বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। বন্যা-প্লাবন, ঝড়ঝঞ্ঝা, সাইক্লোন-গোরকি আমাদের নিত্যসঙ্গী। প্রায় প্রতি বছরই দেশের মানুষ প্রাকৃতিক দুর্যোগকে প্রতিরোধ করে জীবনযাপন করছে। প্রাগৈতিহাসিক আমল থেকেই দুর্যোগ এ জনপদের সভ্যতার সাথে একাকার হয়ে আছে। প্রাচীন জনবসতি ছিল উত্তরমুখী। তখন দক্ষিণাঞ্চল ছিল বনভূমি। এই সেদিন অষ্টাদশ শতাব্দীতে আগা বাকের খাঁ বরিশালের জঙ্গল কেটে কেটে আবাদ করলেন। জনসংখ্যার চাপ যত বেড়েছে জনবসতি ততই দক্ষিণাভিমুখী হয়েছে। অবশ্য পূর্বাঞ্চলের হাতিয়া, সন্দ্বীপ, রামগতি, কুতুবদিয়া এবং ভোলার মতো দ্বীপাঞ্চলের জনবসতি অনেক পুরোনো। তুলনামূলকভাবে এসব উপকূলীয় অঞ্চলে জনবসতি ছিল বিরল। এখন টেকনাফ থেকে পূর্বাশা সর্বত্রই জনারণ্য।
খ. উপকূলীয় অঞ্চলের স্বাতন্ত্র্য:উপকূলের জনসাধারণের যাপিত জীবন, আবহাওয়া, জোয়ার-ভাটা, সমুদ্র বা নদী-সমীপতা, ধনসম্পদ, মত্স্যসম্পদ সব মিলিয়ে দেশের আর সব অঞ্চলের মতো নয়। সমুদ্র সম্পদ আহরণে বিভিন্ন সংস্থা, দেশের সমুদ্রসীমাকে রক্ষার জন্য নৌবাহিনী বা কোস্টগার্ড গড়ে উঠেছে। আর সার্বিক উন্নয়নের জন্য উন্নয়ন সংস্থা। জিয়াউর রহমান এতদঞ্চলের স্বাতন্ত্র্যের স্বীকৃতিস্বরূপ গড়ে তুলেছিলেন উপকূলীয় উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে তা অবলুপ্ত হয়েছে। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে চরাঞ্চল উন্নয়ন প্রকল্প রয়েছে। আমার কথা হলো, পদ্মায় জেগে উঠা ময়নামতির চর আর উপকূলের আগুনমুখার চর এক নয়। ভূমিগঠন, অবস্থান ও কৌশলগত কারণে উপকূল বিশেষ দৃষ্টির দাবিদার। আমার প্রস্তাব টেকনাফের সেন্টমার্টিন থেকে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা ইত্যাদি মোট ১৭টি জেলার উপকূলবর্তী উপজেলাগুলো নিয়ে স্বতন্ত্র প্রশাসনিক ইউনিট গড়া সম্ভব না হলেও ‘উপকূলীয় উন্নয়ন কর্তৃপক্ষ’ এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা হোক।
গ. উপকূলেই চরম উপদ্রব : বাংলাদেশের সম্ভবত ৮০% প্রাকৃতিক দুর্যোগ উপকূলকেন্দ্রিক। ইতিহাস কাঁপানো সব ঝড়ের তথ্য না থাকলেও ১৫৯৮ সাল থেকে বড় ঝড়গুলোর তথ্য সংরক্ষিত আছে বলে এক প্রতিবেদক জানিয়েছেন। ব্যক্তিগতভাবে আমি ১৯৬০, ১৯৬৫, ১৯৭০, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৪, ২০০৭-এর সিডর, ২০০৯-এর আইলা/নার্গিসের প্রত্যক্ষদর্শী। গ্রামের লোকেরা জলোচ্ছ্বাসের সন ধরে হিসেব কষে। বাংলা ১৩৮৩ সালের বন্যার কথা আজও মানুষ বলে। ঐ জলোচ্ছ্বাসে উপকূলীয় অঞ্চল একরকম জনশূন্য হয়ে যায়। পতিত ভিটামাটি নিজেও দেখেছি। ১৯৭০ সালে সম্ভবত শতাব্দীর প্রলয়ঙ্করী জলোচ্ছ্বাস আঘাত হানে। এতে প্রায় ২০ লাখ মানুষ মারা যায়।
ঘ. মহাসেনের আগমন:মহাসেন নামে শ্রীলঙ্কায় এক রাজা ছিলেন। শ্রীলঙ্কা কর্তৃপক্ষ ঝড়ের নাম করতে গিয়ে পুরোনো বিক্রমশালী এই রাজার নাম ঢুকিয়ে দেয়। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউইউএমও) অনুরোধে শ্রীলঙ্কা এ নামকরণ করে। তবে এ নিয়ে রাজনৈতিক ঝড় উঠেছে শ্রীলঙ্কায়। ক্ষেপেছে সিংহলী জাতি। কেন তাদের মহান রাজার নামে এ উত্পাত?
গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় শ্রীলঙ্কার কথিত মহাসেনের উত্পত্তিস্থল আন্দামান দ্বীপপুঞ্জ। জন্মতারিখ ১১ মে ২০১৩। সৃষ্টি হওয়ার পর মহাসেন প্রচুর জলীয়বাষ্প সঞ্চয় করে। এর প্রভাবে শ্রীলঙ্কা ও ভারতের তামিলনাড়ু উপকূলে প্রবল বৃষ্টি হয়। ১৩ মে থেকে ঝড়টির গতিমুখ বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও মিয়ানমারের রাখাইন উপকূলের দিকে অগ্রসর হতে থাকে। ১৬ মে মহাসেন মহাবিক্রমে বাংলাদেশের মধ্য উপকূল অতিক্রম করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দুই ঘণ্টা স্থায়ী তাণ্ডবের স্বাক্ষর রেখে মেঘনা মোহনার দিকে ধাবিত হয়। পরে এটি দুর্বল হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে গিয়ে সমাপ্তি ঘোষণা করে। এভাবে জন্মস্থান থেকে মহাসেন পটুয়াখালী উপকূল পর্যন্ত ১৭০০ কিলোমিটার পথ অতিক্রম করে।
ঙ. পটুয়াখালী উপকূলে প্রচণ্ডতা: আবহাওয়ার খবরে বলা হচ্ছিল, মহাসেন বাংলাদেশের মধ্য উপকূলেই প্রথম আঘাত হানবে। ঘটেছেও তাই। পটুয়াখালী, বরগুনা, ভোলা উপকূল বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মধ্যবর্তী জেলা। মহাসেনের অগ্রভাগ অর্থাত্ সবচেয়ে প্রচণ্ডতা থাকাকালীন অবস্থায় পটুয়াখালী উপকূলেই আঘাত হেনেছে। সুতরাং বরগুনা, পটুয়াখালী এবং ভোলার দক্ষিণাঞ্চলীয় উপজেলাগুলো হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা। তখন মহাসেনের গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। ১৫ ও ১৬ মে এ অঞ্চলে ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়। কক্সবাজার থেকে পটুয়াখালী পর্যন্ত ১০ লক্ষ লোক এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে ১৮ জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। কোন কুঁড়েঘরই দাঁড়িয়ে নেই। মহাসেনের মহাতাণ্ডবে উপদ্রুত অঞ্চল লণ্ডভণ্ড হয়ে যায়। উড়ে গেছে টিনের চালা। ঘরবাড়ি বিধ্বস্ত হয়। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের চালা উড়ে যায়। উপড়ে পড়ে গাছ। ভূলুণ্ঠিত হয় বিদ্যুতের খুঁটি। টেলিযোগাযোগ ব্যাহত হয়। উপকূলীয় উপদ্রুত অঞ্চলের মধ্যে যেসব অঞ্চল একেবারেই সমুদ্র সমীপে অথবা নদীর তীরে সেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়। বিশেষত কুয়াকাটা সমুদ্র সৈকত বিধ্বস্ত হয়ে পড়ে।
চ. ব্যাপক বৃক্ষ উত্পাটন: মহাসেনের অন্যান্য ক্ষয়ক্ষতির মধ্যে প্রধান হচ্ছে বৃক্ষরাজির সমূলে উত্পাটন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিগত সিডরের সময়ও এত গাছ উত্পাটিত হয়নি বলে ভুক্তভোগীরা জানান। এর কারণ হিসেবে কেউ কেউ প্রবল বৃষ্টিপাতকে দায়ী করেন। কেউবা চারাগাছ উত্পাদনে নার্সারির ত্রুটির উল্লেখ করেন।
