ঢাকায় দক্ষিণ এশীয় লিভার বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ১৯ মে ২০১৩, ২১:৫০
দক্ষিণ এশীয় লিভার বিশেষজ্ঞদের প্রথম আন্তর্জাতিক সম্মেলন রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ২ দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে এসোসিয়েশন ফর দি স্ট্যাডি অব দি লিভার, ঢাকা, বাংলাদেশ। ‘সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর দি স্ট্যাডি অব দি লিভার’ (এসএএএল) শীর্ষক এই সম্মেলনের গতকাল রবিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক প্রাণ গোপাল দত্ত। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী মেডিক্যাল কোরের প্রধান পরামর্শক (মেডিসিন) মেজর জেনারেল রবিউল হোসাইন। সভায় সভাপতিত্ব করেন এসএএএল এর সভাপতি অধ্যাপক সেলিমুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক ডা. মামুন আল মাহতাব। অধ্যাপক প্রাণ গোপাল দত্ত সম্মেলনের সাফল্য কামনা করে বলেন, সংগঠনটি এই অঞ্চলের লিভার রোগীদের চিকিত্সায় আগামী দিনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মেজর জেনারেল রবিউল হোসাইন লিভার রোগের চিকিত্সা ও লিভার রোগীদের কল্যাণে এসএএএল ভুক্ত দেশগুলোর লিভার বিশেষজ্ঞদের মধ্যে পারস্পরিক সহযোগিতা কামনা করেন। অধ্যাপক সেলিমুর রহমান বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার লিভার রোগীদের বৃহত্তর স্বার্থে এসএএএল-এর এগিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েনের ভাইস প্রেসিডেন্ট ডা. ফারুক আহম্মেদ, ট্রেজারার ডা. ফজল করিমসহ অন্য নেতৃবৃন্দ। নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান, মিয়ানমার, শ্রীলংকাসহ বাংলাদেশের চার শতাধিক লিভার ও মেডিসিন বিশেষজ্ঞ এ সম্মেলনে অংশগ্রহণ করেন।