বর্ণবাদ ও অসহিষ্ণুতা প্রসঙ্গে

আপডেট : ২০ মে ২০১৩, ২০:৫৮
‘দ্য গ্লোবাল সোস্যাল অ্যাটিচ্যুডস’ শীর্ষক এক আন্তর্জাতিক গবেষণার ফলাফলে বলা হইয়াছে যে, বিশ্বের সবচাইতে বর্ণবাদ অসহনশীল দেশের তালিকায় দ্বিতীয় স্থানে ঠাঁই নিয়াছে বাংলাদেশ। এই তালিকায় প্রথম স্থানে রহিয়াছে হংকং। আর তৃতীয় ও চতুর্থ স্থানে আছে জর্দান ও ভারত। অন্যদিকে বর্ণবাদ সহনশীল দেশগুলির তালিকার শীর্ষে রহিয়াছে ব্রিটেন, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকা। প্রায় তিন দশক ধরিয়া বিশ্বের ৮০টি দেশের উপর এই জরিপ চালানো হয়। বিভিন্ন দেশের লোক তাহাদের প্রতিবেশীদের উপর কতটুকু সহনশীল এই ছিল জরিপের মূল বিষয়। ঐ গবেষণায় দেখা যায়, বাংলাদেশের প্রায় ৭১ দশমিক ৭ শতাংশ লোক তাহাদের দেশে ভিন্ন বর্ণের লোকের সঙ্গে থাকিতে চান না। ভারতে এই হার ৪৩ দশমিক ৫ শতাংশ। ইহাছাড়া তালিকা অনুযায়ী ৩০ হইতে ৩৯ দশমিক ৯ শতাংশ অসহনশীল মানুষ রহিয়াছে মিসর, সৌদি আরব, ইরান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়ায়। আর ২০ হইতে ৩৯ দশমিক ৯ শতাংশ বর্ণবাদ অসহনশীলতা আছে ফ্রান্স, তুরস্ক, বুলগেরিয়া, আলজেরিয়া, মরোক্কো, মালি, জাম্বিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন ও মালয়েশিয়ায়। এখানে দেখা যাইতেছে এশিয়া ও আফ্রিকার কয়েকটি উন্নয়নশীল দেশ অসহনশীল দেশের তালিকার প্রথম সারিতে রহিয়াছে। পক্ষান্তরে ইউরোপ-আমেরিকার দেশগুলিতে এরূপ অসহনশীলতার মাত্রা কম। তাহার মানে ঐ সব দেশে বর্ণবাদ নাই এমন কথা জোর দিয়া বলা যায় না। সেখানে প্লুরালিজম বা বহুত্ববাদ ইতোমধ্যেই হুমকির মধ্যে পড়িয়াছে। অভিবাসী ইস্যুতে বিতর্ক দেখা দিয়াছে। আর এরূপ পরিস্থিতিতেও যে রেসিজম বা বর্ণবাদ জায়গা করিয়া নেয় তাহা বলাইবাহুল্য। বর্তমানে দেশে দেশে বিভিন্ন বিষয়ে আমরা জরিপ পরিচালনা করিতে দেখিতেছি। অনেক সময় এই সব জরিপের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতার অভাব যে দেখা যায় না তাহা নহে। আজকাল দেশে ও বিদেশে উদ্দেশ্যপ্রণোদিত জরিপ পরিচালনা এবং তাহা বিশ্বাসযোগ্য করার নানা কৌশল ও কসরত দেখিয়া আমরা বিস্মিত না হইয়া পারি না। ইউরোপ-আমেরিকার যে সব দেশকে তুলনামূলকভাবে অবর্ণবাদী হিসাবে অভিহিত করা হইতেছে, সেসব দেশের বাস্তবতা সম্পর্কেও আমাদের ওয়াকিফহাল থাকা দরকার। এসব দেশে সাদা মানুষরা কালো মানুষদের সহিত মেলামেশা করিলেও এবং মুখে হাই-হ্যালো বলিলেও অন্তর হইতে তাহারা অবর্ণবাদী ইহা দিব্যি দিয়া বলা যায় না। পরবাসী এশিয়ান ও আফ্রিকানদের প্রতি পাশ্চাত্যের বিভিন্ন দেশের জাত্যাভিমানী মানুষ কীরূপ মনোভাব পোষণ করিয়া থাকেন, তাহা কোনো অজানা কথা নয়। ওইসব দেশে কয়েক পুরুষ ধরিয়া বসবাস করার পরও বিদেশি বংশোদ্ভূতদের আপন করিয়া লইতে পাশ্চাত্যের মানুষ দ্বিধাগ্রস্ত। আবার যাহারা এশিয়ান তাহারা আফ্রিকানদের সহজে গ্রহণ করিতে পারিতেছেন না। এদিকে সাদা ও কালোর প্রভেদ তথা বর্ণবাদ বলিতে যাহা বুঝায় তাহা বাংলাদেশে কখনই ছিল না ও নাই। তবে বাংলাদেশসহ উপমহাদেশে একদা বর্ণাশ্রম প্রথা ছিল। কিন্তু উহা সর্বজনীন ছিল না। সাধারণত মুসলিম সমাজে বংশ-গোত্রের প্রভেদ করিবার কোন সুযোগ নাই। আর ইহাও সত্য যে, অতীতের বর্ণাশ্রম প্রথা একালে অনেকটাই শিথিল হইয়া গিয়াছে। এই ক্ষেত্রে দৃশ্যমান অসহিষ্ণুতা বাংলাদেশে বিদ্যমান আছে বলা যায় না। অসহিষ্ণুতার আরও নানা দিক রহিয়াছে। তৃতীয় বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও পরমতসহিষ্ণুতার অভাব নিশ্চয়ই আছে। গণতান্ত্রিক সমাজ বিকাশের পথে ইহা একটি বাধা বৈকি। কিন্তু এই রূপ বলিবার কোন অবকাশ নাই যে, এই দেশের মানুষ ভিন্নবর্ণের মানুষের সঙ্গে বসবাস করেন না বা বসবাস করিতে পারেন না। বরং ইহাই অধিক সত্য যে, এই দেশে সহস্র বত্সর ধরিয়া বিভিন্ন ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করিয়া আসিতেছেন। রাজনৈতিক কারণ ছাড়া সাম্প্রদায়িকতারও কোন দৃষ্টান্ত নাই। অতঃপর তথাকথিত জরিপের উদ্দেশ্য লইয়া প্রশ্ন তোলা অনুচিত হইবে না নিশ্চয়ই।