আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় প্রায় সারা বছরই কোনো না কোনো পরীক্ষা থাকে। বিশেষ করে জাতীয় পর্যায়ের বিভিন্ন পরীক্ষা। আন্তঃশিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি, এইচএসসি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ (সন্মান), পাস কোর্স/ সার্টিফিকেট কোর্সের পরীক্ষাসহ অন্যান্য বিষয়ের পরীক্ষা। এই খবরটা আমরা কমবেশি সবাই জানি। কারণ সারা দেশ জুড়েই শুরু হয় এইসব পরীক্ষা; কিন্তু উদ্বেগের বিষয় হলো- আমাদের দেশের প্রধান বিরোধী দলসহ অন্যান্য দল মাঝে মধ্যেই পরীক্ষা চলাকালীন সময়েও তারা হরতালসহ সরকার বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড চালায়। যা শুধু পরীক্ষার্থী নয় সমগ্র জাতির জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। গত কিছু দিন আগে শেষ হলো এসএসসি পরীক্ষা। অনেক ভোগান্তি আর অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে শেষ প্রান্তে এইচএসসি বা সমমানের পরীক্ষা। তাদের কষ্টের ক্ষত এখনো শুকায়নি; কিন্তু নতুন প্রজন্ম যারা ভুক্তভোগী তারা এ জাতির কাছে কি শিক্ষা পেল? কোমল মতি শিক্ষার্থীরা এদেশের রাজনীতিকে কি ভাবে নিবে আগামী দিনগুলোতে? যারা বর্তমান রাজনীতি থেকে শিক্ষা নিয়ে আগামীর রাজনীতিতে পদার্পণ করবে তারা কি সঠিক পথ বেছে নিতে পারবে? এটা সমগ্র জাতির জন্য হতাশাজনক নয় কি?
হরতালে যে শুধু পরীক্ষার্থীদের ভোগান্তির শিকার হতে হয় তা কিন্তু না; দেশের সমগ্র সেক্টরে বিশেষ করে পরিবহন খাতে এর নেতিবাচক প্রভাব বিদ্যমান। তাছাড়া সমগ্র অর্থনীতিতেও এর ব্যাপক নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়। গাড়ী বন্ধ থাকার ফলে পরীক্ষার্থীদের যাতায়াতে ভীষণ ভোগান্তি পোহাতে হয়। হরতালের কারণে পরীক্ষার তারিখ বার বার পেছানো হয়। এতে করে তাদের পড়ার আগ্রহ অনেক কমে যায়। তাছাড়া আরো বিভিন্ন সমস্যায় পড়তে হয় শিক্ষার্থী ও অভিভাবকদের। হরতাল থাকার ফলে দেশের উত্পাদিত কৃষি পণ্য পরিবহনে বাধার সৃষ্টি হয়, যার ফলে এক শ্রেণীর মুনাফাভোগী এই সুযোগে সকল ধরনের পণ্য সামগ্রীর দাম বাড়িয়ে দেয়। এতে বিপাকে পড়ে দেশের সাধারণ মানুষ। এখানে দেখার বিষয় হলো- যারা পরীক্ষার্থী তারা কি শুধু সরকার দলীয়? তারা সবাই কারো না কারো ভাই, বোন, ভাতিজি বা অন্য কোনো সম্পর্কের। এতে রয়েছে সরকারি দল, বিরোধী দলসহ দেশের সকল দলের সর্ম্পক। দেশের সাধারণ জনগণ কখনই হরতাল চায় না। দেশের সার্বিক দিক বিবেচনা করে এমন সময় কোনো অবস্থায় হরতাল কাম্য নয়। দেশের প্রধান বিরোধী দলকে অবশ্যই এমন সময়ে হরতালসহ সকল ধরনের অপ-রাজনীতি বন্ধ করতে হবে। গণতান্ত্রিক দেশে সরকার বিরোধী আন্দোলন করা যায়; কিন্তু বিরোধী দলকে অবশ্যই খেয়াল রাখতে হবে, জনগণের জন্যই যদি রাজনীতি হয়ে থাকে তবে জনগণকে কষ্ট দিয়ে, গণতান্ত্রিক অধিকার খর্ব করে, জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলে সরকার পতন করতে হবে— এমন রাজনীতি কারো কাম্য নয়। এতে করে শুধু যে নিজেদের রাজনৈতিক অবস্থান খারাপ হয় তা না, দেশের সার্বিক রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে। দেশের প্রধান বিরোধী দলের ডাকা হরতালের মতো সকল ধরনের রাজনৈতিক কর্মসূচি কোনো ভাবেই, কোনে হিসেবেই যুক্তিযুক্ত নয়। সরকার পতনের কর্মসূচির বিষয়ে বিরোধী দলকে আরো গঠনশীল, জনগণতন্ত্রমুখী ও জনকল্যাণের জন্য হতে হবে। যাতে সাধারণ জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র রক্ষা করা যায়। আমাদের দেশের গণতন্ত্র দেশের জনগণের জন্য জনকল্যাণের জন্য। গণতন্ত্রের সুফল ভোগ করার অধিকার সবারই আছে। জনগণ বলতে এখানে শুধু যে সরকার দলীয় জনগণ তা কিন্তু না। দেশের সর্বস্তরের আপামর জনগণকে বুঝায়। তাহলে গণতন্ত্রের সুবিধা ভোগ কি শুধু যারা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে কেবল তারাই ভোগ করতে পারবে?
