সমর্থকদের ধন্যবাদ দিতে অনন্য এক কাজ করে বসলেন ইতালিয়ান কোচ রবার্তো মানচিনি। সদ্যই ম্যানচেস্টার সিটি ক্লাব থেকে বিদায় করে দেয়া হয়েছে তাকে। আর ক্লাব সম্পর্ক ছিন্ন করার মুহূর্তেও ক্লাবের সমর্থকদের ধন্যবাদ জানাতে ভুলেননি সিটি দলের হয়ে তিন বছর দায়িত্ব পালন করা মানচিনি। আর ধন্যবাদও দিলেন বেশ ঘটা করেই; পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে। ম্যানচেস্টার ইভিনিং নিউজ নামের একটি পত্রিকার এক পাতা জুড়ে বিজ্ঞাপনে তিনি বলেছেন, ‘ম্যানচেস্টার সিটির সমর্থকরা, অবিস্মরণীয় তিনটি বছর কাটানোর পর আপনাদের ভোলা সত্যি কষ্টকর। সবসময় আপনাদের মন থেকেই ভালোবেসেছি। দেখা হবে। রবার্তো মানচিনি।’ গত সোমবার চাকরি হারান মানচিনি। এই মৌসুমের বাকি ম্যাচগুলোর জন্য আপাতত দায়িত্ব দেয়া হয়েছে ব্রায়ান কিডকে। তবে, গুজব উঠেছে দলের কোচ হয়ে আসছেন স্প্যানিশ ক্লাব মালাগার কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি।
