তৈরি পোশাক আমদানিতে নয়া নীতি করছে ব্রিটেন

আপডেট : ১৯ মে ২০১৩, ২১:৫০
এশিয়া থেকে তৈরি পোশাক আমদানির ক্ষেত্রে নতুন নীতিমালা করতে যাচ্ছে ব্রিটেন। সাভারের রানা প্লাজা ভবন ধসের ঘটনায় বাংলাদেশসহ এ অঞ্চলের তৈরি পোশাক শিল্প শ্রমিকদের সুরক্ষায় ব্রিটেনের ব্যবসায়ীদের উদ্যোগে ‘বাণিজ্য ও মানবাধিকার নীতি’ চূড়ান্ত করা হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় এ নীতিমালার আওতায় এশিয়ার পোশাক রফতানিকারক দেশ ভারত, চীন ও বাংলাদেশের মতো দেশগুলোকে শ্রমিকদের সুরক্ষায় কিছু বাধ্যবাধকতা আরোপ করা হবে। এর আগে ২০১২ সালে মিয়ানমার, চীন, কম্বোডিয়া, কঙ্গো, ভারত এবং উগান্ডায় সাড়ে ৭ লাখ পাউন্ড বাজেটে মানবাধিকার ও গণতন্ত্র কর্মসূচির আওতায় বাণিজ্য এবং মানবাধিকার বিষয়ক কর্মসূচী পালন করা হয়। সমপ্রতি সাভারে রানা প্লাজা ভবন ধসের ঘটনায় ১১২৭ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় নতুন করে ভাবিয়ে তোলে ব্রিটেনের ব্যবসায়ীদের। এবিষয়ে ব্রিটিশ প্রতিমন্ত্রী ব্যারোনেস সাঈদা ওয়ার্সি জানিয়েছেন, বর্তমানে বাণিজ্য এবং মানবাধিকার দুটি ভিন্ন ইস্যু হিসেবে দেখা হয়ে থাকে, এ দুটোকে অনেক প্রতিষ্ঠান তাদের শ্রম নীতির সাথে যুক্ত করে না। অন্যদিকে অনেক ব্যবসায়ী মানবাধিকারের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করেন না। অনেক সমীক্ষায় দেখা গেছে ভালো, সুখী এবং সন্তুষ্ট কর্মচারীদের কর্মক্ষমতা তুলনামূলক বেশি। ব্যবসা এবং মানবাধিকারকে সংশ্লিষ্ট করে খুব দ্রুত একটি নীতিমালা করা হবে যা ব্রিটেনের ২৬০টি বাণিজ্যিক মিশনের মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে।