কোন পথে বাংলাদেশের তৈরি পোশাক

আপডেট : ২০ মে ২০১৩, ২০:৫৬
আরেকবার বাংলাদেশের ভয়াবহ চিত্র দেখলো বিশ্ব। বন্যা-খরা-জলোচ্ছ্বাস কিংবা দুর্নীতি ও রাজনৈতিক সহিংসতার বাংলাদেশ এখন কারখানা শ্রমিকদের বধ্যভূমি। সাভারে পোশাক কারখানার মৃত্যুপুরী থেকে এক একটি লাশ যেন বিশ্বকে জানিয়ে দিলো- শ্রমিকদের ঘাম নয়, রক্ত এমনকি জীবনের দাম নেই আমাদের কাছে। তাই নিছক দুর্ঘটনা হোক আর হত্যাকাণ্ড, সাভারে এগারোশো মানুষের মৃত্যু এখন আর বাংলাদেশের ঘটনা নয়। এই ঘটনায় উদ্বেগ ছাড়িয়েছে দেশ থেকে মহাদেশের সীমানা ছাড়িয়ে। ইউরোপ আমেরিকার ক্রেতারা, যারা আমাদের এই সস্তা শ্রমে বোনা কাপড় পরেন তারাও পথে নেমেছেন শ্রমিকদের নিরাপত্তার দাবিতে। নেমেছেন শ্রমিক অধিকার, ভোক্তা অধিকার কিংবা মানবাধিকার নিয়ে যারা কাজ করেন তারাও। এবার সোচ্চার হয়েছে বিশ্ব গণমাধ্যম, গবেষক এমন কি পোপ পর্যন্ত। ধসে পড়া রানা প্লাজায় উদ্ধার কাজের সতেরো দিনের মাথায় ধ্বংসস্তূপের ভেতর থেকে যখন শেষবারের মতো প্রাণস্পন্দন নিয়ে বেরিয়ে এলো রেশমা, তখন এতো শোকের ভেতরও অশ্রু ফেলেছেন অনেকে। সব হারানোর পরও, যেন এক টুকরো আলোর ঝলক দেখেছে বাংলাদেশ। যদিও এই ফিরে আসা নিয়ে সন্দেহ বা বিতর্ক এসেছে, এখনও চলছে। তবে রেশমার ফিরে আসার মতোই ধ্বংসের দ্বারপ্রান্তে এসেও যেন এক ঝলক আলোর দেখা পেয়েছে বাংলাদেশের পোশাকখাত। শ্রমিকদের প্রতি এই নিষ্ঠুরতা, এই অবহেলা কিংবা এই প্রতারণার দায় থেকে নিজেদের গুটিয়ে নেয়নি বিদেশি ক্রেতারা। বরং সাহায্য করতে চেয়েছে বাংলাদেশকে। মালিকরা এড়িয়ে যাননি। সরকারও অন্যসব দুর্ঘটনার চেয়ে এখন পর্যন্ত বেশি তত্পর হয়েছে। মালিকরা গ্রেফতার হয়েছে, মন্ত্রিসভায় শ্রম আইন সংশোধনের সিদ্ধান্ত হয়েছে, মজুরি বাড়াতে মজুরি বোর্ড গঠন করা হচ্ছে। সব উদ্যোগই ইতিবাচক। তবে বিশ্বজুড়ে অনেক ইতিবাচক ঘটনা ঘটছে সাভার ট্রাজেডি এবং বাংলাদেশের শ্রমিকদের নিয়ে। ইউরোপের সেরা পোশাক বিক্রেতা ব্র্যান্ড এইচ অ্যান্ড এম এবং ইন্ডিটেক্স বাংলাদেশের কারখানা থেকে পোশাক কিনতে দীর্ঘমেয়াদী এবং আইনগত বাধ্য-বাধকতা আছে এমন একটি চুক্তি করার ঘোষণা দিয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশের কারখানাগুলোকে শ্রমিক কল্যাণ, অগ্নিনিরাপত্তা এবং ভবনের নিরাপত্তায় নিজেদেরকে একটি আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হবে। এই চুক্তি ছাড়া ভবিষ্যতে বাংলাদেশের কোন কারখানা থেকে কাপড় কিনবে না রিটেইলাররা। এতে পোশাক কারখানার