চিয়াংমাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৯ মে ২০১৩, ২১:৪৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পানি সম্মেলনে (২-এপিডব্লিউএস) যোগ দিতে দুই দিনের সরকারি সফরে রবিবার বিকালে থাইল্যান্ডের চিয়াংমাইয়ে পৌঁছলে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে (স্থানীয় সময়) দুপুর ১টা ৩০ মিনিটে চিয়াংমাই আন্তর্জাতিক বিমান বন্দর অবতরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বন্দরে পৌঁছলে থাই প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা স্যাম স্যানি এবং থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন তাকে অভ্যর্থনা জানান। বিমান বন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রাসহ ম্যান্ডারিন অরিয়েন্টাল দাহরা দেবী হোটেলে নিয়ে যাওয়া হয়। দুই দিনের সফরকালে তিনি সেখানে অবস্থান করবেন। থাইল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক শহর চিয়াংমাইতে ২০ থেকে ২১ মে এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী চিয়াংমাই ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আজ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। তিনি সম্মেলনের ওয়ার্কিং ব্রেকফাস্টে যোগ দেবেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ থাই প্রধানমন্ত্রী ইংলাক শিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। প্রধানমন্ত্রী চিয়াংমাই অঞ্চলের ঐতিহাসিক স্থান উইয়াং কুম কাম পরিদর্শন করবেন এবং সম্মেলনে যোগদানকারী প্রতিনিধি দলের প্রধানদের সম্মানে থাই প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজে অংশ নেবেন। বাংলাদেশ সময় সকাল সোয়া এগারটায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন।