বিশ্ব হউক সকলের

আপডেট : ১৯ মে ২০১৩, ২১:৪৫
মানব পাচারের যে কতরকম তরিকা দুর্বৃত্ত শ্রেণীর লোকেরা উদ্ভাবন করিয়াছে উহার কোন ইয়ত্তা নাই। দরিদ্র দেশের তরুণদের উন্নত বা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশে অভিবাসন বা মোটা বেতনের চাকুরীর প্রলোভন দেখাইয়া দেদার এই মানব পাচার বাণিজ্য চলে। বাংলাদেশেই শুধু নহে, পাকিস্তান, শ্রীলংকা, নেপালসহ তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে এই পাচার ব্যবসা রমরমা রূপ পরিগ্রহ করিয়াছে। এই সকল দেশে কর্মসংস্থানের সুযোগ অর্থনৈতিক দুরবস্থাজনিত কারণে ক্রমান্বয়েই সংকুচিত হইয়া পড়িতেছে। ফলে দেশগুলির বেকার যুবকরা একটু সচ্ছলভাবে বাঁচার ও পরিবার-পরিজনদের বাঁচাইয়া রাখিবার আশায় উন্নত বিশ্বে বা নিদেনপক্ষে অর্থনৈতিকভাবে তাহাদের নিজ নিজ দেশ অপেক্ষা সমৃদ্ধ দেশগুলিতে পাড়ি জমাইবার জন্য সর্বক্ষণ উদগ্রীব থাকে। তাহাদের এই অসহায়ত্বেরই সুযোগ গ্রহণ করে একশ্রেণীর অসত্, অসাধু দালাল। জাল ভিসা ও জাল কাগজপত্র ইত্যাদি বানাইয়া এবং বিদেশ বিভুয়ে কর্মসংস্থান ও থাকা-খাওয়াসহ বিভিন্ন সুযোগ-সুবিধার মিথ্যা প্রলোভন দেখাইয়া এই দালালরা যুবকদের বিভ্রান্ত করে। অসহায় যুবক তখন সোনার হরিণ ধরিবার স্বপ্নে বিভোর হইয়া পৈতৃক ভিটা বা সামান্য ধানী জমিটুকুও বিক্রয় করিয়া বিদেশে পাড়ি জমায়। কিন্তু সেখানে পৌঁছাইতে যে কায়-ক্লেশ, জীবনের ঝুঁকি এবং অন্যান্য অবিশ্বাস্য কঠিন পরিস্থিতির মোকাবিলা তাহাদের করিতে হয় উহাকে দুঃসাহসিক অভিযান ছাড়া আর কিছু বলা চলে না। তবুও, মায়া মৃগের পশ্চাদ্ধাবন করিতে ঐরূপে ছোটাই যে তাহাদের বিধিলিপি, ফলে নিরন্তর ছুটিয়া চলে তাহারা। কিন্তু গন্তব্যে পৌঁছাইয়া যখন তাহারা দেখিতে পায় যে, প্রতারক দালালের খপ্পরে পড়িয়া এখন শুধু সর্বস্বান্তই নহে জীবন হারাইতে বসিয়াছে তখন আর কোন সান্ত্বনাই আর তাহাদের মনের দুঃসহ যন্ত্রণার তাসাল্লি বহিয়া আনিতে পারে না নিশ্চয়ই! প্রতি মাসেই বাংলাদেশের অনেক যুবক এই রূপে প্রতারকদের খপ্পরে পড়িয়া বিদেশের মাটিতে মানবেতর জীবন-যাপন করিতে ও জেল-হাজতে থাকিতে বাধ্য হইতেছে। তাহাদের পরিবার-পরিজনরাও ঐ একই কারণে আজ সহায়-সম্বলহীন অবস্থায় যারপরনাই সংকটের আবর্তে নিপতিত। গত শনিবার দেশের নেতৃস্থানীয় সকল দৈনিকে প্রকাশিত একটি সংবাদ সকলের দৃষ্টি আকৃষ্ট করিয়াছে নিশ্চয়ই। প্রতারকদের খপ্পরে পড়িয়া ৮০ জন বাংলাদেশি যুবক দুর্গম পথে পাড়ি জমাইয়া দেশ হইতে ১৬ হাজার কিলোমিটার দূরবর্তী দেশ ব্রাজিলে পৌঁছিয়াছে। মাসে ১ লাখ ২০ হাজার টাকা বেতনের চাকুরীর প্রলোভন দেখাইয়া এবং জনপ্রতি ৮ লক্ষ টাকা ফি লইয়া দালালরা এই সব যুবককে এক অনিশ্চিত জীবনের দিকে ঠেলিয়া দিয়াছে। ব্রাজিলীয় কর্তৃপক্ষ দয়াপরবশ হইয়া তাহাদের নিতান্তই মানবিক কারণে সেখানে কাজ করিবার ও থাকিবার আইনগত ব্যবস্থা গ্রহণের অনুমতি দিয়াছে। তাহাদের আবেদন গৃহীত হইলে তথা ভাগ্য সুপ্রসন্ন থাকিলে ব্রাজিলে স্থায়ী ঠিকানা গড়িবার সুযোগ তাহারা লাভ করিবে। সাধারণত এমন ক্ষেত্রে আটক অবৈধ ব্যক্তিদের স্ব স্ব দেশে ফেরত পাঠানো হইয়া থাকে। ব্রাজিলীয় কর্তৃপক্ষের এই বদান্যতা তাই ৮০ জন বাংলাদেশি যুবকের মনে নূতন করিয়া বাঁচিবার আশা সঞ্চার করিয়াছে নিশ্চয়ই। প্রতারক চক্রের এই জাতীয় মায়াজাল ছিন্ন করিয়া হতদরিদ্র দেশের লাখো কোটি বনি আদমের বাহির হইয়া আসাটা বর্তমান বিশ্ব বাস্তবতায় সহজসাধ্য ব্যাপার নহে। এই বিশ্বে ধনী-নির্ধন কিংবা ধনী দেশ বা দরিদ্র দেশ এই ধারণা-ভাবনা বা অবস্থা মানুষেরই সৃষ্টি। এই বিশ্ব তো সকল মানুষের। সৃষ্টিকর্তার নিয়ামত রূপী এই বিশ্বে প্রতিটি মানুষেরই তো খাদ্য-বস্ত্র বাসস্থান ও কর্মসংস্থানের জন্মগত অধিকার রহিয়াছে। সুতরাং, ভিসা মুক্ত এক বিশ্ব গড়িয়া তোলিবার কথা মাঝে-মধ্যে যে বিশ্বের বিভিন্ন স্থানে উচারিত হয় উহা কিন্তু তাই ফেলিয়া দেওয়ার মতো নহে! ‘বীর ভোগ্যা বসুন্ধরা’ এই আপ্তবাক্যের পরিবর্তে বুঝিবা এখন ‘বসুন্ধরা সকল মানুষেরই ভোগ্যা’ এই ধারণাটিই সকলের চিত্তে প্রোথিত করিবার সময় আসিয়াছে। এই চেতনায় সকলে সমৃদ্ধ হইলে দালাল ও প্রতারকদের নির্দয়তা হইতে সত্যিকারের পরিশ্রমী, মেধাবী ও সজ্জন যুবকেরা বাঁচিয়া যাইবে আর বিশ্ব অধিকতর সমৃদ্ধ হইবে ‘দিবে আর নিবে, মেলাবে মিলিবে যাবে না ফিরে’ এই চেতনায় স্নাত হইয়া।