সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দুই সাংবাদিকের সাথে ঝামেলায় জড়িয়ে এখন বেশ বিপদের মধ্যে আছেন অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। এখন তাই রীতিমতো অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির শুনানির মুখোমুখি হতে হচ্ছে এই ক্রিকেটারকে। অভিযোগ প্রমাণিত হলে আসন্ন অ্যাশেজ দল থেকে জায়গাও হারাতে পারেন ওয়ার্ন।
গণমাধ্যমকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়া এই কথা জানায়। আগামী সোমবার ওয়ার্নারের শুনানি অনুষ্ঠিত হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার জেনারেল ম্যানেজার প্যাট হাওয়ার্ডের নেতৃত্বে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। আচরণবিধি ভঙ্গের কারণ দেখিয়ে এখন শাস্তিও হতে পারে এই ক্রিকেটারের। ওয়ার্নার বর্তমানে দিল্লী ডেয়ার ডেভিলসের হয়ে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন। গত শনিবার টুইটারে দুই অস্ট্রেলিয়ান সাংবাদিক রবার্ট ক্র্যাডক ও ম্যালকম কনের সাথে ঝামেলায় জড়ান ওয়ার্নার। তাকে নিয়ে করা এক রিপোর্টের বিপক্ষে আক্রমণাত্মক কমেন্ট করে এখন ডিসিপ্লিনারি কমিটির বিচার মুখোমুখি হতে হচ্ছে ওয়ার্নারকে। আর কিছুদিন পর থেকেই শুরু হতে যাচ্ছে ক্রিকেটের মর্যাদার লড়াই অ্যাশেজ। ইংল্যান্ডের টেন্ট ব্রিজে আগামী ১০ জুলাই থেকে শুরু হওয়া প্রথম টেস্টের স্কোয়াডে আছেন ২৬ বছর বয়সী ডেভিড ওয়ার্নার। এখন সেই সুযোগ ও হারাতে পারেন এই টেস্ট ব্যাটসম্যান!
