ক্লোনিং নিয়া বিতর্ক

আপডেট : ১৯ মে ২০১৩, ২১:৪৫
মানব ক্লোন লইয়া আবারও বিতর্ক দেখা দিয়াছে। বিজ্ঞানীরা এইবার মানব ক্লোনের মাধ্যমে তৈরি করিয়াছেন প্রাথমিক পর্যায়ের ভ্রূণ। এই ‘ভ্রূণ’ স্টেম সেলের উত্স হিসাবে ব্যবহার করা হইতেছে— যাহা দিয়া মানুষের হূদপিণ্ড, হাড় ও মস্তিষ্কসহ শরীরের বিভিন্ন অংশের নূতন কোষ সৃষ্টি করা সম্ভব। অর্থাত্ ইহার উদ্দেশ্য পূর্ণাঙ্গ মানব নয়, চিকিত্সাবিজ্ঞানের অগ্রগতি সাধন। অতীতে যে সকল স্বাস্থ্যগত সমস্যাকে মনে হইতো প্রকট এবং অনতিক্রম্য, ক্রমে ক্রমে বিজ্ঞানীদের চেষ্টায় তাহার অনেকগুলিই অতিক্রম করিতে পারিয়াছে মানুষ। ক্লোনিংয়ের মাধ্যমে অকার্যক্ষম অঙ্গের নূতনরূপ দেওয়ার ভাবনা সেই বিজ্ঞানেরই অংশ। অর্থাত্ চিকিত্সাবিজ্ঞান ক্রমশ কল্পবিজ্ঞানের সুদূরপরাহত কল্পনাকেও বাস্তবের জমিনে টানিয়া আনিতেছে। তবে ক্লোনিং লইয়া বিতর্ক বহুদিনের। মানব ক্লোনিং রহিয়াছে সেই বিতর্কের চূড়ামণিতে। ক্লোনিং হইল কোনো জীবকোষ হইতে নিউক্লিয়াস লইয়া তাহা ডিম্বাণুর সহিত নিষিক্তকরণের মাধ্যমে সম্পূর্ণ অযৌন প্রক্রিয়ার উত্পন্ন হুবহু আরেক জীব। সতের বত্সর পূর্বে একটি ভেড়াকে বিশ্বে প্রথম ক্লোনিং হয়। নাম দেওয়া হয় ডলি। মানব ক্লোনিং হলো এই পদ্ধতিতে মানব শিশু তৈরি করা। পৃথিবীর প্রায় সব উন্নত দেশই ভবিষ্যত্ প্রজন্মকে ক্ষতিকর প্রভাব হইতে রক্ষা ও মানবকল্যাণের স্বার্থে মানব ক্লোনিং-কে বিপজ্জনক ও নিষিদ্ধ হিসাবে বিবেচনা করিয়া আসিতেছে। কেননা, আশঙ্কা রহিয়া যায়, এই পদ্ধতিতে বিখ্যাত বা কুখ্যাত কোনো জীবিত বা মৃত ব্যক্তির হুবহু অনুরূপ মানুষ পুনরায় সৃষ্টি করা সম্ভব, যাহা দ্বারা নানাবিধ অপরাধমূলক কার্যক্রম সম্পাদন করিবার সম্ভাবনা থাকিয়া যায়। মজার বিষয় হইল, ক্লোনিং বিষয়টি একচেটিয়া কৃত্রিম নহে। তত্ত্বগতভাবে মাতৃগর্ভেও ক্লোনিং-জাতীয় ভ্রূণ তৈয়ার সম্ভব। যেমন মাতৃগর্ভে একটি জাইগোটে ডিম্বাণু ও শুক্রাণু নিউক্লিয়াস আত্মীকরণের পর সৃষ্ট একটি ভ্রূণকোষ বিভাজিত হইয়া দুইটি মানব ভ্রূণ সৃষ্টি করিতে পারে। ক্লোনিংয়ের তত্ত্বানুযায়ী এই ভ্রূণ হইতে সৃষ্ট দুইটি প্রাণ একে-অন্যের ক্লোনিং-রূপ বলা যায়। ইহা প্রাকৃতিক, যাহার উদ্দেশ্য লইয়া