চলতি সপ্তাহেই মাদ্রিদ ছাড়তে পারেন মরিনহো

আপডেট : ১৯ মে ২০১৩, ২১:৩০
রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো চলতি সপ্তাহেই স্প্যানিশ ক্লাবটি ছাড়ছেন বলে স্পেনের সংবাদ মাধ্যম জানিয়েছে। শুধু তাই নয়, সম্ভাব্য দ্রুততম সময়ে সেটা হতে হচ্ছে বলে গত রবিবার ইঙ্গিত দিয়েছে স্পেনের পত্রিকাগুলো। রিয়াল মাদ্রিদ গত শুক্রবার রাতে অ্যাতলেটিকো মাদ্রিদের সাথে কোপা ডেল রের ফাইনালে ২-১ গোলে হেরে গেলে দলটি চলতি মৌসুমে শিরোপা বঞ্চিত থাকে। গত কদিন থেকেই বলাবলি হচ্ছে মরিনহো ইংল্যান্ডের ক্লাব চেলসিতেই ফিরছেন। ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত ইংলিশ ক্লাবটির দায়িত্বে ছিলেন তিনি। মাদ্রিদের ক্রীড়া দৈনিক ‘মার্কা’ শিরোনামে দেয় ‘সে চেলসিতে যাচ্ছে’। এতে আরো লেখা ছিল ‘রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় বলতে পারে চলতি সপ্তাহে।’ স্পেনের আরো একটি পত্রিকা ‘এল মুন্ডো’ জানায়, চলতি মৌসুমে লা লিগায় রিয়ালের শেষ দুই ম্যাচে দায়িত্বে থাকছেন না মরিনহো। খেলা দুইটি হলো রিয়াল সোসিদাদ ও ওসাসুনার সাথে।