ছ. বৃষ্টিপাত:যেমনটি বলা হয়েছিল ঘোষণায় তেমন জলোচ্ছ্বাস হয়নি। হয়েছে বৃষ্টিচ্ছ্বাস। প্রবীণরা বলছেন, এমন বৃষ্টি তারা জন্মের পর দেখেননি। আবহাওয়া দফতরের রেকর্ড অনুযায়ী পটুয়াখালীতে ঐদিন ৬টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ২৪৪ মিলিমিটার। নোয়াখালীতে ১৮৮ মিলিমিটার। বরিশালেও অনুরূপ। ভোলায় ১২২ মিলিমিটার। ফেনীতে ১০৯ মিলিমিটার। সুতরাং বৃষ্টিপাতই ধ্বংসযজ্ঞে দেও-দানবের ভূমিকা পালন করেছে।
জ. দুর্যোগ ব্যবস্থাপনা ইতিহাস:১৯৭১ সালে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের পর প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা উদ্যোগ পরিলক্ষিত হয়। তত্কালীন সরকার দুর্যোগ তথা জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য প্রতিটি গ্রামে একটি উঁচু মাটির টিলার প্রস্তাব করে। কোন কোন উপকূলীয় চরাঞ্চলে কাজও শুরু হয়। এটির নাম করা হয় বঙ্গবন্ধু টিলা। বঙ্গবন্ধু টিলার সবচেয়ে বড় ত্রুটি হলো মানুষ বাঁচানোর জন্য কোন কাঠামোর চিন্তা এতে ছিল না। জিয়াউর রহমানের সময় ‘সাইক্লোন শেল্টার’-এর ধারণা আসে। উপকূলীয় অঞ্চলে বেশকিছু শেল্টার নির্মিত হয়। পরবর্তী রেজিমগুলোতে বিভিন্ন প্যাটার্নে সাইক্লোন শেল্টার নির্মাণ অব্যাহত থাকে। ২০০৭ সালের সিডরের পর কিছু সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়।
ঝ. স্ট্র্যাটেজি পেপার:কোন কিছুতেই যেমন আমাদের সেমিনার, সিম্পোজিয়াম এবং স্ট্র্যাটেজি পেপার ওয়ার্কের ঘাটতি নেই, তেমনি এক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই। ঘাটতি কেবল বাস্তবায়নে। এক সময় জামিলুর রেজা চৌধুরী একটি ভালো স্ট্র্যাটেজি পেপার দিয়েছিলেন বলে পত্রিকায় দেখেছি। এক সময়ের দুর্যোগ ব্যবস্থাপনা সচিব ড. মোহাম্মদ আইয়ূব মিয়া কিছু মৌলিক প্রস্তাব রেখেছিলেন বলে শুনেছি। সম্ভবত ২০১১ সালের দিকে আর একজন আমলা হাফিজুল ইসলাম মিয়াও কিছু উদ্যোগের কথা বলেছিলেন। এসব থিওরিটিক্যাল ওয়ার্ক একেবারেই বৃথা গেছে এমন নয়। দুর্যোগ ব্যবস্থাপনার জন্য আমাদের এখন একটি পৃথক মন্ত্রণালয় রয়েছে, অধিদফতর রয়েছে এবং তাত্ক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য জাতীয় দুর্যোগ সমন্বয় কেন্দ্র (National disaster response co-ordination centre-NDRCC) রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং আরও কয়েকটি এনজিও-এর ব্যবস্থাপনায় সাইক্লোন শেল্টার নির্মিত হয়েছে।
