শ্রীশান্থদের স্পট ফিক্সিং কাণ্ড নিয়ে যে আরও অনেক জল ঘোলা হবে, সেটা শুরু থেকেই বোঝা যাচ্ছিল। এই ঘটনায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাবমূর্তি।
এই ভাবমূর্তি বাঁচানোর জন্য নানা উদ্যোগ নিতে শুরু করেছে বিসিসিআই। এর মধ্যে একটি বড় উদ্যোগ হচ্ছে, খেলোয়াড়দের এজেন্টদের পরিচয়পত্র চালু করা এবং প্রতিটি আইপিএল দলের সঙ্গে একজন করে দুর্নীতি দমন কর্মকর্তা নিয়োগ দেয়া হবে। এ ছাড়া পুরো ঘটনা নিজেদের মতো করে তদন্ত করার জন্য কমিটিও গঠন করে ফেলেছে তারা। একই সঙ্গে বিসিসিআই যে দুর্নীতির বিপক্ষে যথেষ্ট শক্ত অবস্থানে আছে, সেটা প্রমাণের জন্য অভিযুক্তদের বিপক্ষে মামলা করার কথাও ভাবছিল তারা। কিন্তু আইন অনুমোদন না করায় বিসিসিআই নিজে মামলা করছে না; মামলা করাচ্ছে সংশ্লিষ্ট দল রাজস্থান রয়্যালসকে দিয়ে!
গত ১৬ মে, বৃহস্পতিবার ক্রিকেট বিশ্বকে আরেকবার কাপিয়ে দেয়া সর্বশেষ এই ফিক্সিং কেলেঙ্কারি উন্মোচন করে দিল্লী পুলিশ। আইপিএলে একাধিক ম্যাচে বাজিকরদের কাছ থেকে টাকা নিয়ে চুক্তি মোতাবেক বোলিং করার দায়ে গ্রেপ্তার হন তিন ক্রিকেটার ও ১১ জন বাজিকর; পরে জানা যায়, বাজিকরদের মধ্যেও আসলে একজন ক্রিকেটার আছেন! পরপর মুম্বাই, দিল্লী ও চেন্নাইতে অভিযান চালিয়ে এ পর্যন্ত আরও অন্তত জনা বিশেক বাজিকরকে গ্রেপ্তার করা হয়েছে; গ্রেপ্তার হয়েছেন আপাতত যোগাযোগর প্রধান বলে কথিত জিজু জনার্ধন।
ঘটনার পরদিনই নয়াদিল্লীর আদালত সংশ্লিষ্ট সবাইকে ৫ দিনের রিমান্ডে পাঠান। রিমান্ডে খেলোয়াড়রা শুরুতেই সব দোষ কবুল করে নিয়েছেন বলেও জানা গেছে। এরই মধ্যে পুলিশ দফায় দফায় অভিযান চালিয়ে খেলোয়াড়দের ল্যাপটপ, মোবাইল, ডাইরি, ট্যাব; নানা ধরনের জিনিসপত্র নিয়ে গেছে। পুলিশ বলছে, তারা দুবাই ভিত্তিক বড় ধরনের বাজিকর চক্র ফাঁস করতে চলেছে।
আর এই পুরো ঘটনার জন্য সমালোচকরা সবচেয়ে বেশি দায় দিচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের আগের নমনীয় সব আচরণের। এবার বিসিসিআই এই অভিযোগ কাটিয়ে উঠতে চায় বলেই মনে হচ্ছে। ঘটনার পর থেকে একটার পর একটা জরুরী মিটিং করছে বিসিসিআই। গতকাল চেন্নাইতে ওয়ার্কিং কমিটির জরুরী বৈঠক শেষে বিসিসিআইয়ের সভাপতি এন শ্রীনিবাসন জানিয়েছেন, তারা আপাতত কী কী করতে যাচ্ছেন।
ইতিমধ্যে বিসিসিআই তাদের দুর্নীতি দমন বিভাগের প্রধান রবি সাওয়ানিকে কমিশনার করে একটি তদন্ত কমিটি করেছে। এই কমিটি বর্তমান ঘটনা নিয়ে বিসিসিআইকে তদন্ত প্রতিবেদন দিলে চূড়ান্ত পদক্ষেপ নেবে তারা।
শুরুতে জানা গিয়েছিল, বিসিসিআই বাদী হয়ে সংশ্লিষ্ট তিন ক্রিকেটারের বিরুদ্ধে ক্রিকেটে প্রতারণার মামলা করবে। কিন্তু এন শ্রীনিবাসন বলছেন, আইনী কারণে সেটা সম্ভব হচ্ছে না। তাই মামলা করবে রাজস্থান দল কর্তৃপক্ষ, ‘আমাদের (আইনজীবীদের পক্ষ থেকে) বলা হয়েছে, খেলোয়াড়রা যেহেতু ফ্রাঞ্চাইজিদের সঙ্গেই চুক্তিবদ্ধ, তাই আমরা মামলা করতে পারছি না।’
তবে বিসিসিআই প্রতিটি দলের সঙ্গে একজন করে দুর্নীতি দমন কর্মকর্তা রাখার ব্যাপারে একরকম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই কর্মকর্তার কাজ হবে খেলোয়াড়দের ওপর চোখ রাখা। কিন্তু এই ‘দুর্নীতি দমন বিভাগ’ নিয়ে আসলে অভিযোগের অন্ত নেই। প্রতিটি নতুন কেলেঙ্কারির পর প্রশ্ন ওঠে, আইসিসির বা বোর্ডগুলোর দুর্নীতি দমন বিভাগ আদৌ কোনো কাজ করে কি না।
শ্রীনিবাসন বলছেন, কাজ করে। তবে সীমাবদ্ধতার কারণে সে কাজ যথেষ্ট হয়ে ওঠে না, ‘তারা (দুর্নীতি দমন বিভাগ) পুলিশের মতো করে তথ্য সংগ্রহ করতে পারে না। তারা কারো ফোনে আড়ি পাততে পারে না। অনেক আইনগত সীমাবদ্ধতা আছে।’
এসব সীমাবদ্ধতার পরও বাজির এই থাবা থেকে মুক্তির জন্য উপায় আবিষ্কারের চেষ্টায় আছে বিসিসিআই। এই চেষ্টার মধ্যে একটা, এজেন্টদের পরিচয়পত্র চালুর প্রস্তাব অনেক আগে থেকেই আলোচনায় আছে। কিন্তু সিনিয়র খেলোয়াড়দের বাধার মুখে পরিচয়পত্রের ব্যাপারটা চালু করতে পারছিল না বিসিসিআই; তেমনই বলছে ভারতীয় একটি সংবাদ মাধ্যম।
এজেন্টদের নিয়ে প্রথম অভিযোগ, বেশিরভাগ জুয়াড়ি এজেন্টের চেহারাতেই দলের সঙ্গে ঘনিষ্ঠ হয়। আর ক্রিকেটীয় অর্থেই এদের একটা নিয়ম নীতির মধ্যে আনার তাগিদ আছে। কিন্তু বিসিসিআইয়ের একটি সূত্র বলছে, ‘বছর দুই আগে এজেন্টদের পরিচয়পত্র দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু তখন সিনিয়র ক্রিকেটাররা প্রচণ্ড চাপ দিয়ে এই সিদ্ধান্ত প্রত্যাহার করিয়েছিলেন।’
তবে এবার সম্ভবত আর তা হচ্ছে না। এবার আইপিএলের নতুন কেলেঙ্কারি অনেক নতুন কিছুই দেখাতে পারে।
