রাজধানী ঢাকার অদূরে মুন্সিগঞ্জের বাউশিয়ায় প্রস্তাবিত গার্মেন্টস শিল্প পল্লী স্থাপনে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক বাউশিয়ায় পরিকল্পিত গার্মেন্টস শিল্প পল্লী স্থাপনে আর্থিক ও কারিগরি সহায়তা করবে। শিগগিরই তারা এ বিষয়ে সরকার ও পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র কাছে লিখিত প্রস্তাব দেবে। রবিবার রাজধানীর বিজিএমইএ’তে এ বিষয়ে বিশ্বব্যাংক বিশেষজ্ঞ প্রতিনিধি দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিন সদস্যের বিশ্বব্যাংক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির বেসরকারি খাত বিশেষজ্ঞ মার্টিন নরম্যান। বৈঠক শেষে বিজিএমইএ’র সহ-সভাপতি এস এম মান্নাস কচি ইত্তেফাককে বলেন, বাউশিয়ায় গার্মেন্টস শিল্পপার্ক স্থাপনের ক্ষেত্রে বিশ্বব্যাংকের সহায়তা নিয়ে প্রাথমিক আলাপ হয়েছে। তারা এখানে আর্থিক ও কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছেন। শিগগিরই তারা এ বিষয়ে লিখিত প্রস্তাব দেবেন।