ঞ. সমন্বয়ের অভার:দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং রেডক্রিসেন্ট তিনটি সংস্থা যথেষ্ট কাজ করে যাচ্ছে। কিন্তু রয়েছে সমন্বয়ের তীব্র অভাব। কোথায় কখন কি ব্যবস্থা নেয়া হবে তা নিশ্চিত হলে রিলিফ ওয়ার্ক এবং সাইক্লোন শেল্টার ব্যবস্থাপনাটি চমত্কার হতে পারতো। শিক্ষা মন্ত্রণালয়কেও সংশ্লিষ্ট করা দরকার এ কারণে যে, উপদ্রুত অঞ্চলে তারা শিক্ষা প্রতিষ্ঠান সাইক্লোন শেল্টারের আদলে করার নীতিগত সরকারি সিদ্ধান্ত রয়েছে। বিগত সিডরের পর বেশকিছু এনজিও অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে দেয়। এখন মহাসেনের কবলে পড়ে তাদের গড়া প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানই ধরাশায়ী হয়েছে। কারণ কাজের নিম্নমান।
ট. সাইক্লোন শেল্টার: দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর তথ্য মোতাবেক সারাদেশে সাইক্লোন শেল্টারের সংখ্যা ৩২৯৬। ২০০৭ সালের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা মোতাবেক উপকূলীয় অঞ্চলে ৪৫০০ সাইক্লোন শেল্টার প্রয়োজন। জরুরি সরকারের আমলে এসব প্রস্তাবনা আন্তর্জাতিক পর্যায়েও উত্থাপিত হয়েছিল। সম্ভবত সরকার নির্বাচিত না হওয়ায় বনেদী আন্তর্জাতিক সংস্থাগুলো হাত বাড়ায়নি। ব্যক্তিগত বা সংস্থা পর্যায়ে যে সাহায্য এসেছিল তারও কোন হিসেবে-নিকেশ নেই। মনে পড়ে একজন মহত্ সউদী নাগরিক তার নাম গোপন রাখার শর্তে ১০০ মিলিয়ন ডলার দিয়েছিলেন দুর্যোগ উত্তরণে। সংশ্লিষ্ট সরকারের উচিত এসব স্পর্শকাতর বিষয়ে জনজবাবদিহিতা নিশ্চিত করা।
যে সাইক্লোন শেল্টারগুলো করা হয়েছে তার কোন মা-বাপ নেই। একটি পরিসংখ্যানে জানা গেছে, এর মধ্যে কমপক্ষে ৫শ সাইক্লোন শেল্টার ভগ্নদশায় পতিত হয়েছে। এমনকি সিডরের পর যে শেল্টারগুলো নির্মিত হয়েছে তাতে ফাটল ধরেছে। নির্মাণে ত্রুটি এবং দুর্নীতি হয়েছে। প্রায় সব কাজ অসমাপ্তভাবে হস্তান্তর হয়েছে। পরবর্তী দেখাশুনা বা মেরামতের জন্য কোন অর্থ বরাদ্দ নেই। কোথাও কোন লোকবল নেই। উদাহরণস্বরূপ পটুয়াখালী জেলার রাঙ্গাবালি উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ানের গাববুনিয়া সাইক্লোন শেল্টারের কথা বলা যায়। সেখানকার সাইক্লোন শেল্টারটি জীবন রক্ষার পরিবর্তে জীবন্মৃত্যুর কারণ হতে পারে। ঐ একই উপজেলার ব্র্যাক নির্মিত দক্ষিণ চালিতাবুনিয়া মাস্টারবাড়ি সাইক্লোন শেল্টারটি এখনই বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। দ্রুত ব্যবস্থা না নিলে ঐ ভবনে ক্লাসরত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিপদের কারণ হতে পারে।
এছাড়া এমন অনেক চরাঞ্চলীয় জনপদ রয়েছে যেখানে একটিও সাইক্লোন শেল্টার নেই। যেমন রাঙ্গাবালি উপজেলার চরলতা, চরহালিম, চরমাদারবুনিয়া পূর্ব, চরকাশেম, চরহেয়ার, চরকাক্কুনীপাড়া, চরতোফাজ্জল, চরগাণ্ডাদুলা ইত্যাদি।