নিরাপত্তা তদারকির জন্য স্বাধীন পরিদর্শক নিয়োগ করা হবে। তাদের রিপোর্ট প্রকাশ করা হবে জনসমক্ষে। আর বিদেশি ক্রেতারা চাইলেই কোন কারখানা সংস্কার বা পুনর্নির্মাণে করতে হবে। এর জন্য আইনি বাধ্য-বাধকতা থাকবে। এইচ অ্যান্ড এমের ঘোষণার পর পরই তাদের বিবৃতিতে সমর্থন দিয়ে একসাথে পথ চলার ঘোষণা দিয়েছে ডাচ প্রতিষ্ঠান সি অ্যান্ড এ এবং ব্রিটিশ দুই সেরা রিটেইলার প্রাইমার্ক ও টেসকো। টেসকো বলেছে তারা বাংলাদেশের পোশাক শ্রমিকদের জন্য এই চুক্তির বাইরেও দশ লাখ পাউন্ড বা প্রায় পনেরো লাখ ডলারের একটি তহবিল করছে। এর আগে তাজরিন ফ্যাশনে ভয়াবহ আগুনে শতাধিক শ্রমিকের প্রাণহানির পর এ ধরনের নিরাপত্তা চুক্তি করেছিলো আমেরিকান কোম্পানি ফিলিপস ভ্যান হিউসেন এবং জার্মান প্রতিষ্ঠান শিবো। সাথে একাত্মতা জানিয়েছে বিশ্বের সেরা ফ্যাশন রিটেইলার স্পেনের প্রতিষ্ঠান ইন্ডিটেক্স। সাড়ে পাঁচ হাজারেরও বেশি চেইন স্টোরে বিক্রি হওয়া এর বিখ্যাত ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে জারা, ম্যাসিমো দুত্তি, বার্শকা, পুল অ্যান্ড বেয়ার এবং টেম্পে। স্পেনের সবচেয়ে ধনী এবং বিশ্বের তিন নম্বর সম্পদশালী আমান্সিও ওর্তেগার এই প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে কয়েক বিলিয়ন ডলারের পোশাক কেনে। কেলভিন ক্লেইন, টমি হিলফিগার, আইজড এবং অ্যারো ব্র্যান্ডের পোশাক আমদানিকারক ফিলিপস ভ্যান হিউসেন আড়াই লাখ ডলার বিনিয়োগের ঘোষণাও দিয়েছিলো। তবে তাদের দু’বছরের চুক্তিকে এখন তারা পাঁচ বছরে নিয়ে যেতে আগ্রহ দেখিয়েছে। যদিও আমেরিকার সেরা রিটেইল পোশাক বিক্রেতা কোম্পানি গ্যাপ এই চুক্তিতে আগ্রহ দেখায়নি। তারা বলেছে, তারা বাংলাদেশের কারখানার মান বাড়াতে নিজেরাই এ ধরনের কাজ ইতিমধ্যে শুরু করেছে। দুই কোটি ডলারের বেশি বিনিয়োগ করার প্রতিশ্রুতিও দিয়েছে গ্যাপ। একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ থেকে আমেরিকার সবচেয়ে বড় পোশাক আমদানিকারক ওয়ালমার্ট। তবে গ্যাপ আর ওয়ালমার্টকে এই উদ্যোগের সাথে নিয়ে আসতে তত্পর ক্রেতা অধিকার নিয়ে যারা কাজ করেন। এরই মধ্যে বাংলাদেশের কারখানায় অগ্নি ও ভবন নিরাপত্তা চুক্তির পক্ষে গণস্বাক্ষর করেছে দশ লাখের মতো ক্রেতা। একদিকে সারা ইউরোপ আমেরিকা জুড়ে সস্তা পোশাকের চাহিদা যেমন বাড়ছে তেমনি বাড়ছে সচেতন ক্রেতাদের চাপ। তাই বাংলাদেশ থেকে কাপড় কেনা পশ্চিমা সেরা ব্র্যান্ডগুলো এখন তোপের মুখে। গণমাধ্যম, শ্রমিক সংগঠন এবং মানবাধিকার