গত বছরের ডিসেম্বরে আশুলিয়ার তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক হতাহতের ঘটনায় কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেনের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে তিনি যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন সে জন্য সকল স্থল বন্দর ও বিমানবন্দরে এ সংক্রান্ত নির্দেশনা জারি করতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি কাজী রেজা-উল-হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। আগামী ৩০ মে দেলোয়ারকে আদালতে হাজির করতে স্বরাষ্ট্র সচিব, শ্রম সচিব, পুলিশের আইজি ও বিজিএমইএ সভাপতিকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া কারখানা মালিকের ইচ্ছাকৃত অবহেলায় তাজরীনের ১১২ শ্রমিকের মৃত্যুর ঘটনায় তাকে গ্রেফতারে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ এবং তাজরীনের মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুলজারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
তাজরীনের মালিককে গ্রেফতারের নির্দেশনা চেয়ে গত ২৮ এপ্রিল নৃ-বিজ্ঞানী নাজনীন আকতার বানু, সায়েদা গুলরুখ কামাল ও মাহমুদুল হাসান সুমন হাইকোর্টে রিট করেন। তাদের পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট বিশ্বজিত্ রায় শুনানি করেন।
জ্যোতির্ময় বড়ুয়া বলেন, গত ১৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে এই অগ্নিকাণ্ডের ঘটনার জন্য তাজরীন মালিককে দায়ী করা হয়। কিন্তু এরপরও পুলিশ তাকে গ্রেফতার করেনি। তিনি বলেন, রানা প্লাজার গার্মেন্টস মালিকরা গ্রেফতার হলে তাজরীন মালিক কেন গ্রেফতার হবেন না? গত বছর ২৪ নভেম্বর তাজরীন গার্মেন্টেসে অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক শ্রমিক হতাহত হয়।
