মাঠে ছিলেন ৮১ মিনিট; যখন মাঠ ছাড়লেন তখন আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। তার সাথে কাঁদলো প্যারিসের ৪৫ হাজার দর্শক, কাঁদলো গোটা ফুটবল বিশ্ব। গত শনিবার ডেভিড বেকহ্যামের এমন কান্নাভেজা বিদায়ই দেখলো ফুটবল বিশ্ব। প্যারিস সেইন্ট জার্মেইয়ের নিজ মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ছিল বেকহ্যামের শেষ ফুটবল ম্যাচ। জয় দিয়ে নিজের ক্যারিয়ারের ইতি টানলেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক।
প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ কার্লোস আনচেলত্তি এই ম্যাচের জন্য অধিনায়কের দায়িত্ব দেন বেকহ্যামকে। ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় বেকহ্যাম মাঠে নামার সাথে সাথে উপস্থিত প্রায় ৪৫ হাজার সমর্থক হাততালি দিয়ে দাঁড়িয়ে যান। আবেগঘন মুহূর্তে বেকহ্যাম চোখের পানি ধরে রাখতে পারেননি। ম্যাচের প্রায় পুরোটা সময় তিনি খেললেন; খেলালেনও। একটি গোলে অবদান রাখলেন, দুর্দান্ত ফ্রি-কিক নিলেন, ড্রিবলিংয়ে মাতালেন পুরো মাঠকে। মাঠ ছেড়ে যাওয়ার সময় সতীর্থদের সাথে জয়ী বেশে বের হওয়ার আগে অভিবাদন জানালেন সবাইকে। গ্যালারিতে উপস্থিত থাকা স্ত্রী-সন্তান-পরিবারের সদস্যরাও বেকহ্যামের এই বিদায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) গত শনিবার রেলিগেশনে যাওয়া ব্রেস্তের সাথে নিজ মাঠে মৌসুমের শেষ ম্যাচ খেলল। সুইডেনের জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে ম্যাচটি পিএসজি ৩-১ ব্যবধানে জয় তুলে নেয়। সেই সাথে গত সপ্তাহে ফুটবল থেকে অবসর নেয়ার ঘোষণা দেয়া ৩৮ বছর বয়সী বেকহ্যামকে নিজেদের মাঠে বিদায় দিলো পিএসজি জয় উপহার দিয়ে। ২০ বছরের বর্ণিল ক্যারিয়ারেরও মধুর সমাপ্তি ঘটল। পিএসজি শনিবার ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপা নিয়ে উত্সব করে। উত্সবের প্রাণ ছিলেন বেকহ্যাম। ১৯ বছর পর ফ্রেঞ্চ লিগ শিরোপা জয় করেছে ফরাসি এই দলটি। পুরো স্টেডিয়ামে তাই বাঁধভাঙা আনন্দও ছিল ।
মৌসুমে পিএসজির আরো একটি ম্যাচ বাকি রয়েছে। আগামী সপ্তাহের রবিবার লরিয়েন্টের সাথে মৌসুমের শেষ ম্যাচে বেকহ্যাম খেলছেন না বলেই ইঙ্গিত পাওয়া গেছে। কাতারের অর্থায়নে বদলে যাওয়া পিএসজিতে আলোকিত বিদায় বেকহ্যামের বলা চলে। পিএসজি প্রেসিডেন্ট নাসের আল-খেলেইফি বেকহ্যামের প্রসঙ্গে বলেন, ‘এটা কোচের ব্যাপার। তবে আমি মনে করি এটাই হতে পারে ডেভিডের শেষ ম্যাচ।’
বেকহ্যাম অবশ্য জানান, তিনি আগামী রবিবার দলের অংশ হিসেবে থাকতে চান। তবে জানেন না খেলতে পারবেন কিনা। বেকহ্যাম বলেন, ‘প্যারিসে থাকা সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই সতীর্থ, স্টাফ এবং সমর্থকদের। এখানে ক্যারিয়ার শেষ করাটা আমার জন্য অবশ্যই বিশেষ কিছু। এর চেয়ে ভাল কিছু আর হতে পারে না। আমার মতে এটাই অবসর নেয়ার জন্য সঠিক সময়। আমি ক্যারিয়ারে প্রায় সব কিছুই অর্জন করেছি। চ্যাম্পিয়নের বেশে এখন আমি চলে যেতে চাই। ২২ বছর ফুটবল খেলেছি। এখন আমি কয়েক মাস পরিবারের সাথে সময়টা উপভোগ করব।’