কর্মীদের চাপ তো বাড়ছেই। ভ্যাটিক্যানে পোপ ফ্রান্সিস বাংলাদেশের শ্রমিকদের দাসপ্রথার সাথে তুলনা করার পর থেকে ধর্মীয় প্রতিষ্ঠান থেকেও চাপ বাড়ছে। তবে বাংলাদেশের শ্রমিক কল্যাণে ব্যয়ের হিসাব বিশ্বসেরা এসব প্রতিষ্ঠানের আয় বা মুনাফার সাথে তুলনা করলে অতিনগণ্য। গত বছর সুইডিশ রিটেইলার এইচ অ্যান্ড এমের মুনাফা বেড়েছে শতকরা সাড়ে ছয় ভাগের বেশি। প্রতিষ্ঠানটি গত বছর মুনাফা করেছে ১৭.৯ কোটি সুইডিশ ক্রোনার। মার্কিন ডলারে হিসেব করলে যা দাঁড়ায় প্রায় ২৭০ কোটি ডলারে। আর ইন্ডিটেক্সের গত বছর আয় বেড়েছে ২২ শতাংশ আর প্রথমার্ধের মুনাফা বেড়েছে ৩২ শতাংশের বেশি। প্রতিষ্ঠানটি গত বছর মুনাফাই করেছে তিনশো কোটি ডলারের মতো। ব্রিটিশ কোম্পানি প্রাইমার্কের মুনাফা ৭৬ কোটি পাউন্ড বা প্রায় ১১৬ কোটি ডলার। আর টেসকো ক্রেতাদের কাছ থেকে মুনাফা তুলে নিয়েছে প্রায় ৩৪০ কোটি পাউন্ড বা প্রায় ৫৪০ কোটি ডলার। মার্কিন প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওয়ালমার্টের মুনাফা ৪.৬ ভাগ কমলেও এখনও মুনাফার পরিমাণ ১৬০ কোটি ডলারের মতো। আর গ্যাপের মুনাফা ১১০ কোটি ডলার। কাজেই তাদের এই কোটি কোটি ডলারের মুনাফা থেকে সামান্য অংশও যদি বাংলাদেশের শ্রমিক কল্যাণে ব্যয় করা হয় তাহলে অল্প সময়ের মধ্যে বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে এই মহাবিপদ থেকে। ইউরোপ আমেরিকার এই মাল্টিন্যাশনাল চেইনগুলোর সদিচ্ছা আছে বাংলাদেশের পাশে দাঁড়ানোর। তবে তাদের সহযোগিতা পেলে সে অর্থ স্বচ্ছতা, জবাবদিহিতার সাথে খরচ করা এবং স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সুনির্দিষ্ট পরিকল্পনায় ব্যবহার করার বিষয়টিও জরুরি। রানা প্লাজার পোশাক কারাখানায় হাজারও শ্রমিকের প্রাণহানি থেকে শিক্ষা নেয়ার সময় এসেছে বাংলাদেশের। কারখানা মালিকদের ভাবতে হবে কেবল মুনাফার পিছনে অমানবিক দৌড় নয়, আর একটি প্রাণও যেন এভাবে না যায় সে বিষয়টিতে নজর দিতে হবে। কারণ এই ঘটনার পর আরেকটি অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন একটি কারখানার মালিক। যারা সাভার ট্রাজেডিতে কেবল হতাশা আর বিপর্যয়ই দেখেন, রানা প্লাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে শেষ মুহূর্তে ফিনিক্স পাখি হয়ে রেশমার ফিরে আসাকে যারা সন্দেহের চোখে দেখেন, তারা একবার সেই আলোর ঝিলিকটুকুর কথাও ভাবুন। ভাবুন এই দুর্যোগ থেকে কীভাবে বেরিয়ে আসতে পারে বাংলাদেশ। লেখক :বিশেষ প্রতিনিধি, এটিএন বাংলা