ঠ. জলোচ্ছ্বাস প্রতিরোধ বাঁধ:গোটা উপকূলীয় অঞ্চলের সর্বত্রই ভেড়িবাঁধ রয়েছে। আইউব আমলে লবণাক্ততা থেকে রক্ষার জন্য এসব ভেড়ি নির্মাণ শুরু হয়। এখনও সেটা অব্যাহত রয়েছে। ফসল রক্ষার বাঁধ আর জলোচ্ছ্বাস প্রতিরোধের বাঁধ এক হতে পারে না। জলোচ্ছ্বাস প্রতিরোধে আমাদের প্রয়োজন নেদারল্যান্ডস স্টাইলে বড় বড় রক্ষা বাঁধ। এগুলোকে ডাইক বলা হয়। টেকনাফ থেকে পূর্বাশা পর্যন্ত বিস্তীর্ণ বিপুল জনপদে ডাইক প্রয়োজন। এজন্য সরকারের তরফ থেকে মহাপরিকল্পনা প্রণীত হওয়া প্রয়োজন। আরও প্রয়োজন বিশাল অঙ্কের অর্থ। সরকার প্রতিবছর ধাপে ধাপে কাজটি করতে পারে। বর্তমান ওয়াপদা ভেড়িবাঁধের উপর দিয়ে ‘ডাইক’ নির্মিত হলে খরচ অনেক কমে আসবে। বর্তমান ওয়াপদা ভেড়িবাঁধ এ ধরনের মহাসেনের আঘাতে ভেঙ্গে যাচ্ছে। জোয়ার বা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের উপদ্রুবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবটুকু শক্ত হাতে দেখাশুনা করার জন্য একটি সহায়ক কর্তৃপক্ষ বা রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান তৈরি করা যেতে পারে।
ড. আশু কর্তব্য:সরকার এ ধরনের দুর্যোগ পরবর্তী সময়ে যথেষ্ট সাহায্য-সহায়তা দিয়ে থাকে। কিন্তু দুঃখের বিষয়, যাদের জন্য সাহায্য তাদের কাছে তা পৌঁছে না। দুর্নীতি, স্বজনপ্রীতি, দলপ্রীতিতে সব নিঃশেষ হয়ে যায়। চরাঞ্চলের দুর্গম এলাকায় পৌঁছানো আর একটি সমস্যা। যারা সাহায্য দিতে যায় তারা কষ্ট করতে চায় না। ঝুঁকি নিতে চায় না। অনেকে প্রচার পেলেই তুষ্ট। এসবের পরিবর্তন হতে হবে।
আশু কর্তব্যের মধ্যে রয়েছে:
১. বিধ্বস্ত ঘরবাড়ি মেরামতের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ।
২. ক্ষতিগ্রস্ত ভেড়িবাঁধগুলো অতিসত্বর মেরামত।
৩. ফসলের ক্ষতি পুষিয়ে দেয়ার জন্য বীজ সরবরাহ।
৪. আগত বর্ষাকালে আমন আবাদের জন্য কৃষকের মধ্যে কলের লাঙ্গল বিতরণ অথবা সহজ কিস্তিতে সরবরাহ।
৫. ব্যাপক বৃক্ষ উত্পাটনের ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য বৃক্ষচারা বিতরণ ও সরবরাহ।
৬. কৃষকের মাঝে নগদ অর্থ ও কৃষিঋণ বিতরণ।
৭. নিরাপদ পানির জন্য পর্যাপ্ত টিউবওয়েল স্থাপন।
৮. মত্স্যচাষ ক্ষেত্র বা ঘের ক্ষতিগ্রস্তের জন্য মাছের পোনা বিতরণ।
৯. ওয়াপদা ভেড়িবাঁধের কারণে জলাবদ্ধতার নিরসন।
১০. ইতিপূর্বে বিতরণকৃত কৃষিঋণ মওকুফের ঘোষণা।
১১. ব্যাপকভাবে বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন। আর স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা হিসেবে ‘ডাইক’ বা বড় বাঁধের দাবি সকলের।
উপকূলীয় অঞ্চলে যোগাযোগ করা হলে জনপ্রতিনিধিরা জানান, এখন (বেলা ২টা, ১৮ মে) পর্যন্ত কোন সরকারি সহায়তা চরাঞ্চলে পৌঁঁছেনি বা কোন সরকারি লোকের সাক্ষাত্ মেলেনি। ‘প্রাণহানি কম হলেই ক্ষয়ক্ষতি কম হয়’ এ ধারণার বিরোধিতা করে ঐ এলাকার একজন প্রাজ্ঞজন অন্তত হেলিকপ্টারে করে হলেও প্রধানমন্ত্রীকে চরাঞ্চলের উপর দিয়ে উড়ে যাওয়ার আবেদন জানান।
লেখক :অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ,
জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়
