মধ্য বয়সেও যারা শারীরিকভাবে ফিট আছেন এবং নিয়মিত ব্যায়াম করেন তাদের জন্য সুখবর দিয়েছেন বিশেষজ্ঞগণ। বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন, যারা ৫০-এর কোটায় এসেও ফিট আছেন তাদের আগামী ২০ বছরের মধ্যেও ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি কম। আর যে সমস্ত পুরুষ ৫০-এর কোটায় এসে সবচেয়ে ফিট থাকেন তাদের পরবর্তী ২০ থেকে ২৫ বছরের মধ্যে ফুসফুস ও কোলন ক্যান্সারে মৃত্যু ঝুঁকি সবচেয়ে কম। ফিটনেস নিয়ে গবেষকদের এই তথ্যটি আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অনকোলজি কনফারেন্সে উপস্থাপন করা হবে। এমনকি গবেষকগণ দেখেছেন, শারীরিকভাবে ফিট পুরুষের শুধু ফুসফুস ও কোলন ক্যান্সারের ঝুঁকিই কম তাই নয়, তাদের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকিও স্বাভাবিকের চেয়ে অনেক কম। এ ব্যাপারে গবেষণার প্রধান অথার ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের হূদরোগ বিশেষজ্ঞ ড. সুজান লাকোসকি উল্লেখ করেন গবেষণার এই ফলাফল সেই সব পুরুষের জন্য সুখবর যারা ক্যান্সারের ঝুঁকি থেকে নিজেদের রক্ষা করতে চান। গবেষকগণ ৫০-এর কোটায় আসা ১৭ হাজার পুরুষকে ট্রেডমিল করতে দেন। যারা ১৩ দশমিক ৫ মিনিটের কম (৪০-৪৫ বছর), ১১ মিনিটের কম (৫০-৫৯ বছর) এবং সাড়ে ৭ মিনিটের কম (৬০ বছরের বেশি) ট্রেডমিল করতে পারেন তাদের সবচেয়ে কম ফিট ধরা হয়। ২৫ বছর পর দেখা যায়, এদের মধ্যে ২৩৩২ জন পুরুষ প্রোস্টেট ক্যান্সার, ২৭৬ জন কোলন ক্যান্সার এবং ২৭৭ জন ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তন্মধ্যে ৩৪৭ জন পুরুষ ক্যান্সারে মারা যান এবং হূদরোগে মারা যান ১৫৯ জন। ড. লাকোসকি তার গবেষণা রিপোর্টে আরো উল্লেখ করেন যে, যারা সবচেয়ে ফিট ছিলেন তাদের ২০ বছর পরেও দেখা যায়, ৬৮ ভাগের ফুসফুসের এবং ৩৮ ভাগের কোনো কোলন ক্যান্সারের ঝুঁকি দেখা যায়নি। ড. লাকোসকির অভিমত: এতদিন ধরে ব্যায়ামের উপকারিতার ক্ষেত্রে শুধু হূদরোগের ঝুঁকি সম্পর্কে বলা হতো। এই নতুন গবেষণার পর মধ্য বয়সী নারী-পুরুষরা এখন ক্যান্সারের ঝুঁকি হ্রাসে শরীর চর্চার প্রতি মনোনিবেশ করবেন।
