ট্রপতি তাহা সংসদে পেশ করিবার ব্যবস্থা করিবেন; তবে শর্ত থাকে যে, জাতীয় নিরাপত্তার সহিত সংশ্লিষ্ট অনুরূপ কোনো চুক্তি কেবলমাত্র সংসদের গোপন বৈঠকে পেশ করা হইবে।’ ‘টিকফা’ চুক্তির ধারাসমূহ নিয়ে গোপনীয়তা ও রাখঢাক করার যে চেষ্টা চলছে তা সংবিধানের ১৪৫(ক) ধারার বরখেলাপ। ‘টিকফা’ হলো বাংলাদেশের জন্য আরেকটি সর্বনাশের বার্তা। দেশের গলায় আরেকটি গোলামির ফাঁস পরানোর পাঁয়তারা। এই সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র রুখতে হবে। এ কাজ শুধু বামপন্থিদের নয়, সব দেশপ্রেমীকের। লেখক : সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি E-mail : [email protected]