পাতানো খেলা ও স্পট ফিক্সিং বন্ধে ক্রিকেটে বাজি বৈধ করে দেয়ার আলোচনা ভারতে অনেকদিন ধরেই চলছে। বলা হচ্ছে, এতে অন্তত ম্যাচ গড়াপেটার উত্সাহ একটু কমবে। দ্বিতীয়ত পুরো চক্রটার ওপর তখন চোখ রাখা যাবে। ক্রীড়ামন্ত্রণালয় জানিয়েছে, তারা বাজি বৈধ করার ব্যাপারটি গুরুত্বের সঙ্গে ভাবছে। গতকাল সংবাদ সম্মেলনে বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের সামনেও প্রশ্নটা এলো। তিনি সরাসরি কোনো মত দিলেন না। তবে বোঝা গেল তিনি খানিকটা বৈধ করারই পক্ষে, ‘অনেক দেশেই তো বাজি বৈধ। তাতে তাদের নিয়ন্ত্রণ সহজ হয়। আমাদের দেশের অবস্থা আমি ঠিক বুঝতে পারছি না।’