আসলে আমাদের দেশের বিরোধী দল মনে করেন যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তারা গণতন্ত্রের সঠিক র্চচা বা গণতন্ত্র রক্ষায় সঠিক পন্থায় এগোচ্ছে না। তাই তারা ক্ষমতায় গিয়ে গণতন্ত্রের সঠিক প্রয়োগ করবে। এটা প্রত্যেক রাজনৈতিক দলের একটা ধারণা মাত্র। আমাদের দেশের মতো উন্নয়নশীল একটি দেশের জন্য এ ধারণাটি খুবই ভয়াবহ আকার ধারণ করে বিশেষ কিছু কারণে। এর মধ্যে অন্যতম কিছু কারণ হলো- সময়ে অসময়ে হরতাল, রাজনৈতিক সংঘাত, হত্যা, লুটপাট, ভাংচুর, অগ্নি সংযোগসহ নানা ধরনের অপ্রীতিকর ঘটনা। আসলে আমাদের দেশের কোনো রাজনৈতিক ব্যক্তিই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে রাজনীতি করে না। বাস্তবতা দেখলে এটা আরো ভয়াবহ মনে হবে। খোদ নতুন প্রজন্ম থেকে শুরু করে প্রবীণ নেতাকর্মী পর্যন্ত লেগে আছে নিজেদের ভূরিভোজের জন্য। এটা কি কোনো দেশের জন্য কাম্য হতে পারে?
ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। তাদের সংবিধান ও আমাদের সংবিধানের মধ্যে অনেকটা মিল রয়েছে। ভারতসহ অন্যান্য গণতান্ত্রিক দেশ থেকে সঠিক গণতন্ত্র চর্চার শিক্ষা নিয়ে আমাদের দেশে এর প্রয়োগ ঘটাতে হবে। হরতাল কেন রাখা হয়েছে এর মর্মার্থ দেশের সকল দলের সকল নেতা-কর্মীকে জানতে হবে। বর্তমানে আমাদের দেশের লাগাতার হরতালের যে ভয়াবহ চিত্র তা কোনো ভাবেই কাম্য নয়। একটি দল হরতাল ডাকলে শুধু যে সরকার দলের আর্থিক বা আর্থ-সামাজিক ক্ষতি হচ্ছে তা কিন্তু নয়; সামগ্রিক ভাবে পুরো দেশের ক্ষতি সাধিত হচ্ছে। সামগ্রিক অর্থনীতিতে এর স্পষ্ট প্রভাব পড়ছে। এটা কিন্তু কোনো দলের জন্যই শুভ নয়। প্রধান বিরোধী দলসহ অন্যান্য দলকে অবশ্যই হরতাল নামক এ মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে। সরকারকেও সহনশীল হতে হবে। সভা-সমাবেশের মতো গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া যাবে না। গণতন্ত্রের সঠিক চর্চা ও এর সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে।
লেখক : বিবিএস ফলপ্রত্যাশী, ঢাকা কলেজ, ঢাকা