আশঙ্কার বিন্দুবত্ কারণ নাই। কিন্তু ক্লোনিং হইল ডিনামাইট আবিষ্কারের মতো, যাহা দিয়া ক্ষতিকর কার্যসাধন সম্ভব, আবার সম্ভব মানব কল্যাণে উন্নয়নমূলক কার্যসাধনও। আমরা কোনটা করিব, তাহা আমাদিগের শুভ বা হীন মানসিকতার ওপর নির্ভরশীল। কালে কালে মানুষ যেহেতু বিজ্ঞানকে হীনকার্যে ব্যবহার করিতে কুণ্ঠা বোধ করে নাই, সেহেতু মানব ক্লোনিংয়ের দিকে সংশয়ের দৃষ্টিতে বিবেচনা করা অস্বাভাবিক নহে। হয়তো উদ্দেশ্য মহত্, ‘সেল’ সাময়িকী যেমনটি বলিয়াছে। অর্থাত্, জরা-ব্যাধ বা দুর্ঘটনায় মানুষের কোনো অঙ্গ যখন কার্যক্ষমতা হারাইয়া ফেলে, তখন এই নব উদ্ভাবিত চিকিত্সাপদ্ধতির সাহায্যে ক্লোনিং হইতে সৃষ্ট ‘ভ্রূণ’-এর স্টেম সেল দিয়া পুনরায় সেই অঙ্গ তৈয়ার সম্ভব। তাহাদের দৃষ্টিতে এই ক্লোন আর পূর্ণাঙ্গ মানব ক্লোন এক নহে। কিন্তু পূর্ণাঙ্গ মানব ক্লোন না-হইলেও ইহার অন্য বিতর্কজালে জড়াইয়াছে। কারণ, প্রতিটি ভ্রূণ হইতেই একটি পরিপূর্ণ জীবনের সৃষ্টি সম্ভব। সুতরাং ক্লোনিংয়ে সৃষ্ট মানবভ্রূণটির বিকাশ না হইবার অর্থ হইল একটি সম্ভাবনাময় মানবপ্রাণ হত্যা করা। অতএব কাজটি মানবিকতার দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ। কিন্তু, মানবতার দৃষ্টিতে আপত্তিকর হইলেও বিশ্বব্যাপী প্রতিনিয়তই অযুত ভ্রূণ অকালে মাতৃগর্ভ হইতে নিষ্ক্রান্ত করা হয় নানা কারণে। তাহাও ভ্রূণহত্যা। কোনো দেশে গর্ভপাত বৈধ বা অবৈধ— যাহাই হউক, তাহার হার দিন দিন বাড়িতেছে। একদল মনে করেন, যদি সীমিত পর্যায়ে শুধুমাত্র জীবন রক্ষাকারী অঙ্গসমূহ উত্পাদন করিতে ক্লোনিং-কে ব্যবহার করা হয়, তাহা হইলে কি খুব খারাপ হইবে? কারণ ক্লোনিং না করিলে তো ওই মানব ভ্রূণটির অস্তিত্বই থাকিত না, সুতরাং তাহাকে কেন পূর্ণাঙ্গ প্রাণ হিসাবে বিবেচনা করিতে হইবে? অন্যদল মনে করেন, যখনই ভ্রূণ সৃষ্টি হইল, তাহা প্রাণ-ই, তাহাকে অন্যভাবে নষ্ট করিবার অর্থ প্রাণহত্যা। বিষয়টি অতি জটিল, প্রাণ/ভ্রূণহত্যার দার্শনিক বিতর্কও রহিয়াছে বিস্তর। চিকিত্সাবিজ্ঞান মনে করে, ক্লোনিং একটি অবশ্যম্ভাবী বাস্তবতা! আজ হউক কাল হউক এটা আমাদের মেনে নিতেই হবে। সেই ক্ষেত্রে আমাদের চিন্তা করিতে হইবে কীভাবে ইহার কল্যাণকর ব্যবহার নিশ্চিত করা যায